ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বিমানবন্দরের নিরাপত্তায় একক কমান্ড ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ


বিমানবন্দরের নিরাপত্তায় একক কমান্ড ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় চিহ্নিত দুর্বলতা দূর করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিমানবন্দরের প্রবেশ ও বহিরাঙ্গনে নজরদারি বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নিরাপত্তাব্যবস্থার সামঞ্জস্য নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ও সিআইপি লাউঞ্জসংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় স্ক্যানিং ব্যবস্থা চালু, অননুমোদিত ড্রোন উড্ডয়ন বন্ধ করা, যাত্রীর অনুপস্থিতিতে খোলা লাগেজে বিশেষ ট্যাগ লাগানো এবং নিরাপত্তা কার্যক্রমে একক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর জন্য সুনির্দিষ্ট পরিচালন পদ্ধতি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিআইপি ও সিআইপি যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রমে নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল আমার দেশকে জানান, নিরাপত্তাব্যবস্থার কিছু ঘাটতি চিহ্নিত করে সেগুলো সমাধানে মন্ত্রী ইতোমধ্যে দিকনির্দেশনা দিয়েছেন। বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে দ্রুত প্রতিরোধব্যবস্থা চালুর নির্দেশ এবং অ্যান্টি-ড্রোন ব্যবস্থা কেনার প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্ব পালনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নেরও নির্দেশনা রয়েছে। বিশেষ করে এপিবিএনের দায়িত্ব পালনের জন্য এসওপি তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বেবিচকের সদস্য (নিরাপত্তা)।

সভায় সিদ্ধান্ত হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ও সিআইপি লাউঞ্জসংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় ডিসেম্বরের মধ্যে আন্ডার ভেহিক্যাল স্ক্যানিং সিস্টেম স্থাপন করতে হবে। এই ব্যবস্থায় গাড়ির নিচের অংশ পরীক্ষা করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে ভিআইপি ও সিআইপি যাত্রীদের কাস্টমস স্ক্রিনিংয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। বিশেষ পরিচয়ে ভ্রমণ করলেও যাত্রীদের নিরাপত্তা ও শুল্কসংক্রান্ত নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের বিষয়টি নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তায় একক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা

বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য বেবিচকের অধীনে একক কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার বাস্তবসম্মত কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় বর্তমানে একাধিক সংস্থা দায়িত্ব পালন করে। এসব সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

আরও পড়ুন: হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা

এছাড়া বিমানবন্দরে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ও কার্যকরভাবে তা মোকাবিলায় বেবিচক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে কে কোন দায়িত্ব পালন করবে, তা আরো সুস্পষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

লাগেজ খুললে বিশেষ ট্যাগ

যাত্রীর অনুপস্থিতিতে কিংবা ট্রানজিটের সময় নিরাপত্তার প্রয়োজনে কোনো লাগেজ খুলতে হলে সংশ্লিষ্ট গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টকে নির্ধারিত সিল বা ট্যাগযুক্ত স্টিকার লাগাতে হবে। এই ব্যবস্থায় লাগেজটি যাত্রীর অজান্তে বা নিরাপত্তা পরীক্ষার প্রয়োজনে কোনো প্রস্থান কিংবা ট্রানজিট বিমানবন্দরে খোলা হয়েছিল কি না, তা শনাক্ত করা সহজ হবে। এতে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং লাগেজ নিয়ে কোনো অভিযোগ বা নিরাপত্তাসংক্রান্ত প্রশ্ন উঠলে বিষয়টি যাচাই করা সহজ হবে।

ভিআইপি-সিআইপি ইমিগ্রেশনে নিয়ন্ত্রণ জোরদার

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরে উন্নয়নের প্রত্যাশা, আশাবাদী স্থানীয়রা

বিমানবন্দরের ভিআইপি ও সিআইপি ইমিগ্রেশন এলাকায় অননুমোদিত প্রোটোকল প্রদানকারীদের প্রবেশ ঠেকাতে নিয়ন্ত্রণ জোরদার করা হবে। এ ধরনের সুবিধা পেতে মিশনসংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। এ বিষয়ে বিদেশি দূতাবাসগুলোকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ভিআইপি ও সিআইপি যাত্রীদের কাস্টমস স্ক্রিনিংয়ের ক্ষেত্রেও প্রয়োজনীয় নির্দেশনা ও স্মারক জারি করা হবে।

নিরাপত্তা সংস্থার জন্য এসওপি প্রণয়ন

বিমানবন্দরের বহিরাঙ্গনে নিরাপত্তার দায়িত্বে থাকা সব সংস্থাকে জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি এবং এয়ার নেভিগেশন অর্ডার অনুসারে নিজ নিজ দায়িত্বের আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) প্রণয়ন করতে হবে।

এসওপিতে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব, কার্যক্রম পরিচালনার নিয়ম এবং নিরাপত্তাসংক্রান্ত করণীয় নির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এপিবিএনের দায়িত্ব পালনের জন্য এসওপি তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বেবিচকের সদস্য (নিরাপত্তা)।

আরও পড়ুন: জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামানো বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রপ্তানি কার্গোর ঝুঁকিপূর্ণ মর্যাদা প্রত্যাহারে উদ্যোগ

বাংলাদেশের রপ্তানি কার্গোর ওপর থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ কার্গো ও মেইলসংক্রান্ত মর্যাদা প্রত্যাহারের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি কার্গো ও মেইল ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ নিরসনের চেষ্টা করা হবে।

লাইটিং সিস্টেমের যন্ত্রাংশ চুরি ঠেকানোর নির্দেশ

আরও পড়ুন: ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদ স্থগিত

কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের সমুদ্রবক্ষে স্থাপিত প্রিসিশন অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমের তার ও যন্ত্রাংশ চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নিতে হবে। রানওয়ের নিরাপদ ব্যবহার এবং উড়োজাহাজের অবতরণে সহায়তাকারী এ ধরনের আলোকব্যবস্থার কার্যকারিতা বজায় রাখতে যন্ত্রাংশের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিমানবন্দরের প্রবেশপথ, গাড়ি ও লাগেজ পরীক্ষা, আকাশপথের নিরাপত্তা, ভিআইপি ও সিআইপি যাত্রীদের ব্যবস্থাপনা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার দায়িত্ব পালনে নজরদারি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আইকাওয়ের আসন্ন নিরাপত্তা মূল্যায়নের প্রস্তুতিও আরো জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে সিএনিউজ বন্ধের দাবিতে ৫ লাখের বেশি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ এম


ফ্রান্সে সিএনিউজ বন্ধের দাবিতে ৫ লাখের বেশি স্বাক্ষর

ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের জন্য করা আবেদনে পাঁচ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। চ্যানেলটির প্রচারিত খবরের ধরন, যা অভিবাসন ও অপরাধ নিয়ে বর্ণবাদী মনোভাব উসকে দিচ্ছে—এমন অভিযোগের ফলে আবেদনটিতে সমর্থনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত জুন মাসে চ্যানেলটি বন্ধের দাবিতে এই আবেদন শুরু হয়। তবে গত ২৩ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে কঙ্গো বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বর্ণবাদী হামলায় হত্যার ঘটনার পর স্বাক্ষরের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট আইনজীবীর মতে, অভিযুক্ত ব্যক্তি মুসলিম, আফ্রিকান বা উত্তর আফ্রিকান মনে হওয়া মানুষদের লক্ষ্যবস্তু করছিলেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি সিএনিউজের নিয়মিত দর্শক ছিলেন।

সমালোচকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের আদলে পরিচালিত সিএনিউজে অভিবাসনবিরোধী বক্তব্য ও উগ্র ডানপন্থী মতাদর্শকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। চ্যানেলটির মালিক হচ্ছেন ফ্রান্সের ধনকুবের ভিনসেন্ট বোলোরে।

আবেদনে সিএনিউজকে সংবাদমাধ্যমের পরিবর্তে ‘প্রচারযন্ত্র’ হিসেবে উল্লেখ করে ফ্রান্সের সম্প্রচারমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। দেশটির দুই পরিবেশবাদী আইনপ্রণেতা বর্ণবাদী বিদ্বেষ ঠেকাতে চ্যানেলটির সম্প্রচার অনুমোদন বাতিলের আহ্বান জানিয়েছেন।

তবে সিএনিউজের দাবি, তারা উগ্র ডানপন্থী মতাদর্শ বা বর্ণবাদী বক্তব্য প্রচার করে না; বরং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করে। আবেদনটিকে রাজনৈতিক দাবি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি চ্যানেলটি।

ফ্রান্সের জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী, কোনো আবেদনে পাঁচ লাখ স্বাক্ষর জমা পড়লে সংসদে এ বিষয়ে জনআলোচনার আয়োজন করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে আগে সংসদীয় কমিশনকে আবেদনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র: ডিডাব্লিউ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিন্ন সক্ষমতার শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতার সন্ধ্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ এম


ভিন্ন সক্ষমতার শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতার সন্ধ্যা

একটি মঞ্চে বিভিন্ন ধরনের পরিবেশনা উপস্থাপন করা হলো। কখনও রবীন্দ্র সংগীতের সুর, কখনও লোকগানের ছন্দ, আবার কখনও নৃত্যের মুদ্রায় শিল্পীদের সৃজনশীলতা প্রকাশিত হলো। বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরলেন। তাদের অংশগ্রহণে সাজানো এই আয়োজনটি প্রমাণ করলো যে, শিল্পের জগতে প্রতিভা প্রকাশের জন্য শারীরিক ও মানসিক সক্ষমতার কোনো নির্দিষ্ট ছক নেই।

‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শিরোনামে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এমন একটি সাংস্কৃতিক আয়োজনের আয়োজন করে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ আয়োজনে এর তাৎপর্য তুলে ধরে বলেন, ‘সাংস্কৃতিক অধিকার সবার জন্য সমান। শারীরিক কিংবা মানসিক অবস্থার ভিত্তিতে কাউকে এই অধিকার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।’

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব) সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে প্রশাসন ও কাস্টমসের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে প্রশাসন ও কাস্টমসের অভিযান

কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল ট্যোবাক্যো কোম্পানীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কাস্টমসের অভিযান টিম। অভিযানের উদ্দেশ্য ছিল শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল ব্যবহার করে নকল সিগারেট তৈরির অভিযোগের তদন্ত করা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার কেউপুর এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান, কুষ্টিয়া কাস্টমসের সার্কেল-২ ভেরামারা রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক, রাজস্ব কর্মকর্তা মো. জাহাংগীর আলম খান, কাস্টমসের কুষ্টিয়া সার্কেল -১ এর রেভিনিউ অফিসার বিজন কুমার তালুকদার, মিরপুর থানার পুলিশের টিম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় প্রশাসন তিন ক্যাটাগরির ব্যান্ডরোল দ্বারা তৈরি সিগারেটের প্যাকেট উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ওই সকল ক্যাটাগরির ব্যান্ডরোল যাচাই করা সম্ভব না হওয়ার কারণে কাস্টমস ১০ হাজার শলাকা বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করে। পরবর্তীতে এই সিগারেটের প্যাকেটে থাকা ব্যান্ডরোল ল্যাবের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর জাল প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) আফরোজ শাহীন খসরু। তিনি জানান, "আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে আসি যে এখানে অন্য কোম্পানীর প্রডাক্ট তৈরি হচ্ছে এই কোম্পানীর কারখানাতে। আমরা এখানে আসার পরে সেটা পাইনাই। আমরা তাদের প্রোডাক্টই পেয়েছি। পরবর্তীতে আরেকটা তথ্য পাই ব্যান্ডরোলে সমস্যা থাকতে পারে। তার প্রেক্ষিতে আমরা ব্যান্ডরোল যাচাই করে তিন টাইপের স্যাম্পল পেয়েছি। যেহেতু এইটার স্পেশালিষ্ট কাস্টমস, এই ব্যান্ডরোলগুলো (এনবিআর) থেকে আসে। আমরা তাদের কাছে স্যাম্পল হস্তান্তর করেছি। তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।"

কুষ্টিয়া কাস্টমসের ডেপুটি কমিশনার নুরুল বাসির জানান, উপজেলা প্রশাসন ও কাস্টমসের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। তিন ক্যাটাগরির ব্যান্ডরোল পাওয়ায় ১০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। ওই সিগারেটের প্যাকেটে জাল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে কিনা যাচাইয়ের জন্য ল্যাবে পাঠানো হবে। রিপোর্টে জাল স্টাম্পের ব্যান্ডরোল ব্যবহার করার প্রমাণ মিললে আমরা বাদী হয়ে মামলা করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারে প্রশাসনের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারে প্রশাসনের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে শেষবারের মতো বক্তব্য রেখেছেন। তিনি ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের পাশে দাঁড়িয়ে নিজের প্রশাসনের সংস্কার ও নির্মাণের সাফল্য তুলে ধরেন। নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চেয়ে তিনি ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।

বক্তব্যের সময় ট্রাম্প মরিচা ধরা পাইপ ও শেওলা জমার ছবি সংবলিত পোস্টার প্রদর্শন করেন। তার দাবি, সংস্কারকাজে ভাঙচুরের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে আদালতে জমা দেওয়া নথিতে তার প্রশাসনের পক্ষ থেকে এই দাবির বিরোধিতা করা হয়েছে।

ট্রাম্প ওয়াশিংটনে বিভিন্ন সংস্কার ও নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করছেন। এর মধ্যে লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সংস্কারও রয়েছে। তবে এই প্রকল্পের বাস্তবায়নে নানা বাধা ও জটিলতার সম্মুখীন হতে হয়েছে।

সংস্কারকাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘এটি ছিল এমন এক শিল্পকর্ম, যা কখনো কাজ করেনি। কিন্তু এখন এটি কাজ করবে।’

এরপর তিনি মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নিজের প্রশাসনের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের আক্রমণ করেন।

ট্রাম্প বলেন, ‘কোনো কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জয়ী হন না। তবে আমরা এবার জোরালো চেষ্টা করেছি।’

এ সময় তিনি নিজের ‘ট্রায়াম্ফাল আর্চ’ নির্মাণ প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরেন। ২৫০ ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। তবে প্রকল্পটি বন্ধের দাবিতে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। আদালতে এসব মামলা চলমান রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%