মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৫ এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পিতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন আজ সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুর, ৯ নভেম্বর ২০২৬ : জেলা সদরে আজ একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে তাতীপাড়ায় অভিযান চলাকালে হৃদয় ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই, হালুয়া) বাজারজাত ও বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে একই দিনে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ. দা.) রিয়াজ মাহমুদ এবং কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি কার্যক্রম আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি সম্পন্ন করতে হবে। বিনা বিলম্ব ফিতে ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ৩০০ টাকা বিলম্ব ফিসহ ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
এছাড়া, ৩০০ টাকা বিলম্ব ফি এবং ১ হাজার টাকা প্রতিষ্ঠান জরিমানাসহ ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করা সম্ভব হবে। সোনালী সেবার মাধ্যমে আগামী ৪ থেকে ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের এ পরীক্ষা দশম শ্রেণির পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণমান ও পূর্ণসময়ে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিয়মিত ফি-এর পাশাপাশি অতিরিক্ত ৫০০ টাকা ফি প্রদান করে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অতিরিক্ত সময় (প্রতি ঘণ্টায় ১০ মিনিট) ও শ্রুতি লেখকের সুবিধা প্রদান করা হবে।
অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি না থাকলে সম্ভাব্য তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না এবং ফরম পূরণ করা সম্ভব হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
ঢাকা মহানগরসহ দেশের ৪৫টি জেলায় অধিদপ্তরের পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ সোমবার অধিদপ্তরের ৬০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি প্রতিরোধ, গ্যাস সিলিন্ডারের মজুত পর্যবেক্ষণ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়েছে।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার এবং পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : পাকিস্তান সরকারের ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (পিটিএপি) সেশন ২০২৬-২৭ এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
এমবিবিএস কোর্সের জন্য ২০টি আসন এবং বিডিএস কোর্সের জন্য ৫টি আসনসহ মোট ২৫টি আসন বরাদ্দ করা হয়েছে।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন কর্তৃক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক কূটনৈতিক নোটে এই তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ প্রকাশিত কূটনৈতিক পত্রে উল্লেখ করা হয়েছে যে, আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়া, আবেদনকারীদের এসএটি-২ (প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫০ নম্বর), ফরেন এমসিএটি, ইউসিএটি (ন্যূনতম ৫০ শতাংশ নম্বর) অথবা এমডিসিএট পরীক্ষার যেকোনো একটিতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি), ইসলামাবাদ থেকে সমমান বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অর্জন করা আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
পরে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, আইবিসিসির সমমানের সার্টিফিকেট, পাসপোর্ট এবং পাসপোর্ট আকারের ৪টি ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চার সেট প্রিন্ট করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে (হাউস নম্বর এনইসি-২, রোড ৭১, গুলশান এভিনিউ, ঢাকা) জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ