০৮:৫৯ পি.এম
পাকিস্তানের নীতিনির্ধারকরা গত ২৫ বছর ধরে কৃষিসম্পদ, শিল্পের অভিজ্ঞতা, তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থানের সুবিধার কথা উল্লেখ করে আসছেন। তবে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সমৃদ্ধি যথাযথভাবে পৌঁছায়নি। প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের উন্নয়নের ব্যবধান গত এক প্রজন্মে আরো বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানে মাথাপিছু প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় মাত্র ১ দশমিক ৯ শতাংশ ছিল। এই সময়ে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৫, ভারতে ৪ দশমিক ৯ এবং ভিয়েতনামে ৫ শতাংশ।
পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) ১৯ অক্টোবর এক প্রতিবেদনে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৫ শতাংশ হতে পারে এবং মাথাপিছু আয় ১ হাজার ৮৯৬ মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবল
অন্যদিকে, আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারতে ৭ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে, বিশ্বব্যাংক তাদের অক্টোবরের প্রতিবেদনে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্য ও জ্বালানি খাতে সংস্কারের প্রশংসা করেছে, যা ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তি হতে পারে। কিন্তু এই স্থিতিশীলতার সুফল পেতে হলে দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।
২০২৬ সালের জুনে প্রকাশিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানে জিডিপির মাত্র ১৪ দশমিক ৩৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের কারণে ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হচ্ছে না।
বিনিয়োগকারীদের আস্থাহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাব পাকিস্তানের অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ব্যবসার খরচ বৃদ্ধি করছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার অমিলের কারণে মানবসম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা, যা ২০২৫ সালে ২৫ কোটি ২০ লাখে পৌঁছেছে (বার্ষিক বৃদ্ধির হার ২ দশমিক ০৭ শতাংশ)।
অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তান সরকারকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। রপ্তানি খাতে সম্ভাবনাময় শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া, পণ্য ছাড়করণের সময় কমানো এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন: এনভিডিয়ার জেনসেনের সঙ্গে চীনা নারীর প্রেম মেনে নিয়েছেন স্বামী
এছাড়া, জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সঠিক নীতি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানও বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন