০৩:০৫ পি.এম
শরীয়তপুরে মানববন্ধন ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ এই কর্মসূচি আয়োজন করেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুর কোর্ট এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এই সময় বসুন্ধরা শুভসংঘের বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রদর্শিত পোস্টারগুলোতে নিরাপদ খাদ্যের দাবি, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পোস্টারে উল্লেখ ছিল, ‘ভেজালমুক্ত খাদ্য চাই, শিশুদের সুস্থ ভবিষ্যৎ চাই’, ‘খাদ্যে ভেজালকারীর শাস্তি চাই, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই’, ‘খাদ্যে ভেজাল রুখে দিন, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলুন’, ‘ভেজাল খাবার খাব না, অসুস্থ জীবন গড়ব না’ এবং ‘শিশুর খাবারে বিষ মেশাবেন না, আগামী প্রজন্মকে ধ্বংস করবেন না’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান।
বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা এবং দৈনিক কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন।
আরও পড়ুন: জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল
সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ মন্তব্য করেন, খাদ্য মানুষের মৌলিক চাহিদার অন্যতম। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ীর কারণে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশুদের খাদ্যে ভেজাল মেশানো অত্যন্ত উদ্বেগজনক। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনিক অভিযান ছাড়াও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি খাদ্যে ভেজালকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শুভসংঘের জেলা শাখার উপদেষ্টা শরিফুল আলম ইমন বলেন, নিরাপদ খাদ্য পাওয়া প্রতিটি মানুষের অধিকার। খাদ্যে ভেজাল শুধু একজন মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে না, বরং একটি প্রজন্মের সুস্থ বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত ও ভোগের প্রতিটি পর্যায়ে সতর্কতা প্রয়োজন। ভেজাল খাদ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, সামাজিক সংগঠন, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বসুন্ধরা শুভসংঘ সব সময় শুভ কাজে সবার পাশে থাকে। সকল পরিস্থিতিতে মানুষের কল্যাণে সংগঠনটির এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আজকের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক মো. রিমন ঢালী, দপ্তর সম্পাদক ওমর বিন আলী, প্রচার সম্পাদক শাহিন আলম, অ্যাডভোকেট মৌসুমী আক্তার, অ্যাডভোকেট ইয়াকুব হোসাইন, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট সজীব আহমেদ, অ্যাডভোকেট সরদার মো. রাসেল, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট রুবেল আরমান, শিক্ষানবিশ আইনজীবী মো. রাশিদুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী সুমাইয়া শারমিন, মেহেদী হাসান, মুরাদ হোসেন, রেজা আহসান, সেতু আক্তার, শিক্ষার্থী মিম আক্তার, মো: আল-আমিন, মো: মাসুদ রানা, আশরাফুল রাসেল এবং জীবন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য।
আরও পড়ুন: জকিগঞ্জে বিধবা নারীর সাহায্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন