০৭:১১ পি.এম
দেশের সম্প্রচার সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সদস্যকে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক প্রদান করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার স্বাস্থ্য বীমার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রেজারার মানস ঘোষসহ অন্যান্যরা।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিজেসির নিয়ম অনুযায়ী, সদস্য অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হলে চিকিৎসার জন্য এই স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। এ কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। কমিটির অন্যান্য সদস্য হলেন নির্বাহী শামসুল হুদা, শহীদ আহমেদ, এবং যুগ্ম-নির্বাহী মনিরা ফেরদৌসী ও সালাম ফারুক।
উল্লেখ্য, বিজেসি ২০১৯ সাল থেকে কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এই মানবিক সেবা দেয়। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ জানান, ‘সদস্যরাই বিজেসির প্রাণ। তাদের যেকোনো বিপদে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে চিকিৎসার খরচ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে বলে আমি বিশ্বাস করি। সদস্যদের পাশে দাঁড়াতে পেরে বিজেসি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’
সংগঠনের সদস্য সচিব ইলিয়াস হোসেন তার বক্তব্যে বলেন, ‘বিজেসি সব সময় সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ পর্যন্ত সংগঠনের তিন শতাধিক সদস্যকে স্বাস্থ্য বীমার আওতায় আনা সেই প্রয়াসেরই অংশ। বিজেসি ১০ কোটি টাকার একটি বিশাল কল্যাণ তহবিল গঠনের স্বপ্ন দেখছে, যার লভ্যাংশের মাধ্যমে ভবিষ্যতে সদস্য এবং তাদের স্ত্রী ও সন্তানদেরও এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে।’
আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা
বিজেসির কল্যাণ ও সুরক্ষা কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদার বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কে বলেছেন, ‘সঠিক ও যোগ্য ব্যক্তি যেন এই সুবিধা পান, সে জন্য আমরা প্রতিটি আবেদন গুরুত্বের সঙ্গে দীর্ঘ যাচাই-বাছাই করে থাকি। প্রয়োজনে সরেজমিনেও তথ্য যাচাই করি।’
অনুষ্ঠানে বীমার চেক গ্রহণকারী এক সদস্য অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বর্তমানে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। বিজেসির এই বীমা সহায়তা আমার জন্য বিশেষ উপকার বয়ে এনেছে। সংগঠনের এই কল্যাণমুখী কাজ সত্যিই প্রশংসনীয়।’
আরেক সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সংগঠন যে সদস্যদের শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনের সুরক্ষাকেও সমান গুরুত্ব দেয়—আজকের এই আয়োজন তারই প্রমাণ।’
উক্ত অনুষ্ঠানে বিজেসির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন