বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৯ পি.এম
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে (৪৫) অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার।
আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত ছিলেন লিপি ও মাহবুব। তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া, হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের দায়ে আসামিদের সাত বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খন্দকার শফি নেওয়াজ নাছির বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৪ নভেম্বর দুপুরে, তিনি নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানান এবং বিকাশে টাকা পাঠাতে বলেন। তার নির্দেশ অনুযায়ী প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুইটি লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে, ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল। এই ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২৩ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা অঞ্চলে ইসরাইলি বিমান হামলার ফলে হামাসের শিক্ষামন্ত্রী এবং রাজনৈতিক ব্যুরোর অর্থনৈতিক বিভাগের প্রধান খালেদ আবু নাদা নিহত হয়েছেন। হামলার সময় তার স্ত্রীও প্রাণ হারান। বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, গাজার দেইর আল-বালাহ এলাকায় সংঘটিত হামলায় তিনি নিহত হন।
সামরিক বাহিনী জানায়, আবু নাদা হামাসের ব্যাংক এবং বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে।
ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উল্লেখ করেছেন যে, আবু নাদাকে হত্যার ঘটনা হামাসের সদস্য এবং জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ।
নেতানিয়াহু বলেন, ‘গত এক মাসে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে হত্যা করা হয়েছে। আমাদের বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। হামাসের নেতৃত্বের কেউই আমাদের হাত থেকে রেহাই পাবে না।’
মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় আবু নাদা এবং তার স্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র: আলজাজিরা/দ্য জেরুজালেম পোস্ট
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের মেহেন্দীগঞ্জে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নেশার টাকা না পেয়ে তিনি মাকে পিটিয়ে হত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর হাজিকান্দা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্ত রবিউল ফকিরকে (২৩) গ্রেপ্তার করেছে। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি নেশার টাকার জন্য মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে একপর্যায়ে মায়ের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে রবিউল লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু ঘটে। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে রবিউল বাবাকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা সামসুল হক মন্তব্য করেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের এক পর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, রবিউল ফকির টাকা পাওয়ার জন্য তার মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, "যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান।" বৃহস্পতিবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে এই বক্তব্য দেন।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, "মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান।" তিনি বলেন, "মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।"
তিনি আরো বলেন, "মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কের কারণে বনজীবী পরিবারের পুরুষ সদস্যদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। খাবারের অভাবে অনেক পরিবারে আগুন জ্বলছে না। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে খালি থালা ও কলস হাতে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার শত শত নারী।
বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বনজীবী পরিবারের সদস্য, গৃহবধূ, নারী ও কিশোরীরা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল খালি থালা ও কলস। এসব প্রতীকী উপকরণের মাধ্যমে তারা তুলে ধরেন বনদস্যুদের আতঙ্কে কর্মহীন হয়ে পড়া পরিবারের অভাব, অনাহার ও পানির সংকটের চিত্র।
বিক্ষোভে অংশ নিয়ে ময়না খাতুন বলেন, "সুন্দরবনে দস্যুদের আতঙ্কে পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। গত দুই দিন ধরে তার বাড়িতে রান্না হয়নি। কীভাবে সংসার চলবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা।"
লায়লা খাতুন বলেন, "পরিবারের পুরুষেরা বনে যেতে না পারায় আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ঘরে খাবার নেই, অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না। এভাবে আর কত দিন চলবে, তা কেউ জানে না।"
বিলকিস বেগম বলেন, "অভাবের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবও দেখা দিয়েছে।" শেফালী বিবি ও রহিমা খাতুন বলেন, "বনদস্যুদের কারণে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।" অন্যদিকে শাহিদা খাতুন ও হালিমা খাতুন জানান, "অর্থাভাবে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।"
বিক্ষোভকারীদের অভিযোগ, সুন্দরবনকে ঘিরে যেসব পরিবারের জীবিকা, তাঁদের কাছে বনে যেতে না পারা মানে উপার্জন বন্ধ হয়ে যাওয়া। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তাঁরা জীবিকার ঝুঁকি নিতে পারছেন না। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবারের নারী ও শিশুদের ওপর। একদিকে খাদ্যসংকট, অন্যদিকে পানির অভাব ও সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা নিয়ে দিন কাটছে তাঁদের।
বিক্ষোভকারীরা অবিলম্বে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, দস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম। তারা বলেন, "সুন্দরবনকেন্দ্রিক বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ