০৯:২৯ পি.এম
ফুটবল বিশ্বকাপ মানে হলো কোটি কোটি দর্শকের আবেগ, উচ্ছ্বাস এবং অপেক্ষার একটি অবসান। এই কারণে ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই উন্মাদনায় মেতেছেন সাধারণ মানুষদের মতো দেশটির শোবিজ অঙ্গনের তারকারাও। আসুন, এক নজরে জেনে নিই ফুটবলের আসরে এবারের বিশ্বকাপে কোন তারকা কোন দলকে সমর্থন করছেন।
ব্যস্ত শুটিংয়ের ফাঁকে প্রিয় দলের খেলা দেখতে প্রস্তুত থাকেন এসব তারকারা। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ স্পেনসহ অন্য দলকে সমর্থন করছেন।
দেশের শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান বিশ্বকাপ এলে বরাবরই নিজের সমর্থিত দল নিয়ে রহস্য বজায় রাখেন। কখনও ব্রাজিল, কখনও আর্জেন্টিনার প্রতি ঝোঁকের ইঙ্গিত দেখা যায় তবে এবারের বিশ্বকাপে তিনি কোনো দলের নাম স্পষ্ট করে উল্লেখ করেননি। ফলে তাকে ঘিরে ভক্তদের কৌতূহলও কম নয়।
আরও পড়ুন: মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। তিনি জানান, খেলার প্রতি অতিরিক্ত আগ্রহ না থাকলেও বিশ্বকাপ এলে পরিবারের সবাই মিলে খেলা দেখার আনন্দ উপভোগ করেন। যদিও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির খেলা তার পছন্দের। তারপরও তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলকে নিয়ে।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর হৃদয়জুড়ে রয়েছে আর্জেন্টিনা। মেসির প্রতি ভালোবাসা থেকেই তার এই সমর্থন এসেছে। তবে তিনি খেলা নিয়ে বাড়াবাড়ি কিংবা অন্য দলকে ছোট করে দেখার সংস্কৃতিকে সমর্থন করেন না।
তরুণ অভিনেত্রী নাজিফা তুষি নিজেকে ব্রাজিলের সমর্থক বললেও মেসির কারণে আর্জেন্টিনার খেলাও তিনি উপভোগ করেন। তার কাছে বিশ্বকাপ মানে বন্ধুদের সঙ্গে উৎসবের মতো সময় কাটানো।
অন্যদিকে অভিনেত্রী মনিরা মিঠু আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সময় থেকে এ দলের প্রতি তার ভালোবাসা রয়েছে। জয়-পরাজয় যাই হোক, আর্জেন্টিনার পাশে থাকার কথাও জানান তিনি।
আরও পড়ুন: অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা: রিজভী
অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল হচ্ছে স্পেন। তার মতে, স্প্যানিশ ফুটবলের ছন্দময় পাসিং, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক সৌন্দর্য তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
অন্যদিকে অভিনেতা মিশা সওদাগর বরাবরের মতো ব্রাজিলের সমর্থক। সাম্বা ফুটবলের নান্দনিকতা তাকে মুগ্ধ করে এবং এবারও তিনি ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।
বিশ্বকাপের উত্তেজনা মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে। প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, আবেগ এবং প্রত্যাশা নতুন মাত্রা যোগ করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা স্পেন সমর্থনের রং ভিন্ন হলেও সবার লক্ষ্য একটাই, ফুটবলের মহা আসরটি উপভোগ করা।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন