১০:১৩ এম
কানাডার আলবার্টা প্রদেশের একটি অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
এপি সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডটি ঘটেছে এডমন্টন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত ‘সিএফবি ওয়েনরাইট’ ঘাঁটিতে। শনিবার ভোরে শুরু হওয়া এই আগুন প্রবল বাতাসের কারণে দ্রুত ঘাঁটির মূল বেড়া অতিক্রম করে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি অত্যন্ত দুঃখ প্রকাশ করে জানান যে এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি, যেমন কতজন নিহত বা আহত হয়েছেন এবং ঘটনার মূল কারণ কী।
একাধিক এলাকার দমকলকর্মী ও স্থানীয় ওয়েনরাইট জনপদ অগ্নিনির্বাপণ ও চিকিৎসাসেবা দিয়ে সহায়তা করছে। এলাকাটিতে এখনো কোনো জরুরি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটিকে একটি ‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত সব সদস্য ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিস্থিতিটিকে অত্যন্ত সক্রিয় ও সংবেদনশীল হিসেবে বর্ণনা করে প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনার মূল কারণ অনুসন্ধানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তদন্ত শুরু করেছে। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই অগ্নিকাণ্ডকে ‘গুরুতর ও মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: ফিফা সভাপতি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে চাপে, কংগ্রেসে তলবের শঙ্কা
উল্লেখ্য, ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। এখানে সৈন্যদের বাস্তবসম্মত যুদ্ধক্ষেত্রের মহড়া ও প্রস্তুতির জন্য ‘কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার’ এবং ‘৩য় কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার’ অবস্থিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন