০৭:২৬ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনার তদন্তে জেলা প্রশাসন সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।
শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন স্বাক্ষরিত আদেশের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
কমিটির আহ্বায়ক হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অফিস আদেশে জানানো হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্যকে কো-অপ্ট করতে সক্ষম। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এছাড়া, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে, অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন