০৬:৫৫ পি.এম
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় ধানক্ষেত থেকে ১৬ বছর বয়সী শিহাব আলী নামের এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।
নিহত শিহাব আলী গোদাগাড়ী পৌরসভার বারইপাড়া মহল্লার সোহেল রানার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২৭ অক্টোবর শিহাব রিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। শনিবার সকালে কলিপুর এলাকার স্থানীয় লোকজন তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি ধানক্ষেতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়
গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা জানিয়েছেন, লাশে পচন ধরায় শরীরে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি। তবে তার ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এমএইচ
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন