১১:৫৫ এম
চট্টগ্রামের বাকলিয়ায় চাঞ্চল্যকর একটি চার বছরের শিশু ধর্ষণ মামলার এবং ইপিজেড এলাকায় শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার আলোচিত মামলার রায় আজ বুধবার (১৭ জুন) ঘোষণা করা হবে। একই দিনে দুটি স্পর্শকাতর ও লোমহর্ষক ঘটনার রায় প্রদানের প্রেক্ষাপটে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করবেন। এই মামলার একমাত্র আসামি মুনির হোসেন।
মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে চাঞ্চল্যকর এই ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা দেশের বিচারিক ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত ও রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। গত ২১ মে চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে গত ৪ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আদালতে শুনানির সময় আসামি মুনির নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আরও পড়ুন: বান্দরবানে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স
এদিকে, চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ২০২২ সালের বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার মামলার রায়ও আজ ঘোষণা করার কথা। বিষয়টি চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার (১৩ জুন) এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় মোট ৩৩ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দিয়েছেন।
২০২২ সালের ১৪ নভেম্বর নগরের ইপিজেড থানার নয়ারহাট ওয়াছ মুন্সী বাড়ির বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। ওই দিন বিকেলে ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে সে আর ফিরে আসেনি। পরে এই ঘটনায় প্রতিবেশী আবীর আলীকে আটক করে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আবীর স্বীকার করেন যে, মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে প্রমাণ লোপাট করতে মরদেহ কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন