সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৬ পি.এম
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার (২৩ নভেম্বর) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টকে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন।
মাইকেল মিলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উল্লেখ করেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, "মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে এটি প্রভাব ফেলে।"
তিনি আরও বলেন, "মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।"
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বা রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার জানান, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই।
এর আগে, বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাইকেল মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। তিনি সতর্ক করেন যে, "ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।"
তিনি আরও বলেন, "ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে।" অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।
এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
মাইকেল মিলার বলেন, "এ পরিস্থিতি মোকাবেলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়াতে হবে।" তিনি আরও যোগ করেন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য পাঠিয়েছে সেঞ্চুরিয়ন টেস্টে। বাংলাদেশের একাদশ থেকে মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন। টাইগাররা মাঠে নামছে ৪ পেসার নিয়ে।
হাসান মাহমুদের চোটের কারণে বাংলাদেশ দলে ৪ জন পেসার ছিল। সেঞ্চুরিয়নে সেই ৪ জনকেই একাদশে রাখা হয়েছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই মাঠে নামছে।
মুশফিকুর রহিম চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন জাকের আলী অনিক।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বনি গোল্ডম্যান ৬৯ বছর বয়সে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। প্রায় পাঁচ দশক আগে মাঝপথে ছেড়ে দেওয়া পড়াশোনা শেষ করতে তিনি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছিলেন। গত ২২ মে রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক হন বনি। ২০২৬ সালের সমাবর্তনে তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়সী স্নাতক। বিশেষ এই দিনে তার পাশে ছিলেন ৯২ বছর বয়সী মা এবং পরিবারের অন্য সদস্যরা।
আইনজীবী হওয়ার স্বপ্নের সূচনা বনি গোল্ডম্যানের ১৯৭৯ সালে। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক শেষ করার পর ওই বছরেই আইন স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। তবে তখন তার বয়স কম ছিল এবং পড়াশোনায় মনোযোগের অভাব ছিল, এই কারণে নিজের সিদ্ধান্তের কথা পরে স্বীকার করেছেন বনি। একসময় আইন স্কুল ছেড়ে দিতে বাধ্য হন। এই বিষয়টি তার জীবনের অন্যতম বড় অনুশোচনা হয়ে দাঁড়ায়, কিন্তু সেই অভিজ্ঞতা তাকে পরবর্তী সময়ে কাজের প্রতি আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে।
আইন পড়া ছেড়ে দেওয়ার পর থেমে থাকেননি বনি। বিজ্ঞাপন, জনসংযোগ, মানবসম্পদ ও নির্বাহী পর্যায়ের কর্মী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় চার দশক কাজ করেছেন। একপর্যায়ে তিনি নিজের নিয়োগ প্রতিষ্ঠানও গড়ে তোলেন। পেশাগত জীবনে সফলতা পেলেও আইনজীবী হওয়ার পুরোনো স্বপ্নটি তার মনে রয়ে যায়। সেই স্বপ্নের কথা তাকে বারবার মনে করিয়ে দিতেন তার মা, যিনি মেয়ের পড়াশোনা আবার শুরু করার বিষয়ে কয়েক দশক ধরেই উৎসাহ দিয়ে আসছিলেন।
৬৫ বছর পেরোনোর পর অবশেষে মায়ের কথায় নতুন করে ভাবতে শুরু করেন বনি। আইন স্কুলে ভর্তির যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা এলস্যাট দেন তিনি। এরপর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে একাধিক জায়গা থেকে ভর্তির সুযোগ ও বৃত্তির প্রস্তাব পান। শেষ পর্যন্ত নিউ জার্সির নিউয়ার্কে অবস্থিত রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ বেছে নেন। ২০২৩ সালে ৬৬ বছর বয়সে সেখানে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন তিনি।
শুরুতে নিজের চেয়ে কয়েক দশকের ছোট শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল বনির। তবে দ্রুতই সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার। প্রথম বর্ষে প্রায় ১৭ জন শিক্ষার্থীর একটি দলের সঙ্গে নিয়মিত ক্লাস করতেন তিনি। ধীরে ধীরে সহপাঠীরা তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বয়সের পার্থক্য তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয় বনির।
শ্রেণিকক্ষে পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেও সক্রিয় ছিলেন তিনি। রাটগার্সের মধ্যস্থতা ক্লিনিকে কাজ করে বিরোধ নিষ্পত্তি, আলোচনা ও আইনি প্রতিনিধিত্বের দক্ষতা অর্জন করেন। দেওয়ানি বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে সপ্তাহে তিন দিন আদালতে গিয়ে পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরির কাজেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক পরিচালক ফেলিসিয়া ফারবার জানান, চার দশকের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা বনিকে বাস্তব সমস্যা বোঝা ও সমাধানের ক্ষেত্রে বাড়তি দক্ষতা দিয়েছে।
গত ২২ মে নিউ জার্সি পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেন বনি। দর্শকসারিতে ছিলেন তার ৯২ বছর বয়সী মা, ৩৩ বছর বয়সী মেয়ে জামি এরিন গ্যানজ এবং পরিবারের অন্য সদস্যরা। সমাবর্তনে ডিন যখন বনির নাম ঘোষণা করেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি তার মেয়ে। পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জামি জানান, মায়ের এই অর্জন ছিল কয়েক দশকের অপেক্ষা ও পরিশ্রমের ফল। মায়ের জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না বলেও জানান তিনি।
এখন আইন পেশায় নিজের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন বনি। করপোরেট প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করার পাশাপাশি মধ্যস্থতা কিংবা মামলা পরিচালনার ক্ষেত্রেও আগ্রহ রয়েছে তার। তবে পেশাগতভাবে আইনচর্চা শুরুর আগে বার পরীক্ষার প্রস্তুতি নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এত বছর পর আবার পড়াশোনায় ফিরে সফল হওয়া প্রসঙ্গে বনির বক্তব্য, জীবনে কোনো কিছু করার ইচ্ছা থাকলে বয়সকে বাধা হিসেবে দেখা উচিত নয়। কারণ কয়েক বছর পর চেষ্টা না করার আফসোসের চেয়ে চেষ্টা করে স্বপ্ন পূরণ করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ভূখণ্ডে হামলার পরিকল্পনা নিয়ে যে সাম্প্রতিক অভিযোগ উঠেছে, তা আসলে ফেব্রুয়ারি মাসে ইসরাইলের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে মনোযোগ সরানোর একটি কৌশল বলে মন্তব্য করেছে ইরান।
বার্তা সংস্থা তাসনিমের কাছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, “পারমাণবিক মিথ্যাচারের পর, আমেরিকানরা এখন ‘ডার্টি বোমা’ সংক্রান্ত দাবির আশ্রয় নিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, ‘এই দাবিগুলো হলো ইরানের বিরুদ্ধে একটি অবৈধ ও অন্যায্য যুদ্ধ শুরুর জন্য জনমতের কাছে জবাবদিহিতা এড়ানোর একটি প্রচেষ্টা।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গত সপ্তাহে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরান সম্ভবত ওয়াশিংটন ডিসিতে একটি ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় বোমা) বিস্ফোরণ বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে।
বাঘাই আরও বলেন, “ইরানি পারমাণবিক হুমকির দাবি প্রচার করতে ব্যর্থ হওয়ার পর, তারা এখন ‘ডার্টি বোমা’ এবং ইরানের বাঁধগুলো নিয়ে অভিযোগ তুলে এই আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে- এমন সব অভিযোগ যা তাদের অপরাধ ও বেআইনি কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থনযোগ্য করে তুলতে পারে না।”
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী ফ্রান্সে সুপারমার্কেটের ফ্রিজগুলোকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে বলে যে অভিযোগ তোলা হয়, সেটিও নাকচ করেছেন বাঘাই।
তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আনা যেকোনো অভিযোগই হলো বানোয়াট। আমরা যে পদক্ষেপ নিতে চাই বা নিয়ে থাকি, তা আমরা পূর্ণ সাহসের সাথেই ঘোষণা করেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়েছে।
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সোমবার (২৩ নভেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন তিনি।
পদকপ্রাপ্তদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
প্রতিবছর সেনাসদর দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ