০৯:২২ এম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কক্সবাজার বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে। সেখানে আগে থেকেই প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সকালে সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য দেবেন।
আরও পড়ুন: শাহজালালে দুই দিনে ৩২ লাখ টাকার পণ্য আটক
এরপর সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় সাফারি পার্কে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশে প্রধানমন্ত্রী যাত্রা করবেন। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সেখান থেকে রওনা দিয়ে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ২টা ৪৫ মিনিটে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন।
আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন
একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে রাত ৯টায় তিনি সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন