১১:১২ এম
নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। এই ঘটনার একটি ৪১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় স্টেশনের প্ল্যাটফর্মে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময়ের দৃশ্য ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যুবক স্টেশনের প্ল্যাটফর্মে বিভিন্ন স্থানে ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরাচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবক দাঁড়িয়ে ছিল। আগুন দেওয়ার পরপরই দুজনকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেলস্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে।
আরও পড়ুন: ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র খুন
বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম জানিয়েছেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়েছে। পরে দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে পালিয়ে যায়। বন্ধ থাকা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাতলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরো তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন