বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৫ এম
জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এবং তাদের সমর্থন করার কারণে বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য দলে ফেরার সুযোগ তৈরি হচ্ছে। দলটি পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যারা ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ইতোমধ্যে কিছু নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই বিএনপির এই উদ্যোগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই কেন্দ্র থেকে তাদের চিঠি পাঠানো হবে। একই সঙ্গে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করার কারণে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেন এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয়।
অন্যদিকে, বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করার কারণে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপি তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে। পরে দলে ফিরতে তাদের অধিকাংশই আবেদন করেন। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতে গোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ মঙ্গলবার, নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
এদিকে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।
বিগত জাতীয় নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এছাড়া, বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো বিএনপিতে পুরোপুরি কাটেনি। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরে আসলেও তৃণমূলে দলটির পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃণমূলে বহিষ্কৃত অনেকেই ইতোমধ্যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
বহিষ্কৃত নেতাদের ভাষ্য, জাতীয় নির্বাচনে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনও তাদের সঙ্গে রয়েছেন। ফলে সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব অটুট রয়েছে।
অন্যদিকে, জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় ক্ষমতাসীন বিএনপি। এ অবস্থায় বিদ্রোহী নেতাদের সঙ্গে বিরোধ জিইয়ে রেখে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এবার নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে দলকে গোছানো এবং তৃণমূলে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি।
দলটির নীতিনির্ধারকদের মতে, সাংগঠনিকভাবে বহিষ্কৃত হলেও নেতাদের অধিকাংশই স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তারা দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতেও মাঠে রয়েছেন। ফলে তাদের দলে ফিরিয়ে আনতে পারলে সংগঠন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।
বিএনপির কাছে থাকা তথ্য অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দলটির দুই থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কোথাও কোথাও এই সংখ্যা আরও বেশি। অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, তৃণমূলে ঐক্য প্রতিষ্ঠা করা গেলে নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি সরকারে থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ডে দল যেন ঝিমিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে চায় বিএনপি। এ কারণে সারা দেশে সংগঠনকে চাঙা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তাও অনুভব করছে ক্ষমতাসীন দলটি। নীতিনির্ধারকদের মতে, তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া যাবে।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, দলে ফিরতে ভুল স্বীকার করে তাদের প্রায় সবাই আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়।
স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। বিএনপি চেয়ারম্যান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন বলেও উল্লেখ করেন রিজভী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি। পেনসিলভানিয়ার ৬০ বছর বয়সী গ্লেনউড হসকিন জুনিয়র প্রতিদিন গড়ে তিনটির বেশি সিনেমা দেখেছেন।
গিনেস বিশ্ব রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ এই রেকর্ড গড়েন তিনি। এর আগে এক বছরে সর্বোচ্চ ৭৭৭টি সিনেমা দেখার রেকর্ড ছিল আরেক মার্কিন নাগরিক জাকারিয়া সোয়োপের।
হসকিন প্রতিদিনের সিনেমার সময়সূচি আগে থেকেই পরিকল্পনা করতেন যাতে রেকর্ড গড়তে পারেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিতেন তিনি। তার পছন্দের সিনেমাগুলোর মধ্যে অ্যানিমেশন ও হাস্যরসাত্মক ছবি অন্তর্ভুক্ত ছিল।
এত সিনেমা দেখার পরও খরচ কম রাখতে তিনি মাসিক প্রায় ২৮ ডলারের বিশেষ সদস্যপদ ব্যবহার করতেন। বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন এবং দুই সিনেমার বিরতিতে হাঁটাহাঁটি করতেন।
হসকিনের কাছে এই অভিজ্ঞতা ছিল শুধু বিশ্ব রেকর্ড গড়ার বিষয় নয়; বরং এটি ছিল নিজের দীর্ঘদিনের সিনেমাপ্রীতি উপভোগ করার এবং নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ার সুযোগও।
সূত্র: হিন্দুস্তান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে, যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে একটি যাত্রীবাহী বাস থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে প্রবেশ করে। সে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তবে, বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি, সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯১ জন, মিরপুর বিভাগ থেকে ১০৩ জন, গুলশান বিভাগ থেকে ৬৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৬ জন, এসআরইউ থেকে ৭ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশী মদ, একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারকৃতদের আটক করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খানকে নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে যে, ওই ব্যক্তি তাঁর ব্যক্তিগত ভিডিও, কথোপকথন ও বিভিন্ন নথিপত্র অন্যদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। তবে, বর্তমানে অভিযুক্তের পরিচয় প্রকাশ করেননি ফারিন। কাজের ব্যস্ততা শেষ করে অভিভাবক ও সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তাঁর নাম প্রকাশের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
সম্প্রতি ফারিন নিজের ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি জানান, অভিনয়শিল্পী হলেও ক্যামেরার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন রয়েছে। তিনি সবসময় সেই জীবনকে গণমাধ্যমের আলোচনার বাইরে রাখতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাধ্য হয়ে তাঁকে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে। নিজের চেহারার দিকে তাকালেই মানসিক বিপর্যয়ের বিষয়টি বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ফারিনের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তাঁর পূর্বপরিচিত। সম্প্রতি, ওই ব্যক্তি অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে তাঁর ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন জানান, যাঁদের কাছে এসব ব্যক্তিগত বিষয় পাঠানো হচ্ছে, তাঁদের সঙ্গেও কথা বলতে চান তিনি। অভিনেত্রী জানতে চান, তাঁরা বিষয়টিকে কীভাবে দেখছেন।
অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন ফারিন। তিনি বলেন, ওই ব্যক্তির কথাবার্তা ও কাজের মধ্যে বিস্তর অসংগতি রয়েছে। মালয়েশিয়ায় অবস্থান করেও ধর্মীয় পরিচয়ের কথা সামনে এনে তিনি প্রতারণামূলক আচরণ করছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তাঁকে ‘হিপোক্রেট’, ‘চিটার’ ও ‘ভণ্ড’ বলেও আখ্যা দেন তিনি।
শুধু ব্যক্তিগত ভিডিও বা কথোপকথন ছড়িয়ে দেওয়ার অভিযোগ নয়, ফারিন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন একাধিকবার হ্যাক করার অভিযোগও করেছেন। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তির কাছে ব্যক্তিগত অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। এসব বিষয় নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে যদি তাঁর কোনো ব্যক্তিগত ছবি, ভিডিও কিংবা কথোপকথন প্রকাশ করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়ী করা হবে বলেও সতর্ক করেছেন অভিনেত্রী।
এদিকে, আপাতত অভিযুক্তের নাম প্রকাশ না করার কারণ হিসেবে ফারিন জানিয়েছেন যে, শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন কাজের চাপ রয়েছে তাঁর। শুটিং শেষ হলে পরিবারের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চান। তখনই অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক লাইভের শেষ দিকে, নিজের নিরাপত্তা ও মানসিক স্বস্তি ফিরে পাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ