ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মাদারীপুরে র‍্যাবের বিশেষ অভিযান, ১২৮ বোতল এসকাফ সিরাপ জব্দ; গ্রেপ্তার ১


মাদারীপুরে র‍্যাবের বিশেষ অভিযান, ১২৮ বোতল এসকাফ সিরাপ জব্দ; গ্রেপ্তার ১

মাদারীপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকার বেড়ির বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ  সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।

র‍্যাব জানায়, শনিবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন, পিয়ারপুর গ্রামের বেড়ির বাজার এলাকায় দুই ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবরের সত্যতা যাচাইয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. আয়ুব হোসেন (৪৯)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দিন আলী গাজীর ছেলে।

আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন

র‍্যাবের উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো ৮০ বোতল ও ৪৮ বোতল, মোট ১২৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি র‍্যাবকে জানান, খুলনা ও বরিশাল অঞ্চলে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদক নিজের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে বহন করায় গ্রেপ্তার ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

বাংলাদেশের প্রথম এবং একমাত্র ট্রিপল টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট আশা সিমেন্ট বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে এ উপলক্ষে নোয়াখালী মাইজদীর নোয়া কনভেনশন সেন্টারে “আশা সিমেন্ট: স্বপ্নযাত্রায় নব দিগন্ত” শীর্ষক প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সজিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, আশা সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার মেহেরাজুল ইসলাম, অ্যাকাউন্ট ম্যানেজার মাইন উদ্দিন হাসান জুয়েল এবং নোয়াখালী অঞ্চলের রিজিওনাল হেড মো. মুহাইমিনুন হক।

এছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের কর্মকর্তা, ডিলার, ব্যবসায়ী, ঠিকাদার ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে আশা সিমেন্ট দেশের নির্মাণ খাতে আস্থার প্রতীক হয়ে উঠেছে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলে কার্যক্রম শুরুর মাধ্যমে এ অঞ্চলের গ্রাহকদের কাছে উন্নতমানের সিমেন্ট ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রোডাক্ট প্রেজেন্টেশন, ব্যবসায়িক মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা ছিল। পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “আশায় গড়ি আগামী” এই প্রত্যয়কে সামনে রেখে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের নির্মাণসামগ্রী ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে আশা সিমেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭১ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭১ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭১ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৩৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগের ৩৪ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশালে বিভাগে ৬৯ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৬৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এবারের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৫৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে এক হাজার ১৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে দলে ফিরলেন লিটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে দলে ফিরলেন লিটন

পুনর্বাসন প্রক্রিয়ার উন্নতির ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা দলে ছিলেন না লিটন, কারণ তিনি বাঁ-পায়ের পেশীর ইনজুরিতে ভুগছিলেন। তবে, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার জন্য তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

পুনর্বাসন প্রক্রিয়ার ফলে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দলে সুযোগ পেলেন লিটন।

৩১ বছরের লিটন আগামীকাল ডারউইনে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন।

গত জুনে ঘরোয়া মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। এরপর তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি। অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টিতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।

অস্ট্রেলিয়া সিরিজের পর, লিটন জিম্বাবুয়ের সফরও মিস করেন। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়। টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও, টাইগাররা টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করে।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

এবার বাংলাদেশ দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবে। সর্বশেষ ২০০৩ সালে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি টাকার সরকারি বরাদ্দ: চরম ক্ষোভে বরিশালের কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি টাকার সরকারি বরাদ্দ: চরম ক্ষোভে বরিশালের কৃষকরা

বরিশাল সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও মৃতপ্রায় লাকুটিয়া খালসহ অন্যান্য খাল পুনঃখননের জন্য বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা কোনো কাজ ছাড়াই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত গেছে। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত এসব অর্থ ব্যবহার না করেই ফেরত দেওয়ায় চরম প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা, কৃষক ও সচেতন মহল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইজিপিপি’ প্রকল্পের আওতায় সদর উপজেলার দুটি খাল খননের জন্য মোট ২ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৭৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ‘মরখোলার পোল থেকে ঝড়ঝড়িয়াতলা বাজার হয়ে মাঝি বাড়ির ব্রিজ’ পর্যন্ত ৬ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকার পুরোটাই অব্যবহৃত অবস্থায় ফেরত পাঠিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। এছাড়া চরবাড়িয়া ইউনিয়নের আরেকটি খালের প্রকল্পে ৭৭ লাখ ২৮ হাজার টাকার মধ্যে প্রায় ৬৮ লাখ টাকাই কাজ না করে ফেরত পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার চরম সংকট দেখা দেয়। সরকারি বরাদ্দ আসার পরও তা কাজে না লাগিয়ে ফেরত পাঠানোয় এলাকার কৃষি, পানি প্রবাহ ও মৎস্য খাতের উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হলো। জেলার অন্যান্য উপজেলায় প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হলেও সদর উপজেলায় কেন হলো না, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ছুটিতে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার জানান, তিনি সম্প্রতি জেলায় যোগদান করেছেন। তিনি বলেন, "কোটি টাকার সরকারি বরাদ্দ কেন বাস্তবায়ন করা গেল না এবং টাকা ফেরত পাঠানো হলো— সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।" এছাড়া লাকুটিয়া ও জেল খাল পুনরায় খনন ও সংস্কার নিয়ে তার নিজস্ব বিশেষ পরিকল্পনা রয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%