১২:৩৩ পি.এম
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। খবরটি এএফপি-তে প্রকাশিত হয়েছে।
টেলিগ্রামে তিনি জানিয়েছেন, রুশ বাহিনী খারকিভের চুগুইভ শহরে হামলা চালায়। হামলায় ২২ বছর বয়সী এক তরুণীসহ মোট চারজন নিহত হয়েছে।
গভর্নরের বক্তব্য অনুযায়ী, রাশিয়ার ড্রোন হামলার ফলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ফলে অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া, বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে গেছে এবং ভবনের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
অন্যদিকে, খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানালেন, শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর পাল্টা হিসেবে, ইউক্রেনও রাশিয়া-ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে।
কিয়েভ বলছে, ‘এসব হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই চালানো হচ্ছে।’
জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পরে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকা সমূহে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
এছাড়া, রাশিয়া-নিয়ন্ত্রণাধীন এলাকা সমূহে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য জাতিসংঘ নথিভুক্ত করেছে। দু’টি অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন