০২:৩৫ পি.এম
বার্সেলোনার জার্সি পরার ইচ্ছা থেকে একচুলও সরছেন না আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। এ বিষয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনার কাজ যদিও এগোচ্ছে না, কিন্তু এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হাল ছাড়ছেন না। বরং তিনি এজেন্টদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে বার্সেলোনায় যাওয়ার পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তিনি এজেন্টদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছেন। বৈঠকে মূলত আতলেতিকোর সঙ্গে পরবর্তী করণীয় এবং সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
ছুটি কাটিয়ে সোমবার আতলেতিকোয় ফিরে এসেছেন আলভারেজ। এরপর তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছেন। সবার মধ্যে আশা হয়েছিল যে, ক্লাব কর্তাদের সঙ্গে বসে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। কিন্তু আতলেটিকোর অবস্থান পরিষ্কার, আলভারেজকে নিয়ে আলোচনার মতো কোনো বিষয় নেই।
আলভারেজ বরং মনে করেন, দলবদলই হতে পারে সব পক্ষের জন্য সবচেয়ে ভালো সমাধান। দীর্ঘদিন ধরেই তিনি বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখছেন। ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন হানসি ফ্লিকের দলে যোগ দিতে আগ্রহী।
বার্সেলোনাও আলভারেজকে দলে নিতে আগ্রহী। কয়েক সপ্তাহ আগে তাকে পেতে আতলেতিকোর কাছে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেই প্রস্তাব মাদ্রিদের ক্লাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
আতলেতিকোর অবস্থান হলো, আলভারেজকে ছাড়তে হলে তার ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। তাই দুই ক্লাবের মধ্যে সমঝোতার পথ এখনো কঠিন হয়ে রয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
এই পরিস্থিতিতে তাঁর প্রতিনিধি দলের সঙ্গে নতুন কৌশল ঠিক করেছেন আলভারেজ। তার এজেন্টরা ইতোমধ্যেই বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে বৈঠক করেছেন। তবে আতলেতিকোকে চাপ দিতে অনুশীলন বর্জন কিংবা ধর্মঘটের মতো কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই আলভারেজের। তিনি আলোচনার মাধ্যমেই ক্লাবকে দলবদলে রাজি করাতে চান।
আক্রমণভাগ শক্তিশালী করতে বার্সেলোনার পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন আলভারেজ। এখন দেখার বিষয় হল, আলভারেজের বার্সেলোনায় যাওয়ার ইচ্ছার সামনে শেষ পর্যন্ত আতলেতিকোর কঠোর অবস্থান কতটা বদলায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন