০৩:০৪ পি.এম
উম্মু খালিদ বিনতে খালিদ (রা.) ছিলেন বিশিষ্ট সাহাবি খালিদ ইবনে সাঈদ ইবনুল আস (রা.)-এর কন্যা। মক্কায় কুরাইশদের অত্যাচার ও নির্যাতনের কারণে মুসলমানদের একটি দল দ্বিতীয়বারের মতো আবিসিনিয়ায় হিজরত করেছিল, যেখানে খালিদ ইবনে সাঈদ (রা.) ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। হিজরতের সময় তিনি তাঁর স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান। আবিসিনিয়াতে তাঁদের ঘরে জন্মগ্রহণ করেন আমা বিনতে খালিদ, যিনি পরবর্তীতে উম্মু খালিদ নামে পরিচিতি লাভ করেন।
খায়বার বিজয়ের পর, আবিসিনিয়ায় হিজরতকারী মুসলমানরা মদিনায় ফিরে আসেন। তাঁদের সঙ্গে খালিদ ইবনে সাঈদ (রা.)-ও পরিবার নিয়ে মদিনায় আগমন করেন। ছোটবেলা থেকেই উম্মু খালিদ (রা.) মা-বাবার মুখে রাসুলুল্লাহ (সা.)-এর কথা শুনে আসছিলেন। এবার তাঁকে সরাসরি দেখার সুযোগ ঘটে। এভাবেই তিনি সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেন, তখন তাঁর বয়স ছিল আনুমানিক ছয় কিংবা সাত বছর।
শৈশবকাল থেকেই রাসুলুল্লাহ (সা.)-এর স্নেহ ও ভালোবাসার একটি অনন্য ঘটনা রয়েছে তাঁর জীবনে। একদিন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে কিছু পোশাক উপহার হিসেবে আনা হলো, যার মধ্যে একটি নকশা করা সুন্দর কালো চাদর ছিল। তিনি সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘এই চাদরটি কাকে দেওয়া যায়?’ সাহাবিরা শিষ্টাচারবশত কোনো উত্তর দিলেন না। তখন তিনি বললেন, ‘উম্মু খালিদকে আমার কাছে নিয়ে এসো।’
আরও পড়ুন: বিপদ কখনো মুমিনের জীবনে কল্যাণ বয়ে আনে
রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশে একজন সাহাবি ছোট্ট উম্মু খালিদকে তাঁর সামনে নিয়ে এলেন। তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে নিজের হাতে নকশাদার চাদরটি উম্মু খালিদকে পরিয়ে দিলেন। এরপর তাঁর জন্য দোয়া করলেন, ‘ইলবাসি ওয়া আখলিকি’—অর্থাৎ, ‘এটি পরিধান করো এবং দীর্ঘদিন ব্যবহার করো।’ আরবদের ভাষায় কাউকে এভাবে দোয়া করার অর্থ হলো, সে যেন দীর্ঘজীবী হয় এবং পোশাকটি দীর্ঘদিন ব্যবহার করার সুযোগ পায়।
চাদরটি পরানোর পর রাসুলুল্লাহ (সা.) স্নেহভরা দৃষ্টিতে উম্মু খালিদের দিকে তাকালেন। পোশাকের নকশা ও সৌন্দর্য দেখে তিনি আনন্দ প্রকাশ করে বললেন, ‘সানা, সানা ইয়া উম্মু খালিদ।’ অর্থাৎ ‘সুন্দর, সুন্দর! হে উম্মু খালিদ!’
এখানে একটি চমৎকার বিষয় লক্ষণীয়। সৌন্দর্য বোঝাতে রাসুলুল্লাহ (সা.) প্রচলিত আরবি শব্দ ব্যবহার না করে আবিসিনীয় ভাষার শব্দ ‘সানা’ ব্যবহার করেছিলেন। কারণ, উম্মু খালিদের জন্ম ও শৈশব কেটেছিল আবিসিনিয়ায়। ফলে তিনি সেখানকার ভাষার সঙ্গে পরিচিত ছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁর সঙ্গে সেই ভাষায় কথা বলে শিশুটির প্রতি আন্তরিক স্নেহ ও মমতার পরিচয় দিয়েছিলেন।
আবিসিনিয়া থেকে মুসলমানদের মদিনায় ফেরার সময় উম্মু খালিদ (রা.)-এর জীবনে একটি স্মরণীয় ঘটনা ঘটে। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশি মুসলমানদের নৌকায় তুলে দেওয়ার আগে তাঁদের বলেছিলেন, ‘আপনারা আমার সালাম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছে দেবেন।’ মদিনায় পৌঁছে উম্মু খালিদ (রা.) সেই আমানত যথাযথভাবে পালন করেন এবং নাজ্জাশির সালাম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছে দেন।
আরও পড়ুন: পবিত্র ওমরাহ পালনে সময় লাগছে মাত্র ১২৪ মিনিট
পরবর্তী সময়ে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি জুবাইর ইবনুল আওয়াম (রা.)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ওমর ও খালিদ নামে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করেন। ছোট ছেলে খালিদের নামানুসারেই আমা বিনতে খালিদ (রা.) ‘উম্মু খালিদ’ নামে অধিক পরিচিত হয়ে ওঠেন।
দীর্ঘ জীবন লাভ করেছিলেন এই সৌভাগ্যবতী সাহাবি। ৯১ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাঁকে নারী সাহাবিদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবি হিসেবেও উল্লেখ করা হয়। (ইবনে হাজার, আল-ইসাবা, ৮/৩৮৫, সহিহ বুখারি, হাদিস : ৫৮৪৫; সুনানে আবু দাউদ, হাদিস : ৪০২৪; ইবনে হাজার, আল-ইসাবা, ৮/৩৮৫)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন