ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন সংসদ ভবন লেকে স্পিকার


২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন সংসদ ভবন লেকে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ ভবন লেকে ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব মাছ অবমুক্ত করেন।

স্পিকার এ সময় মন্তব্য করেন, "দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

আরও পড়ুন: ঢাকায় গোপন বৈঠকের সঙ্গে ওপারের উসকানির যোগসূত্র আছে কিনা?

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।" স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, "সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকে মৎস্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আরও আগ্রহী হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।" তিনি উল্লেখ করেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, "আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে" এবং "মাছে-ভাতে বাঙালি"- এই প্রত্যয় বাস্তবায়নে দেশের আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়াতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড শেষে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ক্যান্টনমেন্ট থানার আদালত সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক তারিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন।

গত ১৫ সেপ্টেম্বর সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রাকিবুল হাসানের বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেভিড ইমনের নতুন সংস্করণ: ডেভিড জিহাদ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


ডেভিড ইমনের নতুন সংস্করণ: ডেভিড জিহাদ আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ ডেভিড জিহাদকে পুলিশ আটক করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়ভাবে ডেভিড জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা যায়। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ও শিক্ষক নাজিব স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে তারা বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনার সঙ্গে জড়িত আয়ানকে আটক করেন। তবে আবদুল্লাহকে মারধরের সঙ্গে জড়িত অন্য কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আয়ানকে পুলিশের কাছে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মোবাইল ফোনে হুমকির একটি কল আসে বলে অভিযোগ করা হয়েছে। কলের রেকর্ডে হুমকিদাতাকে নিজেকে ‘ডেভিড জিহাদ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। এ ঘটনায় শিক্ষকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই একই ঘটনার জেরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে নজরুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। এ ঘটনায় ডেভিড জিহাদের নেতৃত্ব ছিল বলে অভিযোগ করা হয়েছে।

পরে নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গণমাধ্যমকে ডেভিড জিহাদকে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ শোভিতা ধুলিপালার প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ শোভিতা ধুলিপালার প্রশ্ন

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’—মার্শাল আর্ট নিয়ে আলোচনা করতে গিয়ে এই মজার প্রশ্নটি ছুড়ে দিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা তাকে এতটাই মুগ্ধ করেছে যে, এখন নাচের তুলনায় মার্শাল আর্টকেই বেছে নিতে চান এই অভিনেত্রী।

পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ একটি অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশ্রণ। সিনেমাটিতে শোভিতার সহ-অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। ছবিতে শোভিতার একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। ছবির কাজের জন্য তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণও নিতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’-এ অতিথি হয়ে সিনেমাটি ও নিজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন শোভিতা। মার্শাল আর্ট শেখার প্রসঙ্গে তিনি জানান, এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার এই শিল্পের সঙ্গে পরিচিত হয়েছেন। ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট নিয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো শিল্পের কথা বিশেষভাবে উল্লেখ করেন অভিনেত্রী।

শোভিতার কাছে মার্শাল আর্ট কেবল সিনেমার প্রস্তুতি বা শরীরচর্চার বিষয় নয়। তার মতে, এর প্রভাব মানসিকভাবেও পড়েছে। অনুশীলনের মাধ্যমে তিনি চাপ ও মানসিক অস্বস্তি কমাতে সক্ষম হয়েছেন। শারীরিক ফিটনেসের পাশাপাশি নিজের ভেতরেও এক ধরনের পরিবর্তন অনুভব করেছেন বলে জানান অভিনেত্রী।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে কোনটি বেছে নেবেন। উত্তরে তিনি জানান, এমন উত্তর তিনি আগে ভাবেননি। তবে মার্শাল আর্ট তাকে যেভাবে চাপমুক্ত করেছে, সেটি তার কাছে বেশ ভালো লেগেছে। তাই তিনি এখন নাচের পরিবর্তে মার্শাল আর্টকেই বেছে নেওয়ার কথা বলেন।

এরপর মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তার এই মন্তব্যে রসিকতার পাশাপাশি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে মেয়েদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।

‘ভেট্টুভাম’-এর গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের মানুষের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কিভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্র।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রয়েছেন রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ।

চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভেট্টুভাম’-এর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসার শ্রেণিকক্ষে ১৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষককে জনতার হাতে পুলিশে দিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


মাদরাসার শ্রেণিকক্ষে ১৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষককে জনতার হাতে পুলিশে দিল

ময়মনসিংহের নান্দাইলে একটি মাদরাসার শ্রেণিকক্ষে ১৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে স্থানীয় জনতা এক শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এটি ঘটেছে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামে অবস্থিত ‘তালীমুল উম্মাহ নূরে মদিনা কওমি মহিলা মাদরাসা ও এতিমখানা’য়।

ঘটনার পর বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত শিক্ষক রমজান আলী (২৪) নান্দাইল ইউনিয়নের ভাটি পাছানী গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে।

অভিযোগপত্র অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার মিজান শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো আজ সকালে মাদরাসায় গিয়ে সে শ্রেণিকক্ষে একা ছিল। এ সময় শিক্ষক রমজান আলী দরজার কাছে দাঁড়িয়ে হঠাৎ করে ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয়। পরে ওই শিক্ষক তার হাত ধরে যৌন নির্যাতন করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী ক্লাসরুমের দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

এদিকে, থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক রমজান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কোনো খারাপ উদ্দেশ্যে ওই ছাত্রীর হাত ধরেননি এবং এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ছাত্রীর বাবার পক্ষ থেকে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%