ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ


রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ

দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ এবং অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে রাজবাড়ীর পাংশায় সশস্ত্র হামলা ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছে অনলাইন এডিটরস সোসাইটি।

বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের একটি দল হামলা চালায়। হামলার সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়। গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক

তারা আরও বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তার পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাদের ভয়ভীতি প্রদর্শনের যেকোনো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অমিত হাসান রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, অনলাইন এডিটরস সোসাইটি সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

আরও পড়ুন: ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে নিষেধ করেছেন: শ্রীলঙ্কার কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


স্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে নিষেধ করেছেন: শ্রীলঙ্কার কোচ

আবদুল্লাহ আল মুতাইরি, শ্রীলঙ্কার কোচ, সাফ ও রেফারিং নিয়ে সমালোচনা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। টুর্নামেন্ট সম্পর্কে তার বিস্ফোরক মন্তব্যের জন্য ডিসিপ্লিনারি কমিটির শোকজও পেয়েছেন তিনি।

এখন মুতাইরি নতুন করে ঝামেলায় পড়তে চান না। সংবাদমাধ্যম থেকে নিজেকে কিভাবে দূরে রাখা যায়, সে বিষয়ে তিনি সম্ভবত স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। স্ত্রীর পরামর্শ অনুযায়ী, বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার কুয়েতি কোচ নিজেকে পুরোপুরি দূরে রাখতে পারলেন না।

স্থানীয় সাংবাদিকদের চাপের মুখে শেষ পর্যন্ত কথা বলতে বাধ্য হলেন মুতাইরি। স্ত্রী কী পরামর্শ দিয়েছিলেন, সেটি রসিকতার সুরে জানালেন তিনি। তার কথায়, "আমার স্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে বারণ করেছেন। আমি সাক্ষাৎকার দেব না। যে স্বামীরা স্ত্রীর কথা শোনে না, তারা জান্নাতে যাবে না।"

বাংলাদেশের সংবাদমাধ্যম সম্পর্কে তার ধারণাও পরিষ্কার। তিনি বললেন, "আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তার অর্থ হলো তার পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা সে রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।"

বাংলাদেশের বিপক্ষে রাতের ম্যাচের লক্ষ্য সম্পর্কে তিনি জানিয়েছেন, "ফুটবলে আমার বিশ্বাসের একটি নিয়ম আছে—জয়ী হও, নয়তো শেষ হয়ে যাও।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জিরো কস্ট বা শূন্য অভিবাসন ব্যয়ে মালেয়শিয়া যাচ্ছেন ১১২ কর্মী। নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের মেডিকেল পরীক্ষা, ভিসা ফি, ইন্স্যুরেন্স এবং বিমান টিকিটসহ সব খরচ বহন করবে।

বোয়েসেল জানাচ্ছে, এই প্রক্রিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও, বর্তমানে ডিমান্ড লেটার এসেছে ৫৫৮ জনের। জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ গ্রহণের ক্ষেত্রে যাতে কোনো ব্যয় করতে না হয়, সেদিকে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিক এবং প্রবাসগামীরা একের পর এক কর্মী পাঠানোর সংখ্যা ও তারিখ ঘোষণা করছেন। সরকারিভাবে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল আগামী মাসের প্রথম সপ্তাহে দেশটিতে শ্রমিক পাঠানোর কাজ এগিয়ে নিচ্ছে। লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ জনের মধ্যে প্রথম ১১২ জন মালয়েশিয়া যাচ্ছেন ডিসেম্বরের শুরুতে।

অন্যদিকে, দালালদের দৌরাত্ম্যের দিকে বিশেষ নজর দেয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের সতর্কতা, অনিয়ম হলে বেসরকারি খাত সুযোগ পাওয়ার আগেই শ্রমবাজারটি ফের বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে বাংলাদেশি টিকটকারের ভিডিও বিতর্ক, ৫০ অভিবাসী ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


গ্রিসে বাংলাদেশি টিকটকারের ভিডিও বিতর্ক, ৫০ অভিবাসী ফেরত

গ্রিস সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস।

ফেরত পাঠানোদের মধ্যে মো. হাসান (২৭) নামের একজন বাংলাদেশি যুবকও রয়েছেন। গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের প্রবেশে উসকানি দেওয়ার জন্য টিকটকে একটি ভিডিও প্রচার করার অপরাধে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় গ্রিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুন মাসে আপলোড করা ওই ভিডিও ক্লিপে হাসানকে বলতে দেখা যায় যে, নাফপ্লিওতে কাজের সুবাদে তাদের অবস্থান বেশ সুবিধাজনক এবং বৈধ কাগজপত্র না থাকলেও অন্যদের সেখানে প্রবেশ করতে কোনো সমস্যা নেই। তিনি এমনকি দাবি করেন যে, দীর্ঘদিন সেখানে থাকার পরও পুলিশ তাদের খুঁজে পাবে না।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক প্রশাসনের নজরে আসে এবং পুলিশ হাসানকে চিহ্নিত করে। এর পর তার পূর্ববর্তী রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

মৌলভীবাজার জেলার বাসিন্দা হাসান বিগত চার-পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করে আসছিলেন। তবে এই বিতর্কিত ভিডিও প্রকাশের পর তাকে গ্রিসের কঠোর অভিবাসন আইন অনুযায়ী এই পরিণতির মুখোমুখি হতে হয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, অবৈধ অভিবাসন ঠেকানোর চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় গ্রিসপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন প্রবাসীদের মতে, সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভে কিছু অসাধু ব্যক্তি গ্রিসে অবৈধভাবে প্রবেশের উপায় নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যা পুরো বাংলাদেশি কমিউনিটির সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮২ বছরের মরিয়ম ১০ বছরে ক্যাসেট শুনে কোরআন মুখস্থ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


৮২ বছরের মরিয়ম ১০ বছরে ক্যাসেট শুনে কোরআন মুখস্থ করেছেন

এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা, যিনি অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করেছেন। পড়তে কিংবা লিখতে না জানলেও, তিনি কেবল শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

মরিয়ম আল-রুমাইমাহ তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠার সময়কাল ছিল এমন, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় তিনি সংসার সামলানো ও কৃষিকাজের মধ্যেই কাটিয়েছেন। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় তিনি পড়তে কিংবা লিখতে শেখার সুযোগ পাননি।

কিন্তু কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় তিনি পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়ে যায়।

মরিয়ম কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

মরিয়মের সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে তিনি ভালোবাসতেন। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে তিনি সেই বাধাও কাটিয়ে ওঠেন।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর তিনি আনন্দে কেঁদে ফেলেন। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার ২১ জন নাতি-নাতনি আছে, যাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক তিনি ধরে রেখেছেন।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%