১০:০০ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, বাংলাদেশ প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি উল্লেখ করেন, "সব ধর্মের মানুষ এ দেশে নিজেদের উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে আসছেন।"
শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। তিনি আরো বলেন, সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে উৎসব উদযাপনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু
সভায় প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র কেনার জন্য আর্থিক বরাদ্দের ঘোষণা দেন। তিনি জানান, সরকারিভাবে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল ও দুই বান্ডিল ঢেউটিন বরাদ্দ করা হবে। পূজামণ্ডপে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে সড়ক সংস্কারের আশ্বাসও দেন তিনি।
সভায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দিতে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত প্রতিমন্ত্রীর হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক পল্লব রায় ও হাসনাত মাহমুদ তালহা প্রমুখ।
আরও পড়ুন: নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যাদের নাম উল্লেখ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন