০৪:২১ এম
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দক্ষিণে রণতরিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও চারটি নৌযান রয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে, রণতরিটি চারটি নৌযানের একটি বহর নিয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করছে। তাদের চলাচলের গতিপথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে যে, বহরটি মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
ইউএসএস থিওডোর রুজভেল্ট ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি ত্যাগ করে। এরপর এটি জাপানের ইয়োকোসুকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে অবস্থান নেয়। সেখানে সামরিক মহড়ায় অংশগ্রহণের পর রণতরিটি দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয়।
আরও পড়ুন: ইসরাইলি অভিনেত্রী গাল গাদতের ইহুদিবিদ্বেষ নিয়ে কান্না, সামাজিক মাধ্যমে সমালোচনা
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, শুক্রবার থেকে কয়েক দিন সিঙ্গাপুরে অবস্থান করবে বিমানবাহী রণতরিটি। এরপর এটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখবে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় রণতরিটির পৌঁছাতে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত লাগতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নৌবহরের গতিবিধি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে রণতরিটি ওই অঞ্চলে পাঠানোর সুনির্দিষ্ট কারণ কিংবা সেখানে পৌঁছানোর পর কী ধরনের দায়িত্ব পালন করবে, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন