শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫২ পি.এম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত দেশের প্রধান সাংবাদিক সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাবে গত ২০ বছর ধরে প্রধান বাবুর্চি (চিফ শেফ) হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মাদারীপুর জেলার এক প্রবাসী। প্রায় চার হাজার সদস্যের এই প্রেস ক্লাব ছাড়াও পাকিস্তানের অধিকাংশ প্রেস ক্লাবের শীর্ষ নেতাদের কাছে তিনি একটি পরিচিত ও প্রিয় মুখ।
শুক্রবার ইসলামাবাদ ন্যাশনাল প্রেস ক্লাবে "আমার দেশের" সঙ্গে কথা বলেন মাদারীপুরের এই প্রবাসী।
সাক্ষাৎকারে তিনি জানান, তার জন্মস্থান মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। ১৯৬৮ সালে তার জন্ম হয়। সেই সময় তাদের পরিবার ঢাকা ও পাকিস্তানের করাচি—এই দুই জায়গায় যাতায়াত ও বসবাস করত। পরবর্তীতে তিনি করাচি থেকে ইসলামাবাদে চলে আসেন।
নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "ইসলামাবাদ ন্যাশনাল প্রেস ক্লাবে আমার ২০ বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।" তিনি উল্লেখ করেন, আগে এটি রাওয়ালপিন্ডিতে ক্যাম্পাস অফিস হিসেবে ছিল, ২০০৮ সালের দিকে ইসলামাবাদে মূল ন্যাশনাল প্রেস ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি জানান, "আমাদের এই প্রেস ক্লাবে প্রায় ৪ হাজার সদস্য আছেন। পাকিস্তানের যতটি প্রেস ক্লাব আছে, সব প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির (এক্সিকিউটিভ বডি) সবাই আমাকে চেনেন। আলহামদুলিল্লাহ, তারা আমাকে অনেক আদর করেন এবং সব ধরনের সহযোগিতা করেন।"
ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা উল্লেখ করে তিনি জানান, ইসলামাবাদে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি ভালো আছেন। তার সব সন্তানই স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করেছেন। এ ছাড়া মাদারীপুরের গ্রামের বাড়িতে তার বড় ভাই, ছোট ভাইসহ পরিবারের অন্যান্য আত্মীয়স্বজনরা বসবাস করেন।
নাড়ির টানের কথা স্মরণ করে তিনি জানান, এর আগে তিনি তিনবার বাংলাদেশে গিয়েছেন। সর্বশেষ ২০০০ সালে তিনি দেশে বেড়াতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে প্রবাসে দেশের মুখ উজ্জ্বল করে চলা এই বাংলাদেশি ভবিষ্যতে আবারও জন্মভূমি বাংলাদেশে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকার একটি গ্যারেজে দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়ার ফলে সেখানে রাখা একটি বাস সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দরগা খানকা শরীফের মোড়ের রাজ্জাকের গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, তাদের আসার আগেই বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
এদিকে, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম আতিফ এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটিতে আগুন দিয়েছে।" তবে, পুলিশ এখনও নিশ্চিত নয় যে, এ ঘটনার পিছনে আসলে কারা রয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ধারণা করা হচ্ছে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না। এমনকি ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় ডাকা হয়েছে। তিনি আসলে থানায় মামলা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) মহাসচিব ইয়ান এগেলান্ড সতর্ক করেছেন যে, ইয়েমেনে তীব্র অপুষ্টির কারণে শিশুরা ইতিমধ্যে মারা যাচ্ছে। মানবিক বিপর্যয় দেশটিতে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।
তিনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন যে, ইয়েমেনে ভয়াবহ মানবিক চাহিদার চিত্র তিনি দেখেছেন, যা অধিকাংশ ক্ষেত্রেই কোনোভাবে পূরণ হচ্ছে না।
এগেলান্ড জানান, হুতিদের নিয়ন্ত্রণাধীন উত্তর ইয়েমেনে কয়েক বছর আগে শতাধিক মানবিক সহায়তা সংস্থা কাজ করত। বর্তমানে সেখানে সক্রিয় সংস্থার সংখ্যা কমে মাত্র ১০ থেকে ১৪টিতে দাঁড়িয়েছে।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য অনেক স্থানে পর্যাপ্ত চিকিৎসাকেন্দ্রের অভাব রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, মানবিক সহায়তাকর্মী হিসেবে ৪০ বছরের অভিজ্ঞতায় এত বিপুলসংখ্যক মানুষের তীব্র প্রয়োজন মেটাতে এত কমসংখ্যক সহায়তা সংস্থাকে কাজ করতে দেখেননি।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমানে ইয়েমেনে ২ কোটি ৩১ লাখ মানুষ জীবন রক্ষাকারী মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ৫ ডিসেম্বর বগুড়ায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দলের সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
এছাড়া, বগুড়ায় দ্রুত ডোমেস্টিক (অভ্যন্তরীণ) বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত ও নির্দেশনা পাওয়া গেছে বলে জানান বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
এ সময় বগুড়ার সার্বিক উন্নয়ন, বিমানবন্দর, বগুড়া বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রীর সফরসূচি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে রেজাউল করিম বাদশা জানান, আন্তর্জাতিক বিমানবন্দর একটি সময়সাপেক্ষ বিষয় হওয়ায় আপাতত বগুড়ায় ডোমেস্টিক ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়ে বেসরকারি বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ডোমেস্টিক বিমানবন্দর চালুর নির্দেশনা দিয়েছেন। রানওয়ে কিছুটা সম্প্রসারণ ও টার্মিনালসংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ে এটি চালু করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে তিনি বলেন, আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ফিজিবিলিটি যাচাই করে পূর্ব দিকে তিনটি স্থান দেখা হয়েছে। শহর থেকে কিছুটা দূরে হলেও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় রেখে এই তিনটির মধ্য থেকে প্রধানমন্ত্রী যে স্থানে সম্মতি দেবেন, সেখানেই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শুরু হবে।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য রূপরেখা তুলে ধরে এই সংসদ সদস্য জানান, মোকামতলায় ঘোষিত পৌরসভা উদ্বোধনসহ সংশ্লিষ্ট বিষয়ে কর্মসূচি এবং সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হতে পারে। এ ছাড়া করতোয়া নদী খননকাজ ও জনসভার বিষয় রয়েছে। দিনের শেষে মাগরিবের পর শহরের শহীদ টিটু মিলনায়তন হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে রেজাউল করিম বাদশা জানান, একটি আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবনের জন্য পুরাতন সিও (উপজেলা) অফিস এলাকায় জায়গা মোটামুটি চূড়ান্ত হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। পাশাপাশি একটি ইনস্টিটিউটের ভবনের জন্য প্রায় এক একর জমি দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে। এ ছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখা বগুড়ায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফিজিবিলিটি ও জমি পরিদর্শনের জন্য বগুড়ায় আসবেন।
ব্রিফিংয়ের শেষে বগুড়ার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রেজাউল করিম বাদশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক আজ জুমার খুতবা পূর্ব বয়ানে উল্লেখ করেন, মু’মিনদের জন্য দুনিয়া ও আখেরাতের বিষয়ে সচেতনতার গুণাবলি অর্জন করা আবশ্যক। প্রতিটি পরিবারের সদস্যদের ফরজের এলেম শিক্ষা গ্রহণ করা উচিত। রাসূল (সা.) প্রতিবেশীর কাছ থেকে ফরজ এলেম গ্রহণের জন্য তাগিদ প্রদান করেছেন। আধুনিকতার দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের গাফেল হওয়া উচিত নয়। রাসূল (সা.) প্রতিবেশীর হক আদায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
খতিব আরও বলেন, পবিত্র কুরআনের ৬৩ নং সূরায় আল্লাহ তার রাসূল (সা.) কে উদ্দেশ্য করে বলেন, "তাদেরকে দেখলে আপনার অনেক পছন্দ হবে।" শুধুমাত্র কথার আকর্ষণ বা চেহারার সৌন্দর্য হক হওয়ার প্রমাণ নয়; এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। খতিব বলেন, ফাসেক ব্যক্তির কথা যাচাই করা জরুরি। যাচাইয়ের পূর্বে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রত্যেক বিষয়ে সংযমী হতে হবে। দ্বীন শরীয়তের আলোকে সংবাদপত্রগুলো যদি খবর প্রচার করে, তাহলে গণমাধ্যম সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খতিব বলেন, একজন মু’মিন একই ভুলে বার বার পা দিতে পারেন না। উদাসীনতা মুসলমানের জন্য কাম্য নয়। প্রত্যেক মু’মিনকে বহুমুখী সচেতনতার অধিকারী হতে হবে।
ঢাকার মোহাম্মদপুরস্থ শ্যামলী শাহী মসজিদের খতিব ড. মুফতি মোরশেদ আলম সালেহী আজ জুমার খুতবা পূর্ব বয়ানে বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায়বিচারের ধর্ম। প্রকৃত মুসলিম কখনো সমাজে বিশৃঙ্খলা, সহিংসতা, হানাহানি ও বিপর্যয় সৃষ্টি করতে পারে না। মানুষের জানমাল, ইজ্জত-সম্মান ও নিরাপত্তা রক্ষা করা ইসলামের অন্যতম শিক্ষা।
খতিব বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম।" (সূরা আলে ইমরান:১৯) আল্লাহ তা’আলা আরও বলেন, "আর তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তা সংশোধিত হওয়ার পর।" (সূরা আল-আ’রাফ: ৫৬)। অন্যত্র আল্লাহ বলেন, "যখন তাদের বলা হয়, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। সাবধান! নিশ্চয়ই তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।" (সূরা আল-বাকারা: ১১-১২)। ইসলাম নিরপরাধ মানুষ হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ বলেন, "যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।" (সূরা আল-মায়িদাহ: ৩২)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।" (সহিহ বুখারি: ১০; সহিহ মুসলিম: ৪০)। সমাজে মতপার্থক্য ও বিরোধ থাকতেই পারে, কিন্তু তা যেন সংঘাত, প্রতিশোধ ও রক্তপাতে রূপ না নেয়। পবিত্র কুরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, "মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও।" (সূরা আল-হুজুরাত: ১০)। বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের প্রতি আনুগত্য প্রতিষ্ঠা করতে হবে। গুজব, অপপ্রচার, প্রতিহিংসা ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করতে হবে। মনে রাখতে হবে, শক্তিশালী হওয়া মানে অন্যকে আঘাত করা নয়; বরং অন্যায় করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখা। যে ব্যক্তি মানুষের জন্য নিরাপত্তা ও কল্যাণের কারণ হয়, সেই প্রকৃত মুসলিম। অতএব, বিশৃঙ্খলা নয়, শান্তি; প্রতিশোধ নয়, ক্ষমা; বিভেদ নয়, সম্প্রীতি—এটাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ