ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নতুন হামলা হলে যুদ্ধ দীর্ঘ হবে, ট্রাম্পও শেষ করতে পারবেন না: ইরান


নতুন হামলা হলে যুদ্ধ দীর্ঘ হবে, ট্রাম্পও শেষ করতে পারবেন না: ইরান

ইরানে নতুন হামলা হলে তার প্রতিক্রিয়া আরো দীর্ঘস্থায়ী ও কঠোর হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না, এবং যুদ্ধের মেয়াদও তিনি নির্ধারণ করতে পারবেন না।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব দেওয়া হবে ‘সমানুপাতিক, সিদ্ধান্তমূলক ও কার্যকরভাবে’। তিনি সতর্ক করেন যে, যারা ইরানকে হুমকি দিচ্ছে, তারা দেশটির আত্মরক্ষামূলক পদক্ষেপের সময়, পরিধি কিংবা পরিণতি নির্ধারণ করতে সক্ষম হবে না।

ইরানের কর্মকর্তারা পূর্বে একাধিকবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের তুলনায় আরো দীর্ঘস্থায়ী হতে পারে। তারা মন্তব্য করেছেন, যুদ্ধ কতদিন চলবে, সে সিদ্ধান্ত ওয়াশিংটন নিতে পারবে না।

আরও পড়ুন: সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা, নাবিকরা নিরাপদ

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে প্রায় ৪০ দিন ধরে তীব্র সামরিক সংঘাত চলে। এপ্রিল মাসে লড়াইয়ের তীব্রতা কমে এলেও এরপর দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

সূত্র: আলজাজিরা

এমএমআর

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে ‘কঠোর আঘাত’ করতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু সম্ভব নয় : এটিএম আজহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু সম্ভব নয় : এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন যে, ঠাকুরগাঁও উপ-নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।

রোববার (১ নভেম্বর) ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জামায়াতের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম আরও বলেন, বিএনপি জাতির জন্য একটি আপদ, এবং যতদিন এই আপদ বিদ্যমান থাকবে, ততদিন জাতির মুক্তি সম্ভব নয়।

জামায়াতের এই নেতা উল্লেখ করেন যে, বিএনপি আওয়ামী লীগের পোশাক পরে শাসন শুরু করেছে। তিনি দাবি করেন যে, ৮ মাসে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, "এই সরকারকে টিকিয়ে রাখার দরকার নাই, এই সরকার নিজেই ক্ষমতায় থাকতে চায় না।"

তিনি আবারও মন্তব্য করেন যে, বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন ৯৬ হাজার ৫১৩ ভোট পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদকে লিওনেল মেসিকে কেনার সুযোগ ছিল: মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


রিয়াল মাদ্রিদকে লিওনেল মেসিকে কেনার সুযোগ ছিল: মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল

সাবেক স্প্যানিশ ম্যানেজার মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল দাবি করেছেন যে, রিয়াল মাদ্রিদ লিওনেল মেসির ঠিকানা হতে পারত। তিনি উল্লেখ করেন, ন্যাপকিন পেপারে চুক্তি করলেও কাতালান ক্লাবটির সঙ্গে মেসির পেশাদার চুক্তির আগে লস ব্ল্যাঙ্কোসের কাছে তাকে কেনার সুযোগ ছিল।

সম্প্রতি এক সাক্ষাতকারে মিগুয়েল অ্যাঞ্জেল এই দাবি করেন। তার মতে, রিয়াল সে সময় বার্সেলোনার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি বলেই তারা এই পরিকল্পনা নিয়ে এগোয়নি।

মিগুয়েল অ্যাঞ্জেল বলেন, ‘আসলে এমন একটা সুযোগ এসেছিল। ২০০১ এর দিকে হয়তো, বাসার্র সঙ্গে মেসির তখনও কোনো পেশাদার চুক্তি ছিল না। রিয়াল মাদ্রিদের কাছে মেসিরই ঘনিষ্ঠ একজন নাকি প্রস্তাব নিয়ে এসেছিল।’

কীভাবে রিয়াল সর্বকালের অন্যতম সেরাকে এভাবে হারালো? লিওনেল মেসির প্রতিভা কি অল হোয়াইটদের স্কাউটিং টিমের দৃষ্টি এড়িয়েছিল? মিগুয়েল বলেন, ‘এটা কতটা সত্য জানিনা। তবে ক্লাবটি এমন বার্তা পেয়েছিল যে চাইলে মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে। একটা সুযোগ ছিল। তবে প্রস্তাব আসলেও রিয়াল বাসার্র সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি। আমার মনে হয় পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা শেষ পর্যন্ত রিয়াল এগোয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, বিদেশে বিএনপির জন্য কোনো প্রভু নেই, যে কারণে তারা দেশ ছেড়ে পালানোর কথা ভাববে। তিনি জানান, দেশের জনগণের সমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর কোর্ট হাউজ স্ট্রিটের ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘একদিকে পরাজিত শক্তি, অন্যদিকে আরেকটি পক্ষ পরাজিতদের সঙ্গে একত্রিত হয়েছে। তবে আমরা দেশের জনগণের সঙ্গে নিয়ে চলব। আমরা পালাতে পারব না। আমাদের বিদেশে কোনো প্রভু নেই, যারা আমাদের আশ্রয় দেবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করব।’

বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্ধকারাচ্ছন্ন শাসনে আমরা আইন প্রাঙ্গণে কিছুটা আশ্রয় পেয়েছি। ১৭ বছরে আদালতপাড়ার আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদই ছিল আমাদের সহায়। তবে ম্যাজিস্ট্রেট ও বিচারকরা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ ছিলেন। পিপি কাজল ম্যাডামের (খালেদা জিয়া) সামনে বেয়াদবের মতো বসে থাকতেন।’

সমমনা দলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আজ যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাদের ভূমিকা বিস্ময়কর মনে হয়। তারা নানা উসকানি দিয়ে কথা বলছেন। সংস্কারের কথা বলে তারা কী বোঝাতে চাচ্ছেন, আমরা তার হদিস পাচ্ছি না। জামায়াতের আমির বলছেন আরেকটি বিপ্লব নাকি দরজায় টোকা মারছে। আপনারা বিপ্লবের কথা বলছেন, অথচ আপনাদের রাজনীতি হচ্ছে আত্মসমর্পণ আর স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।’

দাবি আদায়ের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘সাত দফা না মেনে নিলে এক দফার ভয় কাকে দেখাচ্ছেন? রাজপথ কি কারও মৌরশি পাট্টা (পৈতৃক সম্পত্তি) করে দেয়া হয়েছে? ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে বিএনপি, এখন কি হাত গুটিয়ে বসে থাকবে? জুলাই সনদ ও গণভোটের রায় মানতে বিএনপির কোনো অস্বীকৃতি নেই। তবে নোট অব ডিসেন্ট ইস্যুগুলোর সমাধান সংসদীয় আলোচনার মাধ্যমেই হতে হবে, লংমার্চ দিয়ে নয়।’

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘নানা চক্রান্ত আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে নিজের পায়ে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন। অথচ এসব অগ্রাহ্য করে গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনে আ.লীগ ও বিরোধী দলের ভাঙচুর-লুটপাটের অভিযোগ মুজিবুরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


শ্রমিক আন্দোলনে আ.লীগ ও বিরোধী দলের ভাঙচুর-লুটপাটের অভিযোগ মুজিবুরের

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ঢুকে আওয়ামী লীগ ও বিরোধী দলের সদস্যরা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি দাবি করেছেন যে, দেশের অর্থনীতিকে স্থবির করতে একটি পক্ষ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে।

এছাড়া, তিনি শ্রমিকদের আগামীকাল (সোমবার) থেকেই কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

রোববার (১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর নাওজোরে শ্রমিক নেতাদের সঙ্গে এক আলোচনা সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেছেন, "একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে।" তিনি শ্রমিক নেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন।

তিনি আরও উল্লেখ করেছেন, "আশা করি শ্রমিকরা আগামীকাল থেকেই কাজে ফিরবেন।" তিনি সতর্ক করেছেন যে, কেউ যদি কাজে যোগ না দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভার শেষে শ্রমিক নেতারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গুজবে কান না দিতে এবং সরকারের গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বলেছেন, "মজুরি বোর্ড আরও আগেই গঠন করা দরকার ছিল।" তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, "এখন যেহেতু বোর্ড গঠন করা হয়েছে, তাই আজ হোক কিংবা কাল, বেতন বাড়বেই।"

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, "মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকরা সন্তুষ্ট না হলে পরবর্তী সময়ে আবারও আলোচনা করা যাবে।" তিনি আশা প্রকাশ করেছেন যে, বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা আগামীকাল থেকে কাজে যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%