০৯:১৭ পি.এম
বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) শনিবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়, পাশাপাশি দলটির দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও উঠে আসে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পাশাপাশি দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান।
আজাদ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান সভায় বলেন, "আমাদের মেধার অভাবে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারিনি।" তিনি যোগ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা তৈরির মাধ্যমে ফ্যাসিস্টদের মোকাবিলা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এজন্য মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫, শনিবারের ঘটনা
কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী সভায় মন্তব্য করেন যে, রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের অভাব রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর প্রশিক্ষণ ও দর্শনভিত্তিক ইনস্টিটিউটও নেই, যা রাজনৈতিক ফ্যাসিবাদ মোকাবিলা করতে সহায়তা করতে পারে। তিনি বলেন, "আমাদের সুশিক্ষিত ও রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।" তিনি শেখ মুজিবের আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, সেই ভারতীয় ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।
বাংলাদেশ মুসলিম লীগের রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর সভায় বলেন, "আয়নাঘরের হোতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।" তিনি দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভায় মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ি, কেন্দ্রীয় নেতা শরিফ ইমরাউল ইসলাম মিলন, প্রফেসর জাকির হোসেন, শাহ-মুহাম্মদ ফেরদৌস হাসান, মুহাম্মদ মোস্তাফা জামাল, ইঞ্জিনিয়ার হোয়াই চিং মং চাক, অ্যাডভোকেট মাহবুব মোরশেদ তারেক ও অ্যাডভোকেট ফকির জসিমউদ্দিনসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন