ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ইবি ছাত্র ইউনিয়নের পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় নিন্দা


ইবি ছাত্র ইউনিয়নের পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলায় নিন্দা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটির সভাপতি নূর আলম এবং সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব সোমবার (২ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাদের হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, যা নিন্দনীয়।

নেতৃবৃন্দ তাদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে বলপ্রয়োগ ও দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

বিবৃতিতে তারা শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করে শ্রমিকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখাতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সরকার বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখাতে চায়

বাংলা ও ইংরেজির পাশাপাশি ইতালীয় ভাষা তৃতীয় ভাষা হিসেবে শেখানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে কর্মীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে ইতালির প্রশিক্ষণ মডেল দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে ইতালি দূতাবাসের সহযোগিতা চেয়ে মাহদী আমিন বলেন, "সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।" তিনি জানান, ইতালিতে কর্মসংস্থানের জন্য চালু হওয়া প্রশিক্ষণ মডেল দেখে ইতালীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে চালুর ক্ষেত্রে দূতাবাসের সহযোগিতা নিতে চায় সরকার। অন্যান্য ভাষা শেখার উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, "এই প্রশিক্ষণ কার্যক্রম সরকারের কাছে বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়। বরং এটি ভবিষ্যতে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন ও সম্প্রসারণের একটি মডেল।" ইতালির অভিজ্ঞতা ও আন্তর্জাতিক উত্তম চর্চা কাজে লাগিয়ে সরকারি পর্যায়ে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় উদ্যোগটি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মাহদী আমিন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার বিদেশে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়া কর্মীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।" ইতালীয় ভাষা শেখার পাশাপাশি তারা নির্দিষ্ট পেশাগত দক্ষতা, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ নিচ্ছেন। এই দক্ষতা কাজে লাগিয়ে ইতালিতে গেলে তাদের জন্য কাজের সুযোগ তৈরি হবে।

তিনি জানান, প্রশিক্ষণার্থীরা পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শিখছেন। এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি কার্যকর মডেল হতে পারে। সরকার তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থায় (টিভিইটি) এই মডেল যতটা সম্ভব সম্প্রসারণের চেষ্টা করবে।

মাহদী আমিন বলেন, "প্রশিক্ষণার্থীরা শুধু নিজেদের ক্যারিয়ার গড়ছেন না, বরং দেশের জন্যও একটি নতুন মডেল তৈরি করছেন।" তাদের অনুসরণ করে পরবর্তী প্রজন্মের কর্মীদেরও দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড চালু করেছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশে যাওয়ার সময় প্রশিক্ষণার্থীদের হাতে এই কার্ড তুলে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, "প্রবাসী কার্ডের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো, পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা সহযোগিতা পাবেন।" এ ছাড়া মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে দক্ষ অভিবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মাহদী আমিন বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে তাদের বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে।" তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২১৯১ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২১৯১ মামলা

রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯১টি মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি এবং ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি এবং ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি এবং ২১২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ২৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি এবং ১২০টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি এবং ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি এবং ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি এবং ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৩০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৬টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি এবং ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযানের সময় ৬৩৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভক্তদের চাপ নিয়ে মুখ খুললেন এসিদু, স্নেপ চরিত্রে মানবিকতা ফুটানোর প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


ভক্তদের চাপ নিয়ে মুখ খুললেন এসিদু, স্নেপ চরিত্রে মানবিকতা ফুটানোর প্রতিশ্রুতি

হ্যারি পটার সিরিজের সবচেয়ে বিতর্কিত ও জটিল চরিত্র সেভেরাস স্নেপ। অ্যালান রিকম্যানের অনবদ্য অভিনয়ের পর, এইচবিওর আসন্ন হ্যারি পটার সিরিজে এই কালো পোশাকধারী পোশন মাস্টারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন পাপ্পা এসিদু। বড় এই দায়িত্ব গ্রহণের পর, ভক্তদের প্রত্যাশার চাপ নিয়ে তিনি মুখ খুলেছেন।

টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপ্পা জানিয়েছেন যে, এই চরিত্রটি নিয়ে ভক্তদের মনে নানা ধরনের তীব্র অনুভূতি ও প্রত্যাশা বিদ্যমান। তবে তিনি মানুষের মতামতের পেছনে না ছুটে, সম্পূর্ণরূপে নিজের কাজের দিকেই মনোযোগ দিতে চান। তিনি উল্লেখ করেছেন যে, ছোটবেলায় বই পড়ার মাধ্যমে প্রথমবারের মতো এই জাদুকরী জগতের সাথে তার পরিচয় ঘটে।

চরিত্রটিকে ফুটিয়ে তোলার প্রসঙ্গে পাপ্পা জানান, তার প্রধান লক্ষ্য হলো স্নেপ চরিত্রটিকে যথাসম্ভব মানবিকতা, গভীরতা এবং জটিলতার স্তর দিয়ে ফুটিয়ে তোলা। চরিত্রটির মধ্যে এসব উপাদানের প্রাচুর্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং এটিকে নিজের জন্য একটি বিরাট সুযোগ ও সম্মান হিসেবে অভিহিত করেছেন। সেই সাথে, দীর্ঘকাল ধরে এই কাজের সাথে যুক্ত থাকার আশা প্রকাশ করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনা আলিয়া মাদরাসায় নজরুল বর্ষের অনুষ্ঠান পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


পাবনা আলিয়া মাদরাসায় নজরুল বর্ষের অনুষ্ঠান পালিত

নজরুল বর্ষ উপলক্ষে পাবনা আলিয়া কামিল মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আলিয়া মাদরাসা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক গজল (হামদ নাত) এবং কবিতা আবৃত্তি করেন প্রতিযোগিরা।

অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যেখানে সাম্য, তারুণ্য এবং বিদ্রোহী কবির ভাবনা তুলে ধরা হয়।

পাবনা আলিয়া কামিল মাদরাসায় অধ্যক্ষ মো আনছারুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো আব্দুর রাজ্জাক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (অর্থ ও হিসাব) সহকারী পরিচালক মো রুমী কিসলু, এবং বিশিষ্ট সমাজ সেবক ও মাদরাসার দাতা সদস্য মো রেহানুল ইসলাম বুলাল। জেলা জামায়াতে ইসলামীর নেতা প্রিন্সিপাল মাওলানা মো. ইকবাল হোসাইন এবং পাবনা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%