ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা যুক্ত হবে


২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা যুক্ত হবে

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এই যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষার বিষয়বস্তু যুক্ত করা হবে।

আরও পড়ুন: ব্রি বোরো মৌসুমের জন্য ব্রিডার বীজ বিতরণ শুরু

শ্রেণিভিত্তিক পাঠ্যবিষয়ের বিষয়ে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স অন্তর্ভুক্ত থাকবে। সপ্তম শ্রেণিতে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ থাকবে।

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিংয়ের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি অন্তর্ভুক্ত থাকবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয় যুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, শিক্ষার্থীদের এআইয়ের দেওয়া তথ্য কিভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শেখাতে হবে। সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় যুক্ত করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তা শেখানো প্রয়োজন।

আরও পড়ুন: জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবি

পাঁচ হাজার প্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা বলে জানান তিনি।

এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা। সেখানে এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় এর দায়িত্বশীল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রশ্নের জবাবে বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। শিক্ষামন্ত্রীকে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে এসব ল্যাবের কার্যকারিতা যাচাই করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: কোরিয়ার ই-৭ ভিসায় দক্ষ কর্মী পাঠাতে বোয়েসেলের সাথে কেবিটিআইয়ের আলোচনা

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এ খাতে বাজেটে বরাদ্দ রেখেছে। সংসদ সদস্য যে প্রত্যাশা করছেন, সে অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শবনম আজীবন সম্মাননায় ভূষিত, আয়োজন ১৮ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


শবনম আজীবন সম্মাননায় ভূষিত, আয়োজন ১৮ নভেম্বর

সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এবং প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য শুরু হওয়া ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম।

প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’র আয়োজনে ২০১৯ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হয়ে আসছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে তিন বছর বিরতি থাকার পর, এবার বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বিকেল চারটায় ঢাকার সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় একটি জমকালো আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। বিষয়টি আয়োজকদের পাশাপাশি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম নিজেও।

বশির আহমেদের সঙ্গে স্মৃতির রোমন্থন করে কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, “আমার অভিনীত বেশকিছু সিনেমাতে বশির ভাই গান গেয়েছেন, গানগুলো জনপ্রিয়তাও পেয়েছিলো। বশির ভাই ভীষণ গুণী একজন শিল্পী ছিলেন, একজন সুন্দর মনের মানুষ ছিলেন। পাকিস্তান ও বাংলাদেশ—দুই দেশেই তার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তার কাছ থেকে আমি অনেক প্রশংসা পেয়েছি। সেইসব আজ শুধুই স্মৃতি। বশির ভাইয়েরই দুই সন্তান হোমায়রা ও রাজা কিছুদিন আগে আমার কাছে এসেছিলো, তারা তাদের বাবার সম্মানে চালু হওয়া সম্মাননা পদকে আমাকে ভূষিত করতে চায়। যদিও আমার শরীরটা এখন খুব খারাপ, জানি না আদৌ আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো কি না। তবে আমার মন ভীষণ চাইছে অনুষ্ঠানটিতে আমি অংশগ্রহণ করি। বাকিটা আল্লাহ ভরসা। তবে আমি খুব খুশি যে, হোমায়রা ও রাজা আমাকে স্মরণে রেখেছে।”

আয়োজক হোমায়রা বশির ও রাজা বশির বলেন, “শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমাদের বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে, শবনম আন্টির হাতে “বশির আহমেদ সম্মাননা”র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি।”

উল্লেখ্য, বশির আহমেদ তার সুর ও কণ্ঠের জাদুতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠে গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে—‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রতিমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’, এবং ‘সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’ প্রভৃতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


শাহেদলের ৭নং ওয়ার্ডের  মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
‎‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমানের সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডের উত্তর কুড়িমারা গ্রামে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও ভোটারদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
‎
‎হাজী জহুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটার উপস্থিত হন। 
‎
‎সভায় মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে সাবেক মেম্বার মোঃ আব্দুল হেলিম বলেন,একটি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তরুণদের বিকল্প নেই। সেই সাথে উপস্থিত ভোটাররা আসন্ন নির্বাচনে তাকে ভোট দেওয়ার আশ্বাস দেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎
‎মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী লুৎফর রহমান বলেন, "আমি এই গ্রামেরই সন্তান এবং আপনাদেরই একজন। অতীতে যেভাবে আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকব। আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারলে এলাকায় ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করব।"
‎
‎স্থানীয় শিক্ষানুরাগী মানিক মাস্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু হানিফ, হৃদয়, জিয়াউদ্দিন পিন্টু, সাইফুল হক, রুবেল মিয়া, মঞ্জিল মিস্ত্রি, কাদির মিয়া, চঞ্চল মিয়া, ফালু মিয়া, মোঃ ইব্রাহিম, আবু কালামসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎সভায় বক্তারা আগামী নির্বাচনে লুৎফর রহমানকে জয়যুক্ত করতে দলমত নির্বিশেষে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রি বোরো মৌসুমের জন্য ব্রিডার বীজ বিতরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ব্রি বোরো মৌসুমের জন্য ব্রিডার বীজ বিতরণ শুরু

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুমে মানসম্মত ধানের বীজ উৎপাদন এবং কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

ব্রির কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) উদ্যোগে আজ মঙ্গলবার উদ্বোধন করা হয় এই কার্যক্রম। উদ্বোধন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মীর শরিফুল আহমেদ, ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।

জানা গেছে, জিআরএস বিভাগ আসন্ন বোরো মৌসুমের জন্য মোট ১৬২ টন ব্রিডার বীজ উৎপাদন করেছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-সহ মোট ৭০৪ জন সিড ডিলারের মাঝে ১২৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে। ইতোমধ্যে বিএডিসিকে ৩৮ টন ব্রিডার বীজ প্রদান করা হয়েছে। বাকি ৮৯ টন ব্রিডার বীজ ৭০৩ জন বেসরকারি খাতের সিড ডিলারের মধ্যে বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো মঙ্গলবার তার দাদাকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করেছেন। এর আগের বছর, তিনি তার সাবেক শ্বশুর ও প্রয়াত স্বৈরশাসক সুহার্তোকে এই সম্মান দিয়েছিলেন। যদিও সুহার্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে বিতর্ক ছিল, তবুও তাকে এই মর্যাদা দেওয়া হয়।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতীয় বীর দিবসের উপলক্ষে জারি করা এক ডিক্রিতে প্রবোওর পিতামহ মারগোনো জোজোহাদিকুসুমোকে জাতীয় বীরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টসহ ২০০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি, নারী অধিকারকর্মী এবং স্বাধীনতা আন্দোলনের নেতারাও রয়েছেন।

মরণোত্তর জাতীয় বীরের মর্যাদার জন্য একটি কমিটি প্রার্থীদের নাম প্রস্তাব করে। পরে প্রেসিডেন্ট সেই প্রস্তাব অনুমোদন করেন।

এই সম্মানের সঙ্গে পরিবারের জন্য বার্ষিক প্রায় ৫ কোটি ইন্দোনেশিয়ান রুপি (প্রায় ২,৭৭০ মার্কিন ডলার) ভাতা প্রদান করা হয়।

১৮৯৪ সালে জন্ম নেওয়া মারগোনো এমন একটি কমিটির সদস্য ছিলেন যা জাপানি ঔপনিবেশিক শাসন থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ভিত্তি তৈরি করতে সহায়তা করেছিল। তিনি ব্যাংক নেগারা ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৪৫ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার পর এটি ছিল দেশের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক। এই ব্যাংক দেশটির প্রথম সরকারি মুদ্রাও চালু করে।

মঙ্গলবারের ডিক্রিতে মারগোনোকে ‘রাজনীতি ও অর্থনীতির একজন জাতীয় বীর’ হিসেবে অভিহিত করা হয় এবং উল্লেখ করা হয় যে তিনি ‘স্বাধীনতার সংগ্রামে অসাধারণ অবদান রেখেছিলেন’।

এর আগে, গত বছর মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ উপেক্ষা করে সাবেক স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দেন প্রবোও। ২০০৮ সালে ৮৬ বছর বয়সে মারা যান সুহার্তো, যিনি প্রবোওর সাবেক স্ত্রীর বাবা ছিলেন।

১৯৬৭ সালে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করে সুহার্তো তিন দশকেরও বেশি সময় ধরে কঠোর হাতে ইন্দোনেশিয়া শাসন করেছিলেন। তার শাসনকাল দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক ভিন্নমতের ওপর দমনপীড়নের জন্য কলঙ্কিত ছিল।

সুহার্তোর জাতীয় বীরের মর্যাদাকে চ্যালেঞ্জ করে কর্মী ও এনজিওগুলো জাকার্তার একটি আদালতে মামলা দায়ের করেছে। এ বিষয়ে এখনও কোনো রায় দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%