ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির জন্য ম্যাট্রিক্সের চিঠি


শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির জন্য ম্যাট্রিক্সের চিঠি

ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স আবারও চিঠি পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলেস এই চিঠিটি পাঠান।

চিঠিতে স্টিভেন পাওলেস উল্লেখ করেছেন, গত ৯ নভেম্বর পাঠানো চিঠির ধারাবাহিকতায় পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আবেদন সংক্রান্ত অনুরোধটি হাইকমিশনে পৌঁছেছে বলে তারা জানতে পেরেছেন। তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন: রাত ৩টায় রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, মা-বাবা ঘুমিয়ে ছিলেন

এই পরিস্থিতিতে, শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধিত্বের অনুমোদন সংবলিত স্বাক্ষরিত একটি চিঠি সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধের বিষয়ে হাইকমিশনের কাছে দ্রুত জবাব চাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিরনের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ এম


হিরনের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি

ভোলার চরফ্যাশনে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশ চরফ্যাশন আইনজীবী সমিতি প্রত্যাহার করেছে। সমিতির সাধারণ সভায় আবেদনের পরদিনই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন তার বিরুদ্ধে নেওয়া সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন। পরদিন ১৮ নভেম্বর সমিতির সাধারণ সভায় আবেদনটি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন মন্তব্য করেছেন, "তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন বলেছেন, "সমিতির স্বার্থে এবং আইনজীবীদের মানোন্নয়নের লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সব আইনজীবীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ এম


রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

খুলনার রূপসায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার মূল ফটক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর রূপসা সদরে চলন্ত মোটরসাইকেল থেকে এ হামলা সম্পন্ন হয়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা নিক্ষেপ করেছিল। তবে পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের ঘটনা ঘটেনি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার প্রায় ২০ মিনিট আগে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছিল।

এদিকে, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপি বিক্ষোভ-মিছিল করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুশফিক ও জাকেরের তুলনা নিয়ে শান্তর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ এম


মুশফিক ও জাকেরের তুলনা নিয়ে শান্তর মন্তব্য

মুশফিকুর রহিম সম্প্রতি অফ ফর্মে রয়েছেন। শেষ ১১ ইনিংসে তিনি মাত্র একটি ফিফটি করেছেন। তবুও, বাংলাদেশ দলের অধিনায়ক তার ওপর পূর্ণ আস্থা রাখেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে এক ঘণ্টারও বেশি সময় ক্রিজে কাটিয়েও তিনি অহেতুক বেরিয়ে এসে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। পরপর দুই ইনিংসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মুশফিকুর রহিমের বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনা।

জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে মিলিয়ে মুশফিকের রান ছিল ২২। খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল, মুশফিককে বাদ দিয়ে জাকেরকে খেলানোর সাহস দেখাতে পারত কি বাংলাদেশ?

এ বিষয়ে শান্ত বলেন, "আমরা টসে জিতে ব্যাটিং করেছি, এটাই অনেক বড় সাহসের ব্যাপার। এই ধরনের কন্ডিশনে মনে পড়ে না যে, কখনও আমরা করেছি কিনা। এটা একটা বড় সাহসের সিদ্ধান্ত। সাহসের কোনো সমস্যা নেই।"

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনার বিষয়টি বাংলাদেশ অধিনায়ক উড়িয়ে দেন। তিনি বলেন, "জাকের টেস্ট ক্রিকেটে যে কয়টা ম্যাচ খেলেছে, খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কার সঙ্গে আপনি কাকে তুলনা করছেন। আশা করি, জাকের যখন ১০০ টেস্ট খেলবে, ইনশাআল্লাহ মুশফিক ভাইয়ের চেয়েও ভালো করবে।"

শান্ত আরও জানান, "এখন পর্যন্ত মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনও যেভাবে করছেন, আমার বিশ্বাস উনার অনেক কিছু দেওয়ার বাকি আছে। দিনের পর দিন যেভাবে পরিশ্রম করে খেলেন এবং বিশেষ করে কঠিন সময়ে রান করেন। দল যখন বিপদে পড়ে, উনি বড় রান করেন বা দলের জন্য ভালো স্কোর করেন। ব্যক্তিগতভাবে আমার কোনো সংশয় নেই এবং আমি বিশ্বাস করি যে, উনি যতদিন খেলবেন দলের উপকার হবে। আর যখন জাকের আলির সুযোগ আসবে, ও সেভাবে অব্যাহত রাখবে।"

মুমিনুলকে নিয়ে শান্ত কোনো দুর্ভাবনার চিহ্ন দেখেন না। তিনি বলেন, "মুমিনুল ভাই... হ্যাঁ, অবশ্যই বাইরে একটু ভুগছেন। তবে আমাদের যে দল, উনার যে অভিজ্ঞতা, অবশ্যই এটা কাজে দেবে। উনি মানসিকভাবে খুবই শক্ত। তো আমি বিশ্বাস করি যে, এতদিন যেটা হয়নি, পরের ম্যাচে ইনশাআল্লাহ উনি ভালো কিছু করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যাপি বার্থডে তারেক রহমান, এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


হ্যাপি বার্থডে তারেক রহমান, এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ বলেন পিনো। কোনটি সঠিক, আমি জানি না। আমি অনুরোধ করছি, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন।

আমি আপনাকে ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম ১৯৬৮ সালের ২০ নভেম্বর, বুধবার। আপনার সম্পর্কে কিছু বললে অনেক কিছু বলতে হবে। তাই আজ আমি শুধু দুটি বিষয় নিয়ে আলোচনা করব।

এক.

ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনা করার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তর করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, আমি তখন রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।

২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু পদকটি গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো।

তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে যখন আপনাকে পিজি হাসপাতালে আনা হয়, তখন আমি অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। কিন্তু আমি অবাক হলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি অবাক হয়েছিলাম!

এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন আমি প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’

সেদিন উত্তর লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতানের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’

‘তাহলে বাকি ক্রাচটি কোথায়?’ প্রশ্ন করলাম আমি।

‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান।

এরপর আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনার ওপর এত শারীরিক অত্যাচার হয়েছে, সেটা আমি জানতে চাই। তিনি বলতে চাননি। আমি বললাম, ‘আপনাকে বলতেই হবে। দেশের পলিটিশিয়ানদের যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে সেটা জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সে জন্যই বলতে হবে। প্লিজ, আপনি বলুন।’

তারেক কিছুক্ষণ চুপ থাকলেন...

কয়েক সেকেন্ড পর তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা বলতে রাজি হলেন। আপনি যা বলেছিলেন, সংক্ষেপে তা হলো—

‘আমাকে সে সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে নেয়া হয়েছিল ক্যান্টনমেন্টের একটি স্থানে।’

‘আপনি কি স্থানটি চিনতে পেরেছিলেন?’ প্রশ্ন করি আমি।

তখন আপনি একটু হাসলেন। তারপর বললেন, ‘এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। চোখ বাঁধা থাকলেও বুঝতে পেরেছিলাম, আমাকে ক্যান্টনমেন্টের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার লেফট-রাইট ও আপ-ডাউন— প্রতিটি বাঁক আমার চেনা।’

তাঁর বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘আপনাকে এত নির্যাতন করল, আপনি কি খুব ব্যথা পেয়েছিলেন?’

তিনি বললেন, ‘আমি পরদিন বুঝতে পেরেছি যে, আমি আসলে কতটা আহত হয়েছি! বড় আঘাত পেলে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু পরে সেটার ব্যথা টের পাবেন। সেভাবে পরে বুঝেছি।’

এরপর ২০১২ সালে তারেক রহমানের সঙ্গে আমার আরেকবার দেখা হয়। তখন তিনি দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে থাকতেন।

সে সময় তাঁর বাড়ির পাশে একটি হোটেলের রিসেপশন রুমে মঞ্চের মতো একটি স্থানে আমি বসেছিলাম। তারেক সেই রুমে ঢুকে দুই হাত প্রসারিত করে লাফ দিয়ে মঞ্চে উঠলেন! তিনি বোঝাতে চাইলেন, এবার আর ক্রাচ নয়; তিনি পুরোপুরি সুস্থ। বললেন, ‘দেখেন শফি ভাই, এখন আমার হাতে কোনো ক্রাচ নেই।’

দুই.

এরপর যেদিন লন্ডনে তাঁর নতুন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, সেদিন তাঁর স্ত্রী জুবাইদাও তাঁর রুমে ছিলেন।

এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও কারেন্সি বিষয়ে এমএ পাস করে ১৯৫৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে লন্ডনে চলে যাই। কারণ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বাবা সাইদুর রহমানের ওপর হওয়া সরকারি ভোগান্তি ও হয়রানি দেখে বুঝেছিলাম, আগে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। এ কারণে এমএ পাস করা সত্ত্বেও পাঁচ বছরের সিএ কোর্স করেছিলাম, যেন দেশে-বিদেশে ভালো কাজ করতে পারি।

আমি ছোট বেলা থেকেই গানের ভক্ত ছিলাম। বিশেষ করে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত ও মান্না দে-র। আমার ইচ্ছা ছিল গিটার বাজানো এবং সেটা ভালোভাবে শেখা। সাংবাদিকতার প্রথম আয় দিয়ে আমি গিটার কিনেছিলাম। গিটারের ছয়টি তার, কিন্তু ঢাকায় তখন গিটার বাজানোর সময় মাত্র দুটি তার ব্যবহার করা হতো! যখন আমি রেডিওতে হাওয়াইয়ান গান শুনতাম, তখন ধ্বনি অন্য রকম লাগত। এই কৌতূহল আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিল! সেই জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাস করেও আমি দেশে ফিরে আসিনি। এরপর হাওয়াইয়ান স্টাইলে গিটার শেখার চেষ্টা করি। অর্থাৎ, আমি লন্ডনে থেকে গিয়েছিলাম হাওয়াইয়ান গিটার বাজানোর মোহে।

১৯৬৩ সালে লন্ডন থেকে ঢাকায় ফিরলাম। তখন কোনটিকে মূল পেশা হিসেবে বেছে নেব, সেটাই ছিল বড় প্রশ্ন। গান? অ্যাকাউন্টিং? লেখা?

আমি বুঝেছিলাম, আমাকে গান ছেড়ে লেখার দিকে মন দিতে হবে। লেখকসত্তাকে প্রধান করতে হবে। তাই ৩০ বছরের বেশি সময় গিটার বাজানো সত্ত্বেও লেখালেখির মতো অনিশ্চিত জীবন বেছে নিলাম। আমি তথন ইস্ট পাকিস্তানের একমাত্র ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজারও হয়েছিলাম। তখন সংগীতচর্চা ছেড়ে দিলাম। শুধু হোটেল ম্যানেজমেন্ট ও লেখালেখিতে মন দিলাম।

আমি সেদিন তারেকের বাড়িতে গিয়ে দেখলাম, একটি কীবোর্ড এবং কিছু স্টাফ নোটেশন। দেখেই বুঝতে পারলাম, এখানে কেউ পাশ্চাত্য গান শেখার চেষ্টা করছে।

তখন আমি জুবাইদাকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি কি গান গাও কিংবা পিয়ানো বাজাতে পারো?’

জুবাইদা হাসলেন এবং বললেন, ‘আমি না।’

‘তাহলে কে বাজায়?’ প্রশ্ন করলাম।

জুবাইদা লাজুক মুখে বললেন, ‘পিনো বাজায়।’

আমি আকাশ থেকে পড়লাম! কিছুক্ষণ চুপ থাকলাম।

জুবাইদা আমাকে আরও জানালেন, ‘পিনোর ছোটবেলায় পিয়ানো বাজানোর শখ ছিল। গান গাইতে ভালোবাসত। ছোটবেলায় সে শিশু একাডেমির শিশু পত্রিকায়তেও লিখতো। আমি ওর গত জন্মদিনে পিয়ানোটি উপহার দিয়েছি।’

আমার ধারণা, দেশে ফিরে তারেকের সংগীতচর্চা বন্ধ হয়ে গেছে। তবু আমি অনুরোধ করব, কর্মক্লান্ত দিনের শেষে শোবার আগে প্রতি রাতে যেন তিনি একটি গান শোনেন। আমি আরও অনুরোধ করব, বিশ্বের সর্বকালের সেরা গান জন লেননের ‘ইমাজিন’ যেন শোনেন। আর কিছুদিন আগে ইউটিউবে প্রচারিত শঙ্কর মহাদেবনের গাওয়া কাজী নজরুলের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনেন। কাজী নজরুল ইসলামের মতো আপনাকেও মানুষকে আহ্বান করতে হবে।

জনগণের প্রতি আমার অনুরোধ— তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্লিজ, আপনারা তাঁকে সময় দিন। পাঁচ বছর পর নির্বাচনে আপনারা যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত নেবেন।

আমি যখন গাজীপুরের কাশিমপুর জেলের নির্জন সেলে ছিলাম, তখন আমার একটি স্ট্রোক হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমাকে প্রথমে গাজীপুর হাসপাতালে নেয়া হয়েছিল। স্বাস্থ্যর অবনতি ঘটলে আমাকে পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেয়া হয়েছিল।

তখন আমি জেল কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, ‘এই ওয়ার্ডের তো সব বেড ভর্তি। এই ৩ নাম্বার বেড খালি ছিল কেন?’

কর্তব্যরত জেল কর্মকর্তা আমাকে বললেন, ‘আপনার আগে এই বেডে তারেক রহমান সাহেব ছিলেন। আমরা তারেক রহমানের সম্মানার্থে এই বেডে এর আগে কাউকে দেইনি।’

আমি জেনে খুশি হলাম যে, সে সময় আওয়ামী লীগের অপপ্রচার সত্ত্বেও মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে তারেককে শ্রদ্ধা করতেন। তারেক রহমান তখনও জনপ্রিয় ছিলেন।

মি. তারেক রহমান, আজ ২০ নভেম্বর আপনার জন্মদিন।

আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার জন্মতিথি পালন করুন।

জন্মদিনে সবাইকে নিয়ে ইউটিউবে শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনুন।

কারণ, আপনাকে—

‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’

এই কামনা আমাদের সবার।

ভালো থাকুন তারেক রহমান।

লেখক: দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%