০৯:১২ পি.এম
রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ঢাকা ডিভিশন ১ ও ২) পানির রিজার্ভ ট্যাংক ফেটে অঝোরে ঝরছে স্বচ্ছ পানি। মাসের পর মাস, রাত-দিন চব্বিশ ঘণ্টা ধরে ওয়াসার এই সুপেয় পানি অপচয় হচ্ছে, অথচ কেউ এর দিকে নজর দিচ্ছে না। শুক্রবার যুগান্তরে “মিরপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ; রিজার্ভ ট্যাংক ফেটে অপচয় হচ্ছে কোটি লিটার পানি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমে পরিবর্তন আসে। তারা ২৪ ঘণ্টার মধ্যে রিজার্ভ ট্যাংক মেরামতের কাজ শুরু করে।
শনিবার সরেজমিন মিরপুরে (ঢাকা ডিভিশন ১ ও ২) গিয়ে দেখা যায়, রিজার্ভ ট্যাংক সংস্কার করার ফলে ফাটা অংশ দিয়ে আর পানি বের হচ্ছে না। ফলে পানির অপচয় রোধ করা সম্ভব হয়েছে।
গত কয়েক মাস ধরে রিজার্ভ ট্যাংকের ফাটা অংশ দিয়ে পানি বের হয়ে এর চারপাশ জলাবদ্ধ ও স্যাতঁস্যাঁতে হয়ে থাকলেও শনিবার রিজার্ভ ট্যাংকের চারপাশ শুষ্ক দেখা গেছে। কোথাও পানির লিকেজ নেই।
আরও পড়ুন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সিন্ধু প্রাদেশিক পরিষদে বিশেষ সম্মাননা
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মিরপুরের জাতীয় গৃহায়নের অফিসটি অনেক বড়। প্রতিদিন এখানে শত শত সেবাপ্রার্থী আসেন। গত ২-৩ বছর ধরে এই অফিসের একমাত্র রিজার্ভ ট্যাংক ফেটে অবিরত পানি পড়ছে। ঘটনাটি কমবেশি সবার নজরে এসেছে। আবার ট্যাংকের ফাটা অংশ দিয়ে জীবাণু ঢুকছে। এই পানি পান করে সেবাপ্রার্থীসহ অফিসের অনেকে পেটের পীড়ায় ভুগছেন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ব্যাপারে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
এ ব্যাপারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা বলেন, "যুগান্তরের প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। রিজার্ভ ট্যাংকটি ঠিক করা হয়েছে। প্রতিবেদনটি আমাদের বিরুদ্ধে গেলেও এখন পানির কোনো অপচয় নেই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন