ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

চিফ হুইপের দাবি, সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা


চিফ হুইপের দাবি, সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যে অভিযোগ তুলেছেন, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন, যা সঠিক নয়।

নূরুল ইসলাম মনি আরও উল্লেখ করেছেন, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে জমা দেওয়া উচিত। অন্যথায়, সংসদে দেওয়া এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাব দেন। পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন: ঢাকায় গোপন বৈঠকের সঙ্গে ওপারের উসকানির যোগসূত্র আছে কিনা?

তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেক সদস্যের ভাষা ব্যবহারে সংযত থাকা প্রয়োজন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অর্থের বিনিময়ে সংসদ সদস্যদের সুপারিশের কথা বলেছেন, যা সম্পূর্ণ অসত্য।

চিফ হুইপ আরও বলেন, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও জমা দিতে পারেন। তবে প্রমাণ ছাড়া এমন বক্তব্য সংসদের কার্যবিবরণীতে রাখা উচিত নয়। এ কারণে বক্তব্যটি বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি অনুরোধ জানান তিনি।

সারের ডিলার নিয়োগের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্য। সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

তিনি জানান, সংসদের ওই সিদ্ধান্তের ভিত্তিতেই কৃষিমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেছেন। তবে প্রজ্ঞাপনে কোনো ধরনের অসংগতি বা ভুল থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব। প্রয়োজনে প্রজ্ঞাপনে সংশোধন এনে এমন ব্যবস্থা করা উচিত, যাতে সংশ্লিষ্ট সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন: পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের মন্তব্য, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’

‘ভীনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বোঝাপড়া হয়েছে, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দিচ্ছে, যার সঙ্গে একটি দলের সম্পর্ক আছে’- জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানতে চেয়েছেন, সেই দলটি কে?

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে জামায়াত আমির এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।

জামায়াত আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলার জন্য আহ্বান জানিয়ে বলেন, যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির রেফারেন্স ধরে বলেন, তাহলে আমরা পরিষ্কারভাবে বলছি- আমরা এটার চ্যালেঞ্জ নিয়েছিলাম, প্রমাণ উপস্থাপন করুন।

তিনি আরও বলেন, বিষয়টি অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটি বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।

তিনি বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়ও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটি মিসকোট করা হয়, ১২ আগস্টের একটি সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরো ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নেইনি। পুরো ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।

বিরোধীদলীয় নেতা বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটি বলেন, রাতে একটি বলেন, পরের দিন সকালে একটি বলেন, দুপুরে একটি বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একজন ব্যক্তিকে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সঙ্গে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউসে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটি রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বসবো—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জনগণের কাছে দাবি করেছেন যে, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন ও নিপীড়নের পর বিরোধীদলীয় নেতার এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

১১ নভেম্বর বুধবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার মন্তব্যের জবাব দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গতকাল মাননীয় বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার বক্তব্য জানতে চেয়েছেন। সেই প্রেক্ষাপটে এই মহান সংসদে আমি ৩০০ বিধিতে আমার বক্তব্য পেশ করছি।’

বিরোধীদলীয় নেতার পূর্ববর্তী একটি বক্তব্যের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর বিরোধীদলীয় নেতা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তারা তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন-জুলুম চালিয়েছে, শর্তহীনভাবে কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, তা যৌক্তিক নয় এবং গ্রহণযোগ্য নয় বলে দেশবাসী মনে করে। গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি।’

তিনি আরও বলেন, ‘একই বছরের ১৩ নভেম্বর ২০২৪ সালে লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি (বিরোধীদলীয় নেতা) বলেছিলেন—‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে অগ্নিসন্ত্রাসের কাণ্ড চলছে, তার ইতিবৃত্ত বলছি। এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মনে আছে, ২০০৪ সালের ৪ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের ঢাকা হরতালে শাহবাগের তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তৎকালীন গণমাধ্যমের স্থিরচিত্রে দেখা যায়, জানালার গ্রিল ধরে মানুষ বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেননি। সেখানে অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ১১ জন মারা যান।’

এ ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারবেন। ফ্যাসিবাদী গোষ্ঠীর একজন সদস্য, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দি এখনো ইউটিউবে পাওয়া যায়। কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, তা সেখানে রয়েছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সময় এটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল, এখনো বিদ্যমান।’

সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়। সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন।’

জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আগুন-সন্ত্রাসকে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন, সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও আইন-শৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রম করেনি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি আমাদের এই উদারতার সুযোগ নিতে শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ জানান, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।

লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এককভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়; এই ক্ষেত্রে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

আজ জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে জনগণের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে।

তিনি জানান, জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিভিন্ন এলাকায় ৫০০টি ওপেন হাউস ডে এবং ৭ হাজার ৭৩৬টি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের অভিযোগ, সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য সরাসরি শোনা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি এবং কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যক্তি বা দলের বাহিনীতে পরিণত করা হবে না। বাহিনীগুলোকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করছে সরকার। এর অংশ হিসেবে পুলিশের বিভিন্ন পদে ২৪ হাজার ৬৭৭টি পদ রাজস্ব খাতে সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি, চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, নাগরিক সেবা সহজ করতে অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ করা হয়েছে। গত নয় মাসে অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৭ লাখ ৭০ হাজার ৭৫৪টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮২ জনকে পুশইন করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭-এ নেমে এসেছে।

তিনি বলেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২২ জন বাংলাদেশি নিহত হন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা ১২ জনে নেমেছে। এছাড়া সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কার্যক্রমও জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়াতে নিয়োগ, পদোন্নতি, আধুনিক সরঞ্জাম এবং যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব একনেক অনুমোদন করেছে। পাশাপাশি বিভিন্ন পুলিশ স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অপরাধ ও সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের সব পর্যায়ের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।

অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের ৪ জুন আওয়ামী লীগের হরতালে ঢাকায় বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১১ জন প্রাণ হারান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তি আর বাংলাদেশে রাজনীতি করতে ফিরে আসতে পারবে না।

এ ছাড়া সাম্প্রতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় তাদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%