০৬:২৪ পি.এম
'আমি চাই না আপনারা আমাকে দেখেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি'— এই অত্যন্ত সাধারণ জীবনবোধের অধিকারী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরের বাসিন্দা তাইজুল ইসলাম, যিনি তাজু নামেও পরিচিত। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েট করার মাধ্যমে তিনি সবার নজরে আসেন। কয়েকটি কনটেন্ট ভাইরাল হয়ে যাওয়ার ফলে তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। সেই তাজুকে এখন সাংবাদিকতার সুযোগ করে দিয়েছে টাইমস টুডে।
২২ জুলাই সোমবার টাইমস টুডের প্রধান অফিসে, সম্পাদক মাসুম খান তার হাতে নিয়োগপত্র তুলে দেন। পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করলেও, যেভাবে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে তৃণমূলের সমস্যা তুলে ধরছেন, তা ‘সিটিজেন জার্নালিজম’ বা নাগরিক সাংবাদিকতার চমৎকার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় 'তাজু ভাই ২.০' নামেও পরিচিত এই তরুণের উত্থান শুধুমাত্র একটি ভাইরাল ভিডিওর গল্প নয়, বরং তার পেছনে রয়েছে গভীর সামাজিক ও তাত্ত্বিক তাৎপর্য।
তাজু ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে। নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রি নিয়ে করা একটি ভিডিওতে তিনি দোকানিকে প্রশ্ন করেন, 'জিলাপি আজকে কত করে বেচতেছেন? সরকারি রেটে?' মূলত এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়। এরপর বড় বড় গণমাধ্যমের কর্মীরা ক্যামেরা ও বুম নিয়ে তার বাড়িতে হাজির হন। ইন্টারভিউ নিতে শেষে লাইন দেন সবাই। অনেকেই তার সহজ ও সাবলীল কাজ নিয়ে আলোচনা ও সমালোচনা করতে শুরু করেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
তাজুল ইসলামের কাজকে অনেকেই স্বীকৃতি দিলেও, তাকে 'স্বীকৃতি' দিতে যেন কেউ প্রস্তুত ছিলেন না। তবে এবার টাইমস টুডে তাকে স্বীকৃতি প্রদান করেছে। মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। টাইমস টুডের সম্পাদক মাসুম খান এ বিষয়ে বলেন, কনটেন্ট ক্রিয়েটর তাজুর নাগরিক সাংবাদিকতার জ্ঞান অনেক ভালো। তার ভিডিওগুলোতে সমাজের বাস্তবতা ও বিভিন্ন সমস্যার কথা প্রকাশ পেয়েছে। যদিও তিনি ভাইরাল হয়েছেন, কিন্তু কেউ তাকে স্বীকৃতি দেয়নি বা কাজের সুযোগ করে দেয়নি। সে জায়গা থেকে তাই আমরা তাজুলকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিলাম। আমরা আশা করছি, তাকে প্রশিক্ষণ দিয়ে একজন সাংবাদিক হিসেবে গড়ে তুলব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন