০২:৪৯ পি.এম
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধের জন্য চিকিৎসা বা ওষুধের উপর নির্ভর না করে সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মশার বংশবিস্তার রোধে শহরের সড়কে সাইকেল র্যালি এবং জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’- এই মূলমন্ত্রকে সামনে রেখে বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা তথ্য অফিস, বরগুনার উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটি এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে সাইকেল র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে পৌর এলাকার নাথপট্টি লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, শুধুমাত্র সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন