ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ


বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে, তবে দেশটির ক্ষমতাসীন সরকার এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখনো তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্লেষক মার্ক ফাইফল মনে করেন, এই পরিস্থিতির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।

অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ফাইফল আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ফেব্রুয়ারির শেষের দিকে তেহরানে প্রথম দফার বোমা হামলার পর থেকেই ইরানের সরকার এবং আইআরজিসি নিজেদের অবস্থান অটল রেখেছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফাইফল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতি এই সংকট মোকাবিলায় সহায়ক হচ্ছে না। তিনি উল্লেখ করেন, কংগ্রেস অর্থায়ন বন্ধ করতে পারে এবং প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ নিতে পারে। তবে বর্তমানে তারা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কৌশল তৈরি করতে পারছে না। ওয়াশিংটন এখন সেই পথ খুঁজছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১% মার্কিন নাগরিক: জরিপ

তিনি আরও বলেন, ট্রাম্প সম্প্রতি নির্বাচনে ঐতিহাসিকভাবে খারাপ ফলের সম্মুখীন হয়েছেন। কিন্তু ইরান নীতিতে ফিরে গিয়ে দেশটির সরকারকে আচরণ পরিবর্তনে চাপ দেওয়া, আলোচনার টেবিলে আনা এবং তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সমাধান না করলে এই সংকট সহজে কাটবে না।

ফাইফলের মতে, যদি এভাবে চলতে থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র একই জটিল পরিস্থিতিতে আটকে থাকতে পারে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ এম


বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক এখন নতুন কৌশলগত উচ্চতায়। দুই দেশ এই ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খাতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক পৌঁছানোর পর, প্রধানমন্ত্রীর প্রথম কাজ ছিল তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা। আনতালিয়ায় অনুষ্ঠিত বৈঠকটি ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১০টা) আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। তারা দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন, বিশেষ করে প্রতিরক্ষা খাতে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত পোষণ করেছেন।

হুমায়ুন কবির বলেন, বিশেষ করে সামরিক খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুটিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সমস্যা সমাধানে দুদেশ কীভাবে একত্রে অগ্রসর হতে পারে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বের নানামুখী সংকটসহ বিদ্যমান ইস্যুগুলো সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ও তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশকে এখন কতটা মূল্যায়ন করে, এই বৈঠক তার বড় প্রমাণ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রচুরসংখ্যক সরকার ও রাষ্ট্রপ্রধান এসেছেন। সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরই একজন। এতে বোঝা যায়, তারেক রহমানকে কতটা গুরুত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বস্ত ভাই ও বন্ধু বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক দ্বিপক্ষীয় সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ও শীর্ষপর্যায়ের যোগাযোগে ঢাকা-আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক তারই ধারাবাহিকতা।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি।

তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক। গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়। ওই বৈঠকে এরদোয়ান দুদেশের সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।

গত জুনের প্রথম দিকে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিন তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছিলেন, তার সফর দুদেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।

ওই সাক্ষাতের পর দুদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয় দুপক্ষ।

ঢাকা সফরকালে হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন।

যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত স্তরে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে এবং সহযোগিতা জোরদারের ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, উভয়পক্ষই একমত পোষণ করেছেÑএ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো গতিশীল করতে বাংলাদেশ ও তুরস্ক একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলেও জানান তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন।

ফিদান বলেন, বেশ কয়েকটি খাতে, বিশেষ করে প্রতিরক্ষাশিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে তিনি বলেন, উভয়পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতামত ব্যক্ত করেছে এবং এর অনেকগুলোতেই অভিন্ন ঐকমত্যে পৌঁছেছে।

ফিদান বলেন, তুরস্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। তিনি বন্ধুভাবাপন্ন দুদেশের যৌথ আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গত কয়েক বছর ধরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ বেড়েছে। গত জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। পাঁচ দিনের ওই সরকারি সফরকালে হওয়া বৈঠকগুলোয় দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

উভয়পক্ষই ভবিষ্যতে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকার হাকতানকাচমাজ। বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী।

বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ এম


ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মিছিল

সারা দেশে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার প্রতিবাদে সংগঠনটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। সমাবেশ থেকে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ এবং এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে ছাত্রশক্তির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার; ক্যাম্পাসসহ সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে মিছিল থেকে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, "আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে।" তিনি আরও বলেন, "ভারতের স্বার্থে কাজ করা এই দলটি পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আবরার ফাহাদ হত্যা এবং জুলাইয়ের গণহত্যাকাণ্ডের জন্য দায়ী।" তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের পরও বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ভোটব্যাংকের হিসাবে আপস করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে। তাঁর দাবি, ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের মামলাগুলো দুর্বল করা হয়েছে এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এ কারণেই তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে আবু বাকের মজুমদার বলেন, "জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে।" তিনি জানান, "শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দিনের বেলায় ক্যাম্পাসে হামলায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।" পুলিশ ও গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক তথ্য দিতে পারছে না উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, "সারা দেশে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।" তিনি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, "গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।" তিনি অভিযোগ করেন, "এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থী; পাশে ড্যাব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ এম


নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থী; পাশে ড্যাব নেতারা

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে।

আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এবং তাদের প্রতি সহমর্মিতা জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন।

এ সময় ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, সহ-মানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্রও উপস্থিত ছিলেন।

এছাড়া, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম সুমন, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। তাঁরা আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৮৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ড্যাব নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ এম


রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর

রাজবাড়ীর গোলাবাড়ি গ্রামে সশস্ত্র দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছেন যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের পরিবার। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার এই গ্রামে হামলার ঘটনা ঘটে।

হামলার ফলে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার এবং ভাবি শাহানা খাতুন।

স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল হামলা চালানোর অভিযোগ রয়েছে।

অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায় এবং বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দেয়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়।

সাংবাদিক রবিন জানান, স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি, ফ্রিজ, আসবাব সব ভাঙচুর করে এবং তাঁর বাবা-মা, বোন, ভাবিকে পিটিয়েছে। হামলাকারীরা বাড়ির বাইরে ফাঁকা গুলি চালায়।

এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ জানা যায়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের আটক করার জন্য অভিযান চলছে। ঘটনার তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%