০২:৫৮ পি.এম
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ (QIU) জাতের আনারস পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার কিছুর আগেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপহার বাংলাদেশে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ১০০টি বক্সে প্রায় ৬০০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে, যার মোট ওজন প্রায় ৭৮০ কেজি। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস ছিল এবং প্রতিটি আনারসের গড় ওজন ১ কেজিরও বেশি।
আরও পড়ুন: খন্দকার মোশাররফের পুত্রবধূ নাঈমা: ‘আমি নিরাপদে আছি’
আখাউড়া আইসিপির শূন্যরেখায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে উপহার সামগ্রী হস্তান্তর করেন ত্রিপুরা সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায়। তারা এই উপহার সামগ্রী বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে দেন।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজীব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায় মন্তব্য করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। উপহার সামগ্রী গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।
আরও পড়ুন: যবিপ্রবিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন, আনন্দমুখর পরিবেশে বিভিন্ন আয়োজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন