১০:০৪ এম
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ ষষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংসদ ভবনে আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশনটি শুরু হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। অধিবেশনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব এবং সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা, যা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এরপর কার্যপ্রণালি-বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আরো ৪৮০ জন আটক
এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সংকট নিয়ে আলোচনা করবেন কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি সহায়তা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করবেন সংরক্ষিত নারী আসন-৫ এর সদস্য নেওয়াজ হালিমা আরলী।
এছাড়া, এলডিসি থেকে উত্তরণের পর দেশের ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সদস্য সুলতানা জেসমিন অর্থমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতে তিনটি গুরুত্বপূর্ণ বিল স্থান পেয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহেরের পক্ষ থেকে বগুড়া উন্নয়ন বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করা হবে। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন।
অন্যদিকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি উত্থাপন করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক মো. জুয়েল নিহত
এছাড়া কার্যপ্রণালি-বিধি ৬০ অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী গত ১০ নভেম্বর সংসদে উত্থাপিত একটি চিহ্নিত প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে এ আলোচনা করবেন।
কার্যসূচিতে কার্যপ্রণালি-বিধি ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার বিষয়ও রয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম প্রস্তাবটি উত্থাপন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন