ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দেশটিতে সাম্প্রতিক হামলার ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এই রুটে ফ্লাইট বন্ধ রেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল করবে।

আরও পড়ুন: শরীয়তপুরের দুই যুবকের মুক্তির জন্য ৪০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

এর আগে বিমান গত ৩ নভেম্বর জানিয়েছিল, ৭ নভেম্বর থেকে দাম্মামগামী ফ্লাইট নিয়মিত হবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় কালজয়ী গানের আসর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় কালজয়ী গানের আসর

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক হিসেবে পরিচিত উত্তম কুমার। তিনি অভিনয়শৈলী ও পর্দায় অসাধারণ উপস্থিতি দিয়ে কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। এবার এই কিংবদন্তি অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হচ্ছে। সেখানে ফিরে আসবে উত্তম কুমারের অভিনীত চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা জনপ্রিয় সব গান।

‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এই আয়োজন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে বাংলা নাগরিক গানের ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো গুরুত্ব পাবে। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে কালজয়ী হয়ে ওঠা গানগুলো পরিবেশন করা হবে।

উত্তম কুমারের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানও ছিল দর্শকের আবেগের অন্যতম অনুষঙ্গ। এসব গান তাঁর পর্দায় উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সময় পেরিয়ে গেলেও গানগুলো আজও বাঙালির স্মৃতি ও ভালোবাসায় সমানভাবে জায়গা ধরে রেখেছে।

আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের গানগুলো নতুন করে উপভোগ করতে পারবেন। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার এবং তাঁর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তি সংগীতশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ—৫ হাজার টাকা জরিমানা আদায়

আন্তর্জাতিক ডেস্ক

‎আহমেদ আক্তার রানা ‎কুলাউড়া প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ—৫ হাজার টাকা জরিমানা আদায়

‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে কয়েকটি করাতকল থেকে যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বন বিভাগের পক্ষে নেতৃত্ব দেন কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবিন সিংহ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
‎
‎অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকার করাতকল পরিদর্শন করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিচালিত কয়েকটি করাতকল থেকে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি একটি করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
‎
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে করাতকল পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
‎
‎১১ সেপ্টেম্বর কর্মকর্তারা আরও জানান, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে করাতকল পরিচালনার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষ দাবির অভিযোগে শিবচরে সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি, দলিল লেখকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


ঘুষ দাবির অভিযোগে শিবচরে সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি, দলিল লেখকদের বিক্ষোভ

মাদারীপুরের শিবচরে ঘুষ দাবি ও দলিল নিবন্ধনে হয়রানির অভিযোগে উপজেলা সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দলিল লেখকেরা। তাঁর পদত্যাগ ও দ্রুত অপসারণের দাবিতে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় অফিসের ভেতর থেকে ফটকে তালা দেওয়া হলে বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আন্দোলনরত দলিল লেখকেরা তাঁর কাছে লিখিত অভিযোগ জমা দেন।

দলিল লেখকদের অভিযোগ, গত ৮ নভেম্বর শিবচর উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগ দেন আবরার ইবনে রহমান। যোগদানের পর থেকেই বিভিন্ন আইনি জটিলতার অজুহাতে দলিল নিবন্ধন কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন তিনি। অনেক ক্ষেত্রে দলিল আটকে রেখে পরে নিবন্ধনের জন্য ঘুষ দাবি করা হচ্ছে। এমনকি ঘুষ দিলে দলিল নিবন্ধনের কাজ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। এসব হয়রানির প্রতিবাদে সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামেন দলিল লেখকেরা।

শিবচর দলিল লেখক সমিতির সভাপতি ইব্রাহিম মুন্সি বলেন, ‘বিভিন্ন আইনের অজুহাতে আমাদের দলিল আটকে দেওয়া হয়। পরে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিলে কাজ করে দেওয়া হয়। আমরা এ ধরনের কর্মকর্তা চাই না।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমান। তিনি বলেন, ‘সরকারি বিধিমালা মেনেই দলিল নিবন্ধনের কাজ করছি। কিন্তু কেউ কেউ ত্রুটিযুক্ত দলিল নিয়ে আসেন। সেগুলো নিবন্ধনের অনুমতি না দেওয়ায় তাঁরা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, (এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে যুক্ত করা যাবে)।

আন্দোলনরত দলিল লেখকেরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সাব-রেজিস্ট্রারকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%