০২:৩০ পি.এম
প্রতি বছর ২ নভেম্বর তারিখটি শাহরুখ খানের ভক্তদের জন্য অপেক্ষার একটি বিশেষ দিন। প্রিয় তারকার জন্মদিনে মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সামনে হাজারো অনুরাগী ভিড় জমায়। বলিউডের ‘কিং খান’ বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন। কিন্তু এবারে সেই পরিচিত দৃশ্য দেখা যাবে না। শাহরুখ তার ৬১তম জন্মদিনে মুম্বাইয়ের পরিবর্তে লন্ডনে থাকবেন। নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাতে হবে তাকে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শাহরুখ মুম্বাইয়ে একটি নাচের গানের দৃশ্যধারণ সম্পন্ন করেছেন। এরপর ‘কিং’-এর পরবর্তী কাজের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ২ নভেম্বর, জন্মদিনের দিনেই সেখানে সিনেমাটির আরেকটি গানের শুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে এক নজর দেখার সুযোগ ভক্তরা হারাতে পারেন।
গত দুই বছর ধরে ‘মান্নাত’-এর সংস্কার কাজের কারণে শাহরুখ ভক্তদের সঙ্গে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেননি। সেই সময় তিনি মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ মন্দিরে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের আয়োজন করেছিলেন। কিন্তু এবার শুটিংয়ের ব্যস্ততার কারণে জন্মদিনে মুম্বাইয়ে থাকতে পারছেন না বলিউড সুপারস্টার।
আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি
ভক্তদের জন্য রয়েছে সুখবরও
জন্মদিনে প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে না পাওয়ার খবর শুনে ভক্তদের মন খারাপ হলেও, বছরের শেষের দিকে সুখবর আসতে পারে। ‘কিং’ সিনেমার মুক্তির উপলক্ষে শাহরুখ মুম্বাইয়ে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বড় বাজেটের এই অ্যাকশন-থ্রিলারে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ একঝাঁক তারকা।
সবকিছু ঠিক থাকলে সিনেমাটির মুক্তি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে হবে। জন্মদিনে ‘মান্নাত’-এ শাহরুখের দেখা না মিললেও, নতুন সিনেমার মুক্তির আগে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার আশায় থাকবেন ভক্তরা।
আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন