০৮:১৯ পি.এম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকায় ঘটেছে একটি নির্মাণাধীন বাড়িতে ডাকাতির ঘটনা। ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে সশস্ত্র ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানাচ্ছে, রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার সময়ে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের নির্মাণাধীন বাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর তারা সুমন হাওলাদার, তার স্ত্রী রুমা আক্তার এবং আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
রুমা আক্তার জানাইছে, তার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকে। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। গভীর রাতে মেয়েকে নিয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পান। তিনি চিৎকার করতে গেলে একজন ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে সেখানে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার দ্রুত লুট করে পালিয়ে যায়। তবে লুট হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তিনি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আব্দুল হাকিমের মতে, এলাকায় মাদক কারবার ও অপরাধ প্রবণতার মধ্যে সম্পর্ক বিদ্যমান। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন