মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের স্ট্যাটাসের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অপতথ্য মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে।
তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
সালমান মুক্তাদিরের অভিযোগের পর জামায়াতে ইসলামির আমির ওই বক্তব্যকে বিশ্বাসযোগ্য ধরে একটি স্ট্যাটাস দিয়েছিলেন—এমন প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্তব্য করেন, বিরোধী দলের রাজনীতি করা কেউ সরকারের কোনো সমস্যা পেলে সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইবেন, সেটি স্বাভাবিক। তিনি বলেন, "এটা আমরা বিরোধী দলে থাকলে আমরাও করব, এটাই নিয়ম।"
তবে, সালমান মুক্তাদির তার পোস্ট সরিয়ে নেওয়ার পরও ওই ঘটনার ভিত্তিতে দেওয়া রাজনৈতিক বক্তব্য বা পোস্টগুলো বহাল থাকা নিয়ে প্রশ্ন তোলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, "যখন উনি জানলেন এটা, ওই স্ট্যাটাসটা এখনো রয়ে গেছে।... তখন হতে পারতো না যে জামায়াতের আমির এই কথাটাকেই উল্লেখ করে একটা স্ট্যাটাস দেওয়া?"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সালমান মুক্তাদির নিজেই যখন তার আগের পোস্ট বা বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, তখন তার ভিত্তিতে দেওয়া রাজনৈতিক বক্তব্য থেকেও সংশ্লিষ্টদের সরে আসা উচিত ছিল। তিনি বলেন, "তারা যদি বলতেন যে, ঠিক আছে, আমরা আগে এভাবে জেনেছিলাম বলে স্ট্যাটাসটা দিয়েছি, এখন এটা না, আমরা এই ব্যাপার থেকে আমাদের উইথড্র করলাম এইটুকু হলেই হতে পারতো।"
জাহেদ উর রহমান বলেন, "আমরা এই কথাটা আসলে বলতে চাই যে, শুধু আইনি সুরক্ষা না, একটা সামাজিক এবং রাজনৈতিক সদিচ্ছাসহ আমাদের প্রয়োজন হবে।"
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর তার দেওয়া বক্তব্য প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, তিনি প্রথমে বিএনপির নেতারা চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করেছিলেন। পরে আবার জানান, চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত নয়। একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে এমন তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে?
উত্তরে জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদির ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার তার প্রতি সহানুভূতিশীল। তবে ঘটনার বিষয়ে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি বলেন, "সালমান মুক্তাদিরের সঙ্গে আমরা সহানুভূতি রেখে কথা বলি, কারণ উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটার শিকার হয়েছেন। আমরা তার প্রতি সহানুভূতিশীল। কিন্তু সেই অবস্থায় তিনি যেভাবে এটা বলেছেন..."।
সালমানের বক্তব্যের পর রাজনৈতিক নেতাদের কেউ কেউ সেই তথ্যের ভিত্তিতে মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, পরে সালমান মুক্তাদির নিজেই স্বীকার করেছেন যে বিষয়টি আসলে চাঁদাবাজির ঘটনা নয়। একই সঙ্গে তার স্টুডিও ছাড়াও আরও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, কোনো ধরনের সহিংসতার পক্ষে সরকার সাফাই গাইছে না। এ ধরনের ঘটনা হওয়া উচিত ছিল না এবং তা ঠেকাতে পারা উচিত ছিল। এখন সরকারের দায়িত্ব দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা।
তিনি বলেন, "কোনো রকম ভায়োলেন্স হয়েছে, এটাকে সরকার সাফাই গাইছে না। এটা হওয়া উচিত হয়নি, এটা ঠেকাতে পারা উচিত ছিল এবং এখন অন্তত সরকারের কাজ হবে দ্রুত এটার বিচার নিশ্চিত করা।"
সালমান মুক্তাদিরের ঘটনা নিয়ে অপতথ্যের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, বিষয়টি শুধু একজন ব্যক্তি বা একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে তার প্রভাবও ব্যাপক হতে পারে।
তিনি বলেন, বিশ্বজুড়ে অপতথ্য এখন বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। যাদের ব্যাপক ‘রিচ’, ‘ভয়েস’ ও ‘ট্র্যাকশন’ রয়েছে, তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।
জাহেদ উর রহমান বলেন, "আমি আশা করি, সালমান মুক্তাদিরের মতো মানুষ যাদের প্রচুর রিচ আছে, ভয়েসের, ট্র্যাকশন আছে, তারা দায়িত্বশীল হবেন।"
অপতথ্য মোকাবিলায় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনি কাঠামোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ প্রসঙ্গে সাইবার সুরক্ষা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কাজ চলছে।
তিনি বলেন, "জনগণকে সচেতন করা এবং এর সঙ্গে আইনি অবকাঠামোর মধ্যে এগুলো নিয়ে আসার জন্য আপনারা জানেন একটা আইন নিয়ে কাজ হচ্ছে, সাইবার সুরক্ষা আইন। সে আইনটা আসলে আমরা আশা করি, সেই আইনি পরিসীমার মধ্যে এগুলো নিয়ে কাজ করা যাবে।"
সংবাদ সম্মেলনে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি কোনো ঘোষণা বা কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোসলেউদ্দিন নামক এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে।
এছাড়া, শুধুমাত্র ফ্যামিলি কার্ড নয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশুর জন্মনিবন্ধন এবং শিক্ষকতার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েও এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন তিনি।
অভিযুক্ত মোসলেউদ্দিন চর মার্টিন ইউনিয়নের মুন্সিরহাট এলাকার আবুল বাশারের ছেলে। ভুক্তভোগীদের মতে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন সরকারি কর্মকর্তার ‘ঘনিষ্ঠ ব্যক্তি’ হিসেবে দাবি করে প্রতারণা চালিয়ে আসছিলেন।
স্থানীয় মুন্সিরহাট বাজারের প্রবীণ সবজি বিক্রেতা আবু তাহের বলেন, "রাস্তাঘাট ও ডোবা থেকে কচুর লতি আর শাক তুলে বাজারে বিক্রি করে ৫-১০ টাকা করে জমানো টাকা মোসলেউদ্দিনের হাতে তুলে দিয়েছিলাম। সে বলেছিল, ফ্যামিলি কার্ড হলে সরকার মাসে মাসে টাকা দেবে, বাকি জীবন আরামে চলবে। কার্ডের জন্য ‘উপজেলার স্যারকে’ দিতে হবে বলে আমার কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা নেয়। পরে বুঝতে পারি, সে আমাকে ধোঁকা দিয়েছে।"
একই এলাকার চা দোকানদার আবদুস সহীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, কহিনুর বেগমের কাছ থেকে ৩ হাজার টাকা, ফয়জুন্নেছার কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, নুরনাহারের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মেথর সেলিমের কাছ থেকেও ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেন মোসলেউদ্দিন।
শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা ষাটোর্ধ্ব অজুফা খাতুন আক্ষেপ করে বলেন, "টাকার অভাবে ওষুধ কিনতে কষ্ট হয়। ফ্যামিলি কার্ড হলে প্রতি মাসে টাকা পাওয়া যাবে বলে মোসলেউদ্দিন আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে। এখন টাকাও নেই, মোসলেউদ্দিনও নেই, কার্ডও নেই।"
এছাড়া, রহিমা আক্তার নামের এক নারীর কাছ থেকে ছেলের জন্মনিবন্ধনের কথা বলে ২ হাজার টাকা এবং জরিনা বেগম নামের অপর এক নারীর কাছ থেকে বয়স্ক ভাতা দেওয়ার নামে ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রতারণার জাল ছড়িয়েছে চাকরির আশ্বাসেও। স্থানীয় পল্লিচিকিৎসক মো. বশির জানান, এক বছর আগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা নেন মোসলেউদ্দিন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মতো আরও অন্তত ২০ জন প্রার্থীর কাছ থেকে একইভাবে টাকা হাতিয়ে নিয়েছেন মোসলেউদ্দিন। এখন পাওনা টাকা ফেরত চাইলে উলটো গালমন্দ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি।
স্থানীয় তারেক রহমান রকি বলেন, "ফ্যামিলি কার্ড ও নানা ভাতার নামে মোসলেউদ্দিনের প্রতারণার বিষয়টি এলাকার সবার জানা। প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ প্রতারণা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।"
এদিকে, প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে সম্প্রতি স্থানীয় মুন্সিরহাট বাজারে ৩০ থেকে ৩৫ জন ভুক্তভোগী একত্রিত হয়ে মোসলেউদ্দিনকে অবরুদ্ধ করেন। এ সময় তীব্র হট্টগোল সৃষ্টি হলে স্থানীয় সাবেক মেম্বার নুরুল আমিনসহ কয়েকজন এসে পরিস্থিতি শান্ত করেন। পরে ভুক্তভোগীদের সমুদয় টাকা ফেরত দেওয়ার শর্তে মুক্ত হন মোসলেউদ্দিন। এ-সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ যুগান্তরের হাতে এসেছে।
অভিযুক্ত মোসলেউদ্দিন প্রতারণার বিষয়টি অস্বীকার করে বলেন, "এলাকার একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব রটাচ্ছে।" ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতার নামে টাকা নেওয়ার অভিযোগে লোকজন আপনাকে অবরুদ্ধ করার একটি ভিডিও রয়েছে—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, উক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যালয়ে ইতোমধ্যে আবু তাহের ও পারভীন আক্তার নামে দুজন ব্যক্তির দুটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে টেঁটাযুদ্ধের ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চালিভাংগা ইউনিয়নের নলচর গ্রামে সংঘর্ষটি ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শহিদুল্লাহ (২০), যুবদল নেতা মো. ওয়াসিম প্রধান (৪০), ছালমা আক্তার (২৫), জয়মালা আক্তার (৫০), শরুফা আক্তার (৪৫) এবং চালিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল সরকার (৪৫)। জানা গেছে, ছালমা আক্তার ও জামাল সরকারের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নলচর গ্রামবাসী বৈঠক করে যুবদল নেতা রবিউল্লাহ রবিকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন। একই সময়, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বারেক প্রধানও বৈঠকে রবির সমর্থন করেন।
পরবর্তীতে বারেক প্রধান নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন, যা রবি গ্রুপ ও বারেক গ্রুপের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সোমবার রাতে বারেক প্রধানের ছেলে মহসিন রবির সমর্থকদের ধাওয়া করেন।
এ ঘটনার পর মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, যুবদল নেতা রবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন।
চালিভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, "চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়।" তিনি জানান, মঙ্গলবার সকালে দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় গ্রুপের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বারেক প্রধান ও রবিউল্লাহ রবির সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও সেমিকন্ডাক্টর খাতে অংশীদারিত্বের সম্ভাবনা পর্যালোচনা করেছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল গত ২৭ সেপ্টেম্বর ‘ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালি’-তে এই বৈঠকের আয়োজন করে।
বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ক্যালিফোর্নিয়ায় আয়োজিত গোলটেবিল বৈঠকে এআই, সাইবার নিরাপত্তা এবং সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বাস্তবসম্মত সুযোগ-সুবিধাদি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রযুক্তি খাতের নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।
এছাড়া ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, পৃথিবী পর্যবেক্ষণ (আর্থ অবজারভেশন) এবং উন্নত উৎপাদন প্রযুক্তি বিষয়ক আলোচনা এই বৈঠকে অন্তর্ভুক্ত ছিল।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন— রেপ্লিট-এর প্রতিষ্ঠাতা ও সিইও আমজাদ মাসাদ, জিস্কেলার-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও জে চৌধুরী এবং ইন্টেল-এর সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন কারম্যাক্স-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামিম মোহাম্মদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার খবরের পর ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্রয় চুক্তি আগামী অক্টোবরেই চূড়ান্ত হতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন।
বিমানমন্ত্রী জানিয়েছেন, দেশের আকাশপথের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরকে শক্তিশালী করতেই এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ সরবরাহের দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির প্রথম চালানটি ২০৩১ সালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। সেই বড় চুক্তির ধারাবাহিকতায় এবার ইউরোপের এয়ারবাস বহরে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কেনা উড়োজাহাজগুলো হস্তান্তরে কয়েক বছর সময় লাগবে, তাই মধ্যবর্তী সংকট কাটাতে লিজের মাধ্যমে আরও ১০টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে সরকার।
বিমানমন্ত্রী আরও বলেন, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইনসগুলো বেশি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশি এয়ারলাইনসের সক্ষমতা বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন গন্তব্যে আরও ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।
তিনি জানান, নিউইয়র্কে পুনরায় ফ্লাইট চালুর চেষ্টা চলছে। সিডনি রুট চালুর বিষয়েও পরিকল্পনা রয়েছে। জাপানে একটি ফ্লাইট চালু রয়েছে এবং সেখানে দ্বিতীয় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এয়ারবাস কেনার বিষয়ে কোনো চাপ বা শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "আমরা কোনো চাপে কিছু করছি না। আমাদের প্রয়োজনের কারণে করছি। আমাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য করছি।"
তিনি উল্লেখ করেন, কোন দেশ থেকে কতটি উড়োজাহাজ কেনা হবে, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। দেশের প্রয়োজন ও অ্যাভিয়েশন খাতের স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ