১০:৩১ পি.এম
কুড়িগ্রামের দাঁতভাঙা সীমান্ত দিয়ে বিএসএফ নতুন করে পুশ ইন এর চেষ্টা করছে বলে জানিয়েছেন ৩৫-বিজিবি জামালপুরের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান।
তিনি বলেছেন, রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় বর্তমানে ৫ জন রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) মানবিক কারণে দুই শিশুসহ তাদের বাবা মা কে সরিয়ে নেয়া হয়। এর আগে, গত ৫ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেছিল দুই অবুঝ শিশুসহ ৯ জন।
আরও পড়ুন: কুমিল্লার ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৯ বছরের শিশুর
স্থানীয়রা জানান, মানবিক কারণে দুই শিশুসহ তাদের বাবা মা কে সরিয়ে নেয়া হয়েছে। এখন তারা শূন্য রেখায় নেই।
সীমান্ত সূত্রে জানা গেছে, উপজেলার গয়টাপাড়া এবং ইজলামারী ভন্দুর চর সীমান্তে দুই শিশু ও এক নারীসহ ৯ জন গত ৫ দিন ধরে পুশ ইন চেষ্টায় শূন্য রেখায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ৪ জন সরানোর পর এখন বাকি ৫ জন রয়েছেন। তারা খাদ্য, পানি সংকটসহ রোদ বৃষ্টিতে একাকার হয়ে দুঃখে রয়েছেন।
বর্তমানে ওই ৫ জনকে কেন্দ্র করে দু'পাড়ের বিজিবি ও বিএসএফ সদস্যরা অনেক সতর্ক অবস্থানে রয়েছেন। একই সাথে তাদের দেখভাল কিছুটা করার চেষ্টা করছেন স্থানীয় বাংলাদেশিরা।
স্থানীয়রা অভিযোগ করেন, বিএসএফ তাদের রাতের অন্ধকারে পুশ ইন করেছে। এখন আর ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে না। আমরা স্থানীয়রা তাদের সামান্য খাবার এবং পানি দেয়ার চেষ্টা করলেও বিএসএফ এর ভয়ে অনেকেই বিঘ্ন ঘটাতে সাহস পান না। এমনকি তাদের অভিযোগ, বিএসএফ কারো সঙ্গে কথাও বলেন না। তারা এ অবস্থার দ্রুত নিষ্পত্তি চান।
আরও পড়ুন: ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান
উল্লেখ্য, গত রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশ ইন এর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন