ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়লেন হাসান মাহমুদ


দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়লেন হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের পেস বোলিংয়ে সম্প্রতি হাসান মাহমুদ অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রতিপক্ষের পরিচয় যাই হোক, দেশের মাটিতে কিংবা বিদেশে, এই ডানহাতি পেসার নিয়মিত সাফল্য অর্জন করছেন। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে তিনি চার উইকেট নিয়ে দলের সেরা পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তবে, বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে হাসানকে পাচ্ছে না। ডান কনুইয়ের চোটের কারণে তিনি চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়েছেন। রবিবার তিনি দেশে ফিরবেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট এবং পরবর্তী সাদা বলের সিরিজে হাসানকে দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হাসান পরবর্তী সিরিজগুলোর জন্য প্রস্তুতির লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। জোহানেসবার্গ টেস্টে তিনি তেমন স্বস্তিতে ছিলেন না। কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করার পর কপালে আঘাত পেলেও, তিনি খেলা চালিয়ে যান। পরে টেনিস এলবোর পুরনো ব্যথা আবার শুরু হয়। টেস্ট চলাকালীন বেশ কয়েকবার মাঠে ফিজিওর কাছ থেকে চিকিৎসা নেন হাসান এবং একবার মাঠও ছেড়ে যান। বর্তমানে দেশে ফিরে ডাক্তার দেখানোর পর প্রয়োজনে তাঁকে বিদেশেও পাঠানো হতে পারে।

আরও পড়ুন: ৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ এম


৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান

পাকিস্তান শেষ কবে টেস্ট সিরিজ জিতেছিল? দিন-তারিখের হিসাব বের করতে হলে ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে বেশ কিছুক্ষণ। এক নয়, দুই নয়—৭৫৫ দিন আগে সর্বশেষ লাল বলের সিরিজ জিতেছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের দখলে নিয়েছিল তারা। সেই একই ভেন্যুতে গতকাল শুক্রবার শ্রীলঙ্কাকে আট উইকেটের ব্যবধানে হারিয়ে ফের সিরিজ জয়ের স্বাদ গ্রহণ করল পাকিস্তান।

দুই বছর আগে ইংল্যান্ডকে পরাজিত করার পর পাকিস্তান ছয়টি টেস্ট সিরিজে অংশগ্রহণ করে, যার মধ্যে তিনটি ড্র এবং তিনটিতে পরাজিত হয়েছে। এর মধ্যে সর্বশেষ ইংল্যান্ড সফরে ইংলিশদের মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশের সম্মুখীন হয়েছিল তারা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে রানবন্যার প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৯৮ রানে গুটিয়ে গেলে সাড়ে ৭০০ দিন পর লাল বলের সিরিজ জেতার স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান।

পাকিস্তানি ব্যাটারদের অসাধারণ নৈপুণ্যে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩২৫ রান তোলে বাবরের দল। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা কিছুটা ঘুরে দাঁড়ালেও পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। চতুর্থ দিনের সকালের সেশনে মাত্র দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্য অর্জন করে স্বাগতিকরা। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। ক্রিকইনফো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে টিউমার কমছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ এম


অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে টিউমার কমছে

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেখানে পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে টিউমার উধাও হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা। নতুন একটি ওষুধের পরীক্ষায় দেখা গেছে, দৈনিক সেবনে কিছু রোগীর টিউমার ছোট হয়ে এসেছে এবং কিছু ক্ষেত্রে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি।

‘ড্যারাক্সনরাসিব’ নামের এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে, এমন ৬১ জন রোগী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রায় ১২ শতাংশের ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি থেমে গেছে, অন্যদিকে ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন যে, এই ওষুধ কতদিন ক্যানসারের অগ্রগতি রোধ করতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। এটিকে ক্যানসারের নিরাময় হিসেবেও দেখা উচিত নয়।

কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি

ক্যানসার রিসার্চ ইউকে এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছে।

সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে জানান, গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, নতুন ওষুধটি এমন একটি সমস্যার সমাধানের পথ দেখিয়েছে, যা এতদিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব ছিল। তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তা দেখা যাচ্ছে।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা অত্যন্ত কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপিতে টিউমারের আকার কিছুটা কমলেও প্রায়ই আবার ক্যানসারের বিস্তার শুরু হয়। রোগের অগ্রসর পর্যায়ে আক্রান্ত অধিকাংশ রোগী বছরের বদলে কয়েক মাস বেঁচে থাকেন।

নতুন চিকিৎসাটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে, এমন আশা করছেন চিকিৎসকেরা।

গবেষণায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কারও শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে রোগটি কতদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

কীভাবে কাজ করে ওষুধটি?

ড্যারাক্সনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ক্যানসারবিরোধী ওষুধ। এটি আরএএস নামের নির্দিষ্ট জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এই পরিবর্তন পাওয়া যায়, যা টিউমারের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে।

ওষুধটি এসব পরিবর্তনের কার্যক্রম বন্ধ করে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারে একই ধরনের জিনগত পরিবর্তন দেখা যায়। ফলে ভবিষ্যতে এসব ক্যানসারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। টিউমারের ওপর ওষুধটির প্রভাব বাড়ার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এর ফলে রোগীদের বেঁচে থাকার সময় বাড়তে পারে।

সম্মেলনের সভাপতি অধ্যাপক এলেনা গারালদা বলেন, নতুন এই সম্মিলিত চিকিৎসা রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময় বাড়ানোর পাশাপাশি টিউমারের পুনরায় বৃদ্ধি শুরু হওয়ার আগের সময়ও দীর্ঘায়িত করতে পারে।

তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, স্ক্যানে ক্যানসারের অস্তিত্ব দেখা না গেলেও রোগী পুরোপুরি ক্যানসারমুক্ত হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ জন্য দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও আরও গবেষণা জরুরি।

সূত্র:বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ এম


সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর বিএনপির নেতাকর্মীরা বাজারে বিক্ষোভ মিছিল করেন।

সেলবরস ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানিয়েছেন, বাজারের পাহারাদারদের কাছ থেকে তারা জানতে পেরেছেন যে, মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে দ্রুত কার্যালয়ে আগুন ধরিয়ে চলে যায়।

জুলফিকার আলী ভুট্টু এ ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের জড়িত থাকার দাবি করেছেন। তিনি বলেন, "অগ্নিকাণ্ডের পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।"

সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের কারণে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ এম


মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রলারটি সাগরপথে ভেসে আসার পর উদ্ধার অভিযান শুরু হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গারাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, তিনি এক দালালের সঙ্গে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন। চারদিন আগে ট্রলারে করে তাঁদের যাত্রা শুরু হয়। ট্রলার ছাড়ার পর থেকেই দালালরা তাঁদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে, টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমনও রয়েছেন। তাঁর বাবা জানান, গত বুধবার (১৮ নভেম্বর) থেকে ইমন নিখোঁজ ছিল। তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পাচারকারীদের একটি কল আসে তাঁর মোবাইল ফোনে, যেখানে ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ট্রলারটি তীরে পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ আছে কিনা, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%