ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০


স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ৬৮ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় প্রায় ৮০ জন আহত হয়েছেন। এই ঘটনায় ইউরোপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে দ্রুতগতির রেলপথে সংঘর্ষটি ঘটে। এই রেলপথটি মাদ্রিদকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে যুক্ত করে।

দুর্ঘটনার ফলে দুটি বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর এবং ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থল কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাখে সতর্ক করেছেন যে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে বাঁচানো সম্ভব নাও হতে পারে।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এর আগে জানানো হয়েছিল যে গুরুতর আহত অবস্থায় আরও বহু মানুষ চিকিৎসাধীন রয়েছেন।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, আহতদের ওই অঞ্চলের কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়, যার ফলে দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় জড়িত ট্রেনগুলোর মধ্যে একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অপর ট্রেনটি বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত। তবে সংঘর্ষের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাইনচ্যুত একটি বগির ধ্বংসাবশেষ ঢালু জায়গাজুড়ে ছড়িয়ে রয়েছে। সেখানে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের ভিড় দেখা যায়। পাদিয়া জানিয়েছেন, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সংবাদমাধ্যম এল পাইসকে উদ্ধৃত করে জরুরি সেবাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরিওর ট্রেনের দুটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

টিভিইকে গার্সিয়া বলেন, ‘উদ্ধারকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি বগি থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধার এবং মরদেহ উদ্ধারে মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘এটি ছিল উচ্চগতির সংঘর্ষ। তাই আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছি।’

মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য রাজধানী থেকেও জরুরি চিকিৎসা দল ও দমকলকর্মীদের পাঠানো হচ্ছে।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া পর্যন্ত দ্রুতগতির ট্রেন চলাচল স্থগিত করেছে। দুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি বিশেষ তদন্ত দল পাঠিয়েছে দেশটির সিভিল গার্ড।

আরও পড়ুন: বিজেপি এমপি নিশিকান্ত দুবে নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট দখলের উসকানি দিলেন

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করার সময় তিনি পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং আঞ্চলিক প্রেসিডেন্ট গার্সিয়া-পাখের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

সানচেজ বলেন, ‘টলেডোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। নিহত ও আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা ও সমর্থন রইল।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আজ ইউরোপ আপনাদের সঙ্গে শোক পালন করছে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁও স্পেনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবার এবং উদ্ধারকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে মেধাবীদের প্রতিশোধ: বিজ্ঞানের জয়, মাহা নীতির হার

মাত্র নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন।

আদামুজ শহরের কাছে ওই দুর্ঘটনাটি ছিল ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ২০১৩ সালে দেশটিতে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৩ এম


কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের রান অতিক্রম করেছে। স্বাগতিকদের ৩২৯ রানের জবাবে, দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৩০ রান। এর ফলে সফরকারীরা প্রথম ইনিংসে ১ রানের লিড অর্জন করেছে। জশ ইংলিস ৮৫ রান এবং অ্যালেক্স কেরি ৫১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। পঞ্চম উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১৪৫ রান।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন ম্যাট রেনশ ও ট্রাভিস হেড। প্রথম উইকেটে দুজন মিলে ৫৮ রান যোগ করেন। ৪১ রান করা হেডকে দিনের প্রথম বলেই ফেরান সিমন হারমার। পেছনের পায়ে খেলতে গিয়ে বলটি নিজের স্টাম্পে টেনে আনেন অস্ট্রেলিয়ার ওপেনার। এরপর মার্নাস লাবুশেনও ব্যর্থ হন। হারমারের বলে এই ব্যাটার শূন্য রানে এইডেন মার্করামের হাতে স্লিপে ক্যাচ দেন।

দুই উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন রেনশ ও ক্যামেরন গ্রিন। তৃতীয় উইকেটে তাঁদের ১২৬ রানের জুটি অস্ট্রেলিয়াকে আবার শক্ত অবস্থানে নিয়ে যায়। রেনশ ৭৪ রান করেন, আর গ্রিনের ব্যাট থেকে আসে ৬৫ রান। এরপর দ্রুত দুজনকেই ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান মার্কো ইয়ানসেন। রেনশ রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন, আর গ্রিনের ব্যাটের কানা লেগে বল যায় হারমারের হাতে। ইয়ানসেন দুটি উইকেটই নেন।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি ইংলিস ও কেরি। পঞ্চম উইকেটে তাঁদের ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি অস্ট্রেলিয়াকে শুধু দক্ষিণ আফ্রিকার স্কোর অতিক্রম করতে সাহায্য করেনি, বরং তৃতীয় দিনের শুরুতে বড় লিড নেওয়ার সুযোগও তৈরি করেছে। ইংলিস ১১১ বলে ৮৫ রানে অপরাজিত রয়েছেন, আর কেরি ৫১ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথম দিনে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ৬ উইকেট নেন এবং দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে অলআউট হয়। মার্কেস অ্যাকারম্যান ৯৫, এইডেন মার্করাম ৭৮, মার্কো ইয়ানসেন ৫২ এবং ডেভিড বেডিংহ্যাম ৫০ রান করেন। স্টার্ক ১৬.৩ ওভারে ৭২ রান দিয়ে ৬ উইকেট নেন, নাথান লায়ন ২টি উইকেট নেন।

দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় রয়েছে। ডারবানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২১৪ রানে জয়ী হয়েছিল, আর গকেবেরহায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩১ রানে জয় পায়। ফলে নিউল্যান্ডসের এই ম্যাচটি সিরিজের ভাগ্য নির্ধারণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ এম


ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

ইসরাইলের জাতীয় নির্বাচনের আংশিক ফলাফলে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে, তার জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত ৮৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এই গণনার ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার কট্টর ডানপন্থি ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ও তার জোটের অন্য তিনটি দল ৪৮টি আসন পেতে পারে। দুই নেতা জানিয়েছেন, তারা সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের প্রচেষ্টা চালাবেন।

এদিকে এবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো সবচেয়ে বড় চমক দেখিয়েছে। তারা রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। ফলে, সরকার গঠনের প্রক্রিয়ায় এসব দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে, ইহুদি দলগুলোর মধ্যে মাত্র একটি ছাড়া সব দলই আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছে।

এখনো সেনাসদস্য ও কূটনীতিকদের ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ভোট গণনা করা হয়নি। ফলে, নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হতে আরও এক থেকে দুই দিন লাগতে পারে, সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবেন। এরপর, যার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হবে, তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন তিনি। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত ইসরাইলে আবারও নির্বাচন আয়োজন করতে হবে।

বুধবার জেরুজালেমে নিজের বাসভবনে এক বৈঠকে মঙ্গলবারের নির্বাচনে ৭৭ দশমিক ৭ শতাংশ ভোটার উপস্থিতির প্রশংসা করেন প্রেসিডেন্ট হারজোগ। গত দুই দশকের বেশি সময়ের মধ্যে এটি ছিল দেশটিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

তিনি বলেন, ‘এটি ইসরাইলি সমাজের জন্য গর্বের বিষয়। ইসরাইলে গণতন্ত্রের প্রতি মানুষের আকাঙ্ক্ষা কতটা গভীর, তা দেখে বিস্মিত হয়েছি।’

হারজোগ আরও জানান, আগামী সপ্তাহে তিনি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল হাতে পাওয়ার আশা করছেন। এরপর তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবেন।

তিনি বলেন, ‘গতকালের নির্বাচনের পর আমাদের অবশ্যই সম্ভাব্য সবকিছু করতে হবে, যাতে আরেকটি নির্বাচন এড়ানো যায়। সবার কাছে আমার প্রত্যাশা, এখানে আলোচনায় আসা প্রত্যেকেই খোলা মন নিয়ে আসবেন।’

যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট দুজনেই সরকার গঠনের দায়িত্ব পাওয়ার দাবি করেছেন।

ইসরাইলের তিনটি সম্প্রচারমাধ্যমের প্রকাশিত প্রাথমিক বুথফেরত জরিপে গাদি আইজেনকোটের ‘চেঞ্জ ব্লক’ নেসেটে ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে বলে আভাস দেয়া হয়। অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫০টি আসন পেতে পারে। এই ফলের পর আইজেনকোট বলেন, জনগণ ‘পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে’।

তেল আবিবে ইয়াশার পার্টির নির্বাচনী সদর দফতরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যর্থতার জোট জনগণের আস্থা হারিয়েছে।’ তিনি আরও বলেন, ‘জনগণের রায়কে একটি জায়নবাদী সরকারে রূপ দিতে আমি আমার জোটসঙ্গীদের সঙ্গে কাজ করব।’

এদিকে জেরুজালেমে লিকুদ পার্টির সদর দফতরে নেতানিয়াহু দাবি করেন, তার ডানপন্থি জোট ‘বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা’ পেয়েছে।

তিনি বলেন, ‘আমাদের একটি শক্তিশালী ডানপন্থি জাতীয় সরকার গঠন করতে হবে।’ নেতানিয়াহু আরও বলেন, ‘জায়নবাদবিরোধী আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার গঠন করে ইসরাইলকে বিপদের মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাই থেকে আসা দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ এম


দুবাই থেকে আসা দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

ঢাকা কাস্টমস হাউস কর্তৃক উদ্ধার করা হয়েছে ১২ কেজি স্বর্ণের পেস্ট, যা জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকানো ছিল। এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা, যা দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণের পেস্টটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের বিষয়ে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধ দল।

এক পর্যায়ে, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন দুই যাত্রী চেন লিউইউন (CHEN LIYUN) ও মো শিয়াওইউ (MO XIAOYU)। তাদের তল্লাশি করার পর জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ভেজা অবস্থায় ১২ কেজি। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় এটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

পুলিশ ফেনীতে এক সাংবাদিকের ওপর হামলা, পিস্তল দেখিয়ে হত্যার হুমকি এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খালেদ খানকে আটক করেছে।

এই ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের পাঠানবাড়ি সড়ক এলাকায়।

জানা গেছে, খালেদ খান মহিপালে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন। আহত সাংবাদিক জসিম ফরায়েজি জিটিভির ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত গণমাধ্যমের যুগ্ম সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জসিম ফরায়েজির অভিযোগ, বুধবার সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন ফেনী ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে পাঠানবাড়ি সড়কে মোমিন জাহান মসজিদ অতিক্রম করার সময় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রবেশের আগে একটি প্রাইভেট কার দিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর গাড়ি থেকে সাবেক কাউন্সিলর খালেদ খান, এমরান হোসেন, চালক ও তাঁদের আরেক সহযোগী নেমে তাঁকে মারধর করেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে পাশের একটি গলির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাঁকে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে পুনরায় মারধর করা হয়। একপর্যায়ে খালেদ খান পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরো বলা হয়েছে, একপর্যায়ে খালেদ খান তার গলা চেপে ধরেন এবং এমরান হোসেন একটি রশি এনে তাঁর গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। এতে শ্বাস নিতে কষ্ট হয় এবং প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। পরে সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। জসিম ফরায়েজি জানান, খবর পেয়ে পুলিশও সেখানে আসে।

জসিম ফরায়েজি সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে ফেনীর বিভিন্ন অপরাধ, সহিংসতা, অস্ত্র প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। তিনি বলেন, খালেদ খানের বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

এই সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগে উল্লেখ করা পিস্তল, প্রাইভেট কার ও রশি উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে জসিম ফরায়েজী ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম খালেদ খানকে আটকের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিপালের ছাত্রহত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%