০৫:২৩ এম
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেখানে পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে টিউমার উধাও হয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা। নতুন একটি ওষুধের পরীক্ষায় দেখা গেছে, দৈনিক সেবনে কিছু রোগীর টিউমার ছোট হয়ে এসেছে এবং কিছু ক্ষেত্রে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি।
‘ড্যারাক্সনরাসিব’ নামের এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে, এমন ৬১ জন রোগী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রায় ১২ শতাংশের ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
আরও পড়ুন: হামে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৭০ রোগী
প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি থেমে গেছে, অন্যদিকে ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন যে, এই ওষুধ কতদিন ক্যানসারের অগ্রগতি রোধ করতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। এটিকে ক্যানসারের নিরাময় হিসেবেও দেখা উচিত নয়।
কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি
ক্যানসার রিসার্চ ইউকে এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে জানান, গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, নতুন ওষুধটি এমন একটি সমস্যার সমাধানের পথ দেখিয়েছে, যা এতদিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব ছিল। তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিনে বাগবাড়ীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা অত্যন্ত কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপিতে টিউমারের আকার কিছুটা কমলেও প্রায়ই আবার ক্যানসারের বিস্তার শুরু হয়। রোগের অগ্রসর পর্যায়ে আক্রান্ত অধিকাংশ রোগী বছরের বদলে কয়েক মাস বেঁচে থাকেন।
নতুন চিকিৎসাটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে, এমন আশা করছেন চিকিৎসকেরা।
গবেষণায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কারও শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে রোগটি কতদিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
কীভাবে কাজ করে ওষুধটি?
আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু
ড্যারাক্সনরাসিব একটি লক্ষ্যভিত্তিক ক্যানসারবিরোধী ওষুধ। এটি আরএএস নামের নির্দিষ্ট জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে এই পরিবর্তন পাওয়া যায়, যা টিউমারের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে।
ওষুধটি এসব পরিবর্তনের কার্যক্রম বন্ধ করে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারে একই ধরনের জিনগত পরিবর্তন দেখা যায়। ফলে ভবিষ্যতে এসব ক্যানসারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। টিউমারের ওপর ওষুধটির প্রভাব বাড়ার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এর ফলে রোগীদের বেঁচে থাকার সময় বাড়তে পারে।
সম্মেলনের সভাপতি অধ্যাপক এলেনা গারালদা বলেন, নতুন এই সম্মিলিত চিকিৎসা রোগীদের সামগ্রিক বেঁচে থাকার সময় বাড়ানোর পাশাপাশি টিউমারের পুনরায় বৃদ্ধি শুরু হওয়ার আগের সময়ও দীর্ঘায়িত করতে পারে।
আরও পড়ুন: অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার উধাও, নতুন ওষুধে আশার আলো
তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, স্ক্যানে ক্যানসারের অস্তিত্ব দেখা না গেলেও রোগী পুরোপুরি ক্যানসারমুক্ত হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ জন্য দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও আরও গবেষণা জরুরি।
সূত্র:বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন