বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৮ পি.এম
চৌদ্দ শতকের মধ্যভাগে বাংলা তিনটি আলাদা রাজনৈতিক কেন্দ্রে বিভক্ত ছিল—লখনৌতি, সোনারগাঁ ও সাতগাঁও। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ধাপে ধাপে এই তিনটি অঞ্চলকে একত্রিত করে একটি অভিন্ন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। রিচার্ড ইটনের মতে, ইলিয়াস শাহর রাজত্বকালেই বাংলা সালতানাত দিল্লির আধিপত্য থেকে কার্যত মুক্ত হয়ে নিজেদের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলে, যা পরবর্তী দুই শতাব্দী ধরে বাংলার স্বাতন্ত্র্যের ভিত্তি রচনা করে। ক্ষমতা সুসংহত হওয়ার পর ইলিয়াস শাহ সাম্রাজ্যের সীমানা সম্প্রসারণের জন্য সক্রিয় হন। তিনি উত্তরে তিরহুত, উত্তর-পূর্বে কামরূপ এবং সুদূর উত্তরে হিমালয়-সংলগ্ন নেপাল উপত্যকার দিকে দৃষ্টি দেন।
কাঠমান্ডু উপত্যকার রাজনৈতিক পরিস্থিতি ছিল চৌদ্দ শতকের মধ্যভাগে বিভক্ত ও সংঘাতপূর্ণ। ড্যানিয়েল রাইট History of Nepal গ্রন্থে এবং ডি. আর. রেগমি Medieval Nepal গ্রন্থে এ সময়ের অভ্যন্তরীণ কোন্দল ও সিংহাসন-দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। ১৩৪৯ সালে জয়রাজদেব মল্ল সিংহাসনে থাকলেও কার্যকর ক্ষমতার বড় অংশ ছিল দেবলক্ষ্মীদেবী ও প্রভাবশালী অভিজাতদের হাতে। ভোঁটা ও ত্রিপুরা গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতা রাজপরিবারের ক্ষমতার দ্বন্দ্বকে আরো জটিল করে তুলেছিল।
ইলিয়াস শাহর নেপাল অভিযানের পরবর্তী সময়ে জয়স্থিতি মল্ল রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে (১৩৫৪) ক্রমান্বয়ে ক্ষমতাশালী হয়ে ওঠেন এবং ১৩৮২ সালে উপত্যকার ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর কাঠমান্ডু, পাটান ও ভক্তপুর পৃথক রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। পৃথক সেনাবাহিনী ও প্রশাসন পরিচালনাকারী এই রাজ্যগুলোর পক্ষে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা কঠিন ছিল। উপত্যকার এই রাজনৈতিক বিভাজন এবং বাণিজ্যিক সমৃদ্ধি ও মন্দির-কোষাগারের বিপুল সম্পদ ইলিয়াস শাহর অভিযানের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল।
অভিযানের সূচনা
তিরহুতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইলিয়াস শাহ উত্তর দিকে সামরিক অভিযান সম্প্রসারিত করেন। ১৩৫০-৫১ সালের দিকে তিনি নেপালের দিকে অগ্রসর হন। তিরহুত নিয়ন্ত্রণে থাকায় উত্তর বিহারের মধ্য দিয়ে নেপালের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ভিত্তি তার হাতে ছিল। গবেষক S. E. Hussain বলেন, তিনি ইতোমধ্যেই তিরহুত জয় করেছিলেন বলেই সৈন্যবাহিনী নিয়ে এই অঞ্চল অতিক্রম করা তার জন্য কঠিন ছিল না।
প্রথমে বাহিনী তরাই অঞ্চলের ঘনজঙ্গল ও সমতল ভূমি অতিক্রম করে হিমালয়ের পাদদেশে পৌঁছায়। এরপর শুরু হয় অভিযানের কঠিন পর্যায়। দুর্গম পাহাড়ি পথ, চড়াই-উতরাই ও সংকীর্ণ গিরিপথ অতিক্রম করে বাহিনী ধীরে ধীরে হিমালয়ের উপত্যকার দিকে অগ্রসর হয়।
নেপালি রাজারা ধরে নিয়েছিলেন, প্রাকৃতিক দুর্গমতাই তাদের সর্বোত্তম প্রতিরক্ষাব্যূহ। কিন্তু ইলিয়াস শাহর অগ্রবর্তী প্রকৌশলী বাহিনী অসাধারণ দক্ষতার সঙ্গে পথ প্রশস্ত করে অপ্রত্যাশিত দ্রুততায় উপত্যকার প্রবেশদ্বারে পৌঁছে যায়। দুর্গম ভূপ্রকৃতিতে সেনা চলাচলের পরিকল্পনা এবং রসদ সরবরাহের এই সাংগঠনিক সক্ষমতা বাংলা সালতানাতের সামরিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে ইতিহাসবিদদের আলোচনায় স্থান পেয়েছে।
যুদ্ধ ও বিজয়
১৩৪৯ সালের নভেম্বর মাসে বাংলা বাহিনী নেপাল রাজ্যে প্রবেশ করে এবং কোনো বড় প্রতিবন্ধকতা ছাড়াই কাঠমান্ডু উপত্যকায় আঘাত হানে। যুদ্ধের প্রথম পর্যায়ে নেপালি মল্ল রাজাদের স্থানীয় বাহিনী সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু ইলিয়াস শাহর সুশৃঙ্খল পদাতিক ও দক্ষ ধনুর্ধর বাহিনীর মোকাবিলায় তারা পরাজিত হয়।
সুলতান প্রথমে স্বয়ম্ভূনাথ ও পশুপতিনাথ মন্দির সংলগ্ন এলাকাগুলোতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই দুটি স্থান উপত্যকার ধর্মীয় ও অর্থনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। ফলে সেখানে আধিপত্য প্রতিষ্ঠা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। এরপর ইলিয়াস শাহর বাহিনী টানা এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত কাঠমান্ডু, পাটান ও ভক্তপুর, এই তিন নগরীতে অবস্থান করে এবং সেখানে নিজেদের কর্তৃত্ব সুদৃঢ় করে।
অভিযানের কৌশলগত চরিত্র
লক্ষণীয় বিষয় হলো, এই অভিযানের মূল উদ্দেশ্য স্থায়ী রাজ্যবিস্তার ছিল না, বরং রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠা, সীমান্ত সুরক্ষা এবং সম্পদ আহরণ ছিল। মুহাম্মদ মোহর আলী তার গবেষণায় দেখিয়েছেন, ইলিয়াস শাহর অভিযানগুলো সাধারণত ‘আক্রমণ ও প্রত্যাবর্তন’ (raid-and-return) নীতি অনুসরণ করত। দূরবর্তী ও দুর্গম অঞ্চলে ব্যয়বহুল স্থায়ী প্রশাসন প্রতিষ্ঠার পরিবর্তে প্রতিপক্ষকে বশ্যতা স্বীকারে বাধ্য করাই ছিল মূল লক্ষ্য। নেপাল অভিযানেও এই একই কৌশল প্রয়োগ করা হয়।
শহরের মূল অর্থনৈতিক ও রাজকীয় কোষাগার থেকে বিপুল পরিমাণ সোনা, রুপা, রত্ন ও মূল্যবান অলংকার সংগ্রহ করা হয়। স্বয়ম্ভূনাথ স্তূপ এবং পশুপতিনাথ মন্দিরের স্বর্ণচূড়া ও মূল্যবান ধাতব কাঠামো এই সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত হয় ও খুলে নেওয়া হয়। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী মল্ল রাজারা আত্মসমর্পণ করে বিপুল পরিমাণ কর প্রদানে বাধ্য হন।
প্রত্যাবর্তন ও প্রশাসনিক দূরদর্শিতা
মূল লক্ষ্য অর্জিত হওয়ার পর এবং শীতের তীব্রতা বৃদ্ধির আগেই ইলিয়াস শাহ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বাংলায় ফিরে আসেন। দুর্গম পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে সেনা মোতায়েন রেখে অহেতুক শক্তিক্ষয়ের পরিবর্তে তিনি নেপালি রাজাদের ওপর বাংলার রাজনৈতিক প্রাধান্য নিশ্চিত করাকেই যথেষ্ট মনে করেছিলেন। এটি তার প্রশাসনিক বাস্তববোধ ও কৌশলগত সংযমের পরিচায়ক। গোলাম হোসেন সলীমের রিয়াজুস সালাতিন গ্রন্থে ইলিয়াস শাহকে এমন এক শাসক হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি তিরহুত, ওড়িশা ও কামরূপ পর্যন্ত অভিযানের বিস্তার ঘটিয়েছিলেন। এই অভিযান নিঃসন্দেহে বাংলা-হিমালয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহর নেপাল অভিযান শুধুমাত্র একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়। এটি চৌদ্দ শতকের বাংলা সালতানাতের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সাংগঠনিক সক্ষমতা ও প্রশাসনিক দূরদর্শিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। হিমালয়ের দুর্গম প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলার সীমান্তকে পাহাড়ের পাদদেশ পর্যন্ত সম্প্রসারিত করার এই প্রয়াস প্রমাণ করে যে ইলিয়াস শাহ কেবল একজন স্থানীয় শাসক ছিলেন না, বরং এক দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন; যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাংলার প্রচলিত সীমার বাইরেও বিস্তৃত ছিল। আধুনিক ইতিহাসচর্চায় এই অধ্যায়টি এখনো পর্যাপ্ত গবেষণার দাবি রাখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুধু ৭ বছর বয়স। এই বয়সে সাধারণত মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা। কিন্তু ফ্রান্সের একটি শিশুকে একা একটি ফ্ল্যাটে জীবন কাটাতে হয়েছে। ২০২০ সালে, নেরসাক শহরের একটি ফ্ল্যাটে শিশুটিকে রেখে তার মা প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর (বয়ফ্রেন্ড) সঙ্গে বসবাস শুরু করেন। এরপর টানা দুই বছর একা থাকতে হয় শিশুটিকে।
শিশুটির প্রতিদিনের জীবন ছিল বিস্কুট, কেক এবং ঠান্ডা কৌটাজাত খাবার খেয়ে। কখনো কখনো খাবারের জন্য পাশের বাসার টমেটো চুরি করত সে। ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ, গরম পানি এবং ঘর গরম রাখার ব্যবস্থা ছিল না। শীতের রাতে কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো তাকে। যদিও মা মাঝে মাঝে এসে খোঁজ নিতেন, বেশিরভাগ সময় তাকে একা কাটাতে হতো।
অবাক করার মতো বিষয় হলো, এত কষ্টের মধ্যেও শিশুটির পড়াশোনা থেমে থাকেনি। প্রতিদিন সে নিজেই স্কুলে যেত। স্কুলে সে পরিচ্ছন্ন, ভদ্র এবং ভালো ফল করা শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল। ফলে তার নিঃসঙ্গ জীবনের কথা শিক্ষকরা বুঝতেই পারেননি।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহের কারণে এই ঘটনা সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে যোগসূত্র খুঁজে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।
এই ঘটনায় সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের সাও পাওলোর ৬৮ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত নারী জিমিনের ছদ্মবেশে প্রতারণার শিকার হয়েছেন। কে-পপ তারকা ও বিটিএসের সদস্য হিসেবে পরিচিত জিমিনের নাম ব্যবহার করে ওই নারীর কাছ থেকে প্রায় ৩ লাখ রেইস হাতিয়ে নেওয়া হয়েছে, যা প্রায় ৫২ থেকে ৫৬ হাজার মার্কিন ডলারের সমান। এই প্রতারণার ঘটনা চার মাস ধরে চলছিল এবং সাও পাওলোর সিভিল পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারকটি প্রায় চার মাস ধরে ভুক্তভোগী নারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। বিভিন্ন স্নেহপূর্ণ বার্তা পাঠিয়ে তার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। এক পর্যায়ে ওই নারীর জন্য দামি উপহার পাঠানোর কথা বলা হয়। তবে অভিযোগ করা হয়েছে যে, ওই উপহারগুলো ব্রাজিলের কাস্টমস বা শুল্ক বিভাগে আটকে আছে—এই অজুহাতে বারবার টাকা আদায় করা হয়। প্রতারকদের চাহিদা মেটাতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হন ওই নারী।
বর্তমানে সাও পাওলোর সিভিল পুলিশ এই চক্রটিকে শনাক্ত করতে এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে জোরেশোরে তদন্ত চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর একটি সেতুর অভাবের কারণে ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছে। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন। জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপি এবং বিভিন্ন সরকারি দপ্তরে ২৬ বছর ধরে ধরনা দিয়েও কাঙ্ক্ষিত সেতু মেলেনি। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই তাদের নদী পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে স্থানীয়রা নিজেদের অর্থায়নে নির্মিত একটি বাঁশের সাঁকো ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার করছেন। শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী, শিশু, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সাঁকো দিয়ে পার হচ্ছেন। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। অনেক সময় স্রোতের তোড়ে সাঁকো ভেঙে গেলে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন নদী পারাপারে বিকল্প পথে ঘুরে যেতে হয় প্রায় এক ঘণ্টার পথ।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি একটি দীর্ঘ সাঁকো রয়েছে। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনো রকমে দাঁড় করানো হয়েছে। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, কোথাও আবার সাঁকোর কাঠামো নড়বড়ে। সাঁকোটির চারপাশে নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। অথচ প্রতিদিন বাধ্য হয়ে স্থানীয়রা এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন।
সেতু না থাকার কারণে নদীর দুই পাড়ে আলাদা যানবাহন ব্যবস্থা গড়ে উঠেছে। এক পাড়ে এসে যাত্রীদের গাড়ি থেকে নামতে হয়। এরপর বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে গিয়ে আবার ভিন্ন গাড়িতে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এভাবে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর। বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে এই দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম ভাদেশ্বর, কসবা করিমপুর, গোলগাঁও, কামারগাঁও, সাতানীগাঁও, তকিয়া, ফকিরবাড়ি, সুন্দ্রটিকি তালুগাঁও ও টিলাবাড়িসহ ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর এক পাশে বসতি, অন্য পাশে বিস্তীর্ণ কৃষিজমি রয়েছে। সেতু না থাকায় কৃষকদের জমিতে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতেও নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, প্রতিবছর নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকোটি নির্মাণ ও মেরামত করতে হয়। পাহাড়ি ঢল কিংবা নদীর স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে আবারও টাকা সংগ্রহ করে নতুন করে তৈরি করতে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নদী পার হতে গিয়ে দুর্ঘটনায় কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, "প্রায় ২৬ বছর ধরে আমরা এই সেতুর জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন জানিয়েছি। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেবের কাছেও আমরা আবেদন দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি। একটি সেতু হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতো।"
স্থানীয় বাসিন্দা হাজী মোবারক আলী বলেন, "বর্ষা মৌসুমে নদীতে অনেক পানি হয়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের পারাপার করতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমাদের দাবি, এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।"
সাবেক ইউপি সদস্য আক্কাস আলী বলেন, "আমাদের পূর্বপুরুষরাও এই নদীর ওপর সেতু নির্মাণের জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। একটি সেতু নির্মিত হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে।"
বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ বলেন, "দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর জন্য চেষ্টা করছেন। বাহুবল সদর থেকে মাত্র দুই-তিন কিলোমিটার দূরত্বের একটি এলাকায় হাজার হাজার মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি সেতুর অভাবে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কৃষক—সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এখানে দ্রুত সেতু নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে বাহুবল উপজেলা প্রকৌশলী সঞ্জিত ঘোষ বলেন, "করাঙ্গী নদীর ওপর প্রস্তাবিত ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি অনুমোদনের জন্য এলজিইডি হবিগঞ্জের মাধ্যমে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পে পাঠানো হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।"
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সেতুটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তাদের মতে, করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে ৯ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে, দুই পাড়ের যানবাহনের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে করাঙ্গী নদীর ওপর একটি সেতু নির্মাণই এখন ৯ গ্রামের মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর প্রশ্ন, আর কত দিন বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঘুরি সালতানাতের সেনাপতি ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে নবদ্বীপে লক্ষ্মণ সেনকে পরাজিত করেন এবং সেন রাজাকে বাংলার দক্ষিণে আরো অভ্যন্তরে পালাতে বাধ্য করেন। লক্ষ্মণ সেন ১২০৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। আনুমানিক ১২৭২ খ্রিষ্টাব্দে টিকে থাকা সেন বংশের হাত থেকে পূর্ববঙ্গ বিজয় সম্পন্ন করেন সুলতান মুগিসুদ্দিন তুঘরিল। তবে মুসলিম শাসকদের মধ্যে যিনি এই বদ্বীপের সব অঞ্চল—গৌড়, বরেন্দ্র, সাতগাঁও, সমতট, হরিকেল ও বঙ্গ একক প্রশাসনিক কর্তৃত্বের অধীনে আনতে সক্ষম হন, তিনি হলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ১৩৫২ খ্রিষ্টাব্দে সোনারগাঁ দখল করে তিনি বাংলার সব অংশকে একক ও অখণ্ড প্রশাসনিক কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ করেন এবং ‘সুলতানে বাঙ্গালা’ উপাধি গ্রহণ করেন। পরবর্তী দুই শতকে বাংলার সুলতানরা নিজেদের ক্ষমতা সুসংহত করেন এবং চীনসহ উপমহাদেশের বাইরের বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বিখ্যাত বই ‘ডিসকভারি অব ইন্ডিয়া’তে কিংবদন্তিতুল্য সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের এক উত্তরসূরির চীনা সম্রাটকে উপহার পাঠানোর একটি মজার উপাখ্যান বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলা তখন দিল্লির আধিপত্য ঝেড়ে ফেলে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে চীনের রাজা হু-শিয়েন ও ফিন-শিয়েন নামে দুজন রাজদূতকে বাংলার সুলতানের কাছে পাঠান। এর ফলে সুলতান গিয়াসউদ্দিনের শাসনকালে বাংলা থেকে চীনে একের পর এক রাজদূত প্রেরিত হতে থাকে। তখন ছিল চীনে মিং সম্রাটদের যুগ। পরবর্তী দূতদলগুলোর একটি, ১৪১৪ সালে সাইফুদ্দিনের পাঠানো দলটি, বহু মূল্যবান উপহার নিয়ে চীনে গিয়েছিল। তার মধ্যে ছিল একটি জীবন্ত জিরাফ। জিরাফ কীভাবে ভারতে পৌঁছাল, তা এক রহস্য; সম্ভবত আফ্রিকা থেকে উপহার হিসেবে এসেছিল এবং বিরল বস্তু হিসেবে কদর পাবে ভেবে মিং সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম সুলতানরা পবিত্র মক্কা ও মদিনার অধিবাসীদের কাছে নিয়মিত উপহার পাঠাতেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পবিত্র নগরী দুটিতে দুটি মাদরাসা নির্মাণ করিয়েছিলেন। তৎকালীন বাংলার সুফিদের প্রতিও সুলতানের গভীর শ্রদ্ধা ছিল। বলা হয়, তিনি এবং বিখ্যাত সাধক শায়খ নূর কুতুব আলম আরেক শ্রদ্ধেয় সাধক শায়খ হামিদউদ্দিনের কাছে একসঙ্গে পড়াশোনা করেছিলেন। মুসলিম সুলতানরা আরবি, ফারসি, বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগী এবং পৃষ্ঠপোষক ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নিজেও একজন খ্যাতিমান কবি ছিলেন। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী, সুলতান তার রচিত একটি ফারসি দ্বিপদী কবিতা সম্পূর্ণ করে দেওয়ার অনুরোধ জানিয়ে বিখ্যাত পারস্য কবি হাফিজের কাছে বার্তা পাঠিয়েছিলেন। তিনি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। হাফিজ কবিতাটি সম্পূর্ণ করে দিলেও পারস্য থেকে এত দূরের দেশে আসতে পারেননি।
বাংলা ভাষার বিকাশও বহুলাংশে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার কাছে ঋণী। মুসলিমদের আগমনের আগে কঠোর ব্রাহ্মণ্য সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অধীনে কথ্য ভাষায় সাহিত্য রচনার কোনো সুযোগ ছিল না। প্রাচীনকালে আর্যরা সাধারণত গঙ্গা নদীর পূর্বতীর ছাড়িয়ে আরো আগে অবস্থিত বদ্বীপের অধিবাসীদের অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখত। ড. নীহাররঞ্জন রায় বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃত করে বলেছেন, আর্যরা বঙ্গ, পুণ্ড্র ও মগধের মানুষকে বর্বর মনে করত। সেন শাসকরা ছিল আর্য ধর্ম ও রীতিনীতির চরমপন্থি অনুসারী। কর্ণাটকের ক্ষত্রিয় সেন রাজারা শুধু সংস্কৃতেরই পৃষ্ঠপোষকতা করেননি, শিক্ষা, ধর্ম ও রাজদরবারে কথ্য ভাষার ব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতরা ঘোষণা করেছিলেন, হিন্দু ধর্মীয় ও পৌরাণিক গ্রন্থ বাংলায় লেখা বা পড়া অশালীন। মুসলিম বিজয়ের ফলে স্থানীয় মানুষ জ্ঞানের ওপর ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার থেকে মুক্তি পায়। স্বাধীন বাংলার সুলতানি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেষ পর্যন্ত ব্রাহ্মণদের আরোপিত শৃঙ্খল ভেঙে যায়। বাংলার সুলতানরা বাংলাভাষী না হলেও কথ্যভাষায় সাহিত্যচর্চার সক্রিয় পৃষ্ঠপোষকতা করেছিলেন। বাংলা লোকসাহিত্য গবেষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনেশচন্দ্র সেন ১৮৯৬ সালে লিখেছিলেন, ‘বাংলা ভাষা কীভাবে এমন সমৃদ্ধ রাজদরবারে প্রবেশ করতে পারল? ব্রাহ্মণরা যে এই ভাষাকে সম্পূর্ণ অবজ্ঞার চোখে দেখতেন, তা আগেই বলা হয়েছে। এমন পরিস্থিতিতে তারা হঠাৎ এই ভাষার প্রতি সদয় হয়ে উঠলেন কেন? আমরা বিশ্বাস করি, বাংলায় মুসলিম বিজয়ই বাংলা ভাষার সৌভাগ্যের কারণ। মধ্য এশিয়া বা অন্যান্য স্থান থেকে আগত মুসলিমরা এ দেশে আসার পর বাঙালি হয়ে গেলেন। তারা হিন্দু প্রজাদের পাশাপাশি বসবাস করতে শুরু করলেন। মুসলিমদের মসজিদের পাশেই বাজল হিন্দু মন্দিরের ঘণ্টা। পূজা, রাস ও হোলির মতো হিন্দু উৎসবের পাশাপাশি পালিত হলো মহরম ও ঈদ।
আরেকজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী সুকুমার সেন বাংলা ভাষার বর্তমান রূপে বিবর্তনের প্রধান কারণ হিসেবে মুসলিম প্রভাবকে চিহ্নিত করেছেন। গোলাম মুরশিদ তার ‘হাজার বছরের বাংলা সংস্কৃতি’ গ্রন্থে লিখেছেন, ‘যে যুগে রামায়ণ, মহাভারত ও আঠারো পুরাণ কথ্যভাষায় পড়া বা শোনা গুরুতর পাপ বলে গণ্য হতো, সেই যুগে সুলতানদের ‘আশীর্বাদ’ ছাড়া ওই কবিরা সেসব কাহিনি বাংলায় অনুবাদ করার সাহস পেতেন কি না, সন্দেহ। তারা যে তৎকালীন শাসকদের কাছ থেকে প্রবল উৎসাহ পেয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। বস্তুত সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ