০৬:৫৬ পি.এম
চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে পুলিশ আন্তঃজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় চুরির কাজে ব্যবহৃত দু’টি নোহা মাইক্রোবাস, দু’টি ব্যাটারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাটারির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
আজ চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখবে শিক্ষার্থীরা, পুনর্ব্যবহার করবে ইপসা
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. সোহাগ, সাহিদ হোসেন ওরফে শিবলু, মো. শামসুদ্দিন, মো. মোজাম্মেল হক, মো. ইউনুস এবং মো. সাইফুল ইসলাম স্বপন।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের টিএস রুমের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়েছিল। এই ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।
এরপর গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) এবং মো. ইউনুসকে (৪২) গ্রেফতার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস ও দু’টি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে চোরাচালানের সময় দুই ট্রাকভর্তি ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন