ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

১৬৯ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’, জলোচ্ছ্বাসের আশঙ্কা


১৬৯ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’, জলোচ্ছ্বাসের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্যানহ্যান্ডেল উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’। ঝড়টির প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ মাইল (প্রায় ১৬৯ কিলোমিটার) বেগে বাতাস বয়ে যাচ্ছে। এতে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

 

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফ্লোরিডার ডেসটিনের কাছে ‘ক্যাটাগরি ২’ মাত্রার ঝড়টি উপকূলে আছড়ে পড়ে।

আরও পড়ুন: তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’

 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর ফ্লোরিডার পশ্চিম প্যানহ্যান্ডেল এলাকার পাঁচ লাখের বেশি মানুষের জন্য সতর্কতা জারি করেছে। ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চল ও দক্ষিণ জর্জিয়ায় বন্যার উচ্চ ঝুঁকির সতর্কতা দেয়া হয়েছে।

 

ফ্লোরিডার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে। সান্তা রোসা বিচে ঘণ্টায় ১১৬ মাইল (প্রায় ১৮৭ কিলোমিটার) বেগে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়। প্রবল বাতাসের কারণে সমুদ্রের পানি উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে স্বাভাবিক জোয়ারের উচ্চতা ছাড়িয়ে পানির স্তর বেড়ে যাচ্ছে, যা ‘স্টর্ম সার্জ’ বা জলোচ্ছ্বাস নামে পরিচিত।

আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী

 

প্রতিবেদনে বলা হয়েছে, পেনসাকোলায় প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিতে পামগাছ ও সড়কের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

 

ঘূর্ণিঝড় ইসাইয়াসের প্রভাবে ফ্লোরিডা ও আলাবামায় বিদ্যুৎবিচ্ছিন্ন লোকের সংখ্যা বাড়ছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ার আউটেজ.ইউএস-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টা পর্যন্ত এই দুই অঙ্গরাজ্যে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

আরও পড়ুন: ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী প্যারিস

 

সিএনএন বলছে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি কনসার্ট ও সংগীত উৎসব স্থগিত বা বাতিল করা হয়েছে। আবহাওয়াজনিত ঝুঁকির কারণে ন্যাশনাল পার্ক সার্ভিস একটি জাতীয় উদ্যান বন্ধ করেছে এবং আরেকটির কিছু অংশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

 

আলাবামার কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভির অনুরোধ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

 

সূত্র: সিএনএন
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪১ এম


ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (১০ অক্টোবর) ভোরে অনুষ্ঠান উদ্বোধন করার পর তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মহালয়ার আয়োজনে অংশগ্রহণ করেন।

মহালয়া উদযাপনের মাধ্যমে পিতৃপক্ষের সমাপ্তি ঘটেছে এবং দেবীপক্ষের শুরু হয়েছে। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে।

মহালয়া উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর ৬টায় চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। পিতৃপক্ষের অবসানে ধর্মাবলম্বীরা প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধে প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা চার হারে বরখাস্ত হলেন তুরস্কের কোচ ভিনচেঞ্জো মনতেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪১ এম


টানা চার হারে বরখাস্ত হলেন তুরস্কের কোচ ভিনচেঞ্জো মনতেলা

টানা ব্যর্থতার খেসারত দিতে হলো ভিনচেঞ্জো মনতেলাকে। গতকাল উয়েফা নেশনস লিগে একের পর এক হারে ইতালিয়ান এই কোচকে তুরস্কের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) সামাজিক মাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, ‘প্রধান কোচের সঙ্গে আর চুক্তি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

নেশনস লিগে ফ্রান্স ও বেলজিয়াম এবং ইতালির বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে তুরস্ক। চার ম্যাচে চার হার। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ মনতেলার পদে থাকা যে কঠিন ছিল, সেটাই সত্যি হলো।

মনতেলা ২০২৩ সালের সেপ্টেম্বরে তুরস্কের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে শুরুতে দলের সাফল্যের মুখ দেখা যায়। ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছিল তুরস্ক। তবে শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।

দলে ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান চালহানোলু, রিয়াল মাদ্রিদের আরদা গুলের ও জুভেন্টাসের ফরোয়ার্ড কেনান ইলদিজের মতো তারকা থাকলেও সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি তুরস্ক। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে তাদের। অর্জন বলতে শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারানো।

নেশনস লিগে আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে তুরস্ক। এরপর ১৫ নভেম্বর ফ্রান্সের মাঠে খেলবে দলটি। এই দুই ম্যাচের আগেই নতুন কোচ খুঁজতে হবে তুরস্ক ফুটবল ফেডারেশনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিঞা

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


জার্মানিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিঞা

জার্মানিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিঞা

জার্মানিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত ড. জিয়াউদ্দিন হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিঞা।

এ সময় তাঁদের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।

প্রবাসে থেকেও বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা ও দেশের সার্বিক উন্নয়ন নিয়ে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দেশের সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাওয়ার প্রত্যাশা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিইসির পদত্যাগ দাবিতে অবরুদ্ধ দিল্লি, ২০ হাজার পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৪ এম


সিইসির পদত্যাগ দাবিতে অবরুদ্ধ দিল্লি, ২০ হাজার পুলিশ মোতায়েন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

 

বিক্ষোভ ঠেকাতে সড়ক, মেট্রো ও ট্রেন চলাচল বন্ধের পদক্ষেপ নেয়া হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে তা সচল করা হয়েছে। তবে যন্তর মন্তর ঘিরে চার কিলোমিটার এলাকায় শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।

 

মহাসমাবেশের অনুমতি না থাকায় আইন ভাঙলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

 

সংবাদমাধ্যম এনডিটিভির পতিবেদনে বলা হয়েছে, রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখা হবে। এছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা, এরকম দিল্লির বাইরে থেকে আসা ২৫০টির বেশি ট্রেন এবং লোকাল ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।

 

টানা বিক্ষোভের মধ্যে দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থককে আটকের দাবি করেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। তবে ধরপাকড় উপেক্ষা করেই শনিবার দিল্লির যন্তর মন্তরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে ভারতীয় যুবসমাজের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

 

এদিকে ভোট চুরির অভিযোগে আন্দোলনের চতুর্থ দিনে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

 

এর আগে, শুক্রবার রাতে রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্য ও নেতারা। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী প্রতিনিধিদলের সদস্যরা। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন ১৬টি দলের ১৬ নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%