ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে


কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করবে। এর ফলে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। নতুন রুটে ট্রেনটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। তবে, কুমিরা স্টেশনে এ যাত্রাপথে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে এ সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

অন্যদিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।

ট্রেনটিতে যাত্রীদের জন্য শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। ফলে বিভিন্ন শ্রেণির যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী আসন বেছে নিতে পারবেন। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী ছাড়াও নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করছে। অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।

রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন থাকবে। ট্রেনটির চলাচলের সময় প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট। তবে সংশ্লিষ্ট কর্মীদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন ও কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে অন্য ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: টানা ৫মবার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা

মোহাম্মদ সফিকুর রহমান জানান, নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না। তাই সেখানকার যাত্রীদের বিকল্প ট্রেন বা পরিবহন ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন নিয়মিত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের পদের জন্য সারজিসের পা চাটছেন সাদ্দাম-ইনান: রাশেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ছাত্রলীগের পদের জন্য সারজিসের পা চাটছেন সাদ্দাম-ইনান: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কঠোর ভাষায় সমালোচনা করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে তার ভূমিকা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কর্মকাণ্ডের বিষয়ে একাধিক অভিযোগ উত্থাপন করেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একটি পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে! শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে?’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সারজিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তিনি মন্তব্য করেন, ‘গণঅভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির ইস্ত্রির ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ২০১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি!’

২০১৮ সালের পর শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খান আরও বলেন, ‘আচ্ছা, ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যখন শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মার খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে!’

জুলাই গণঅভ্যুত্থানের পর সারজিস আলমের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ তুলে ধরেন রাশেদ খান। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জুলাইয়ের গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ছুটিকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, ছুটির সময়ে ক্যাম্পাসে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন বলেন, ‘আগামীকাল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রবেশপথগুলোতে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধসংক্রান্ত ব্যানার টাঙানো হবে। পাশাপাশি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। ছুটির সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, তাদের অধিকার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একত্রিতভাবে কাজ করতে হবে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার জন্য রাষ্ট্রপতি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, খুব শিগগিরই তাদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সম্পদ পাচার করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল। বর্তমান সরকার সেই ধ্বংসস্তুপ থেকে পুনর্গঠনের কাজ শুরু করেছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোনার মানুষ সম্মিলনে রাষ্ট্রপতি এ কথা বলেন। এ সময় তিনি ‘অভিবাসন দশক’ ঘোষণার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মধ্যসত্ত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরে প্রবাসীরা ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে রাষ্ট্র তাদেরকে দক্ষ শ্রমশক্তি হিসেবে তৈরি করতে পারেনি, ফলে অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

মির্জা ফখরুল যোগ করেন, কাজের অভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে তরুণরা প্রাণহানিসহ বহুমাত্রিক ঝুঁকিতে পড়ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ ওষুধ নিতে আগ্রহী কেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ ওষুধ নিতে আগ্রহী কেনিয়া

কেনিয়া বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সংগ্রহের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে তৃতীয় দফা পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) এই তথ্য জানানো হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি অনুবিভাগের সচিব ড. নজরুল ইসলাম। অন্যদিকে, কেনিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়াবলির মহাপরিচালক (সচিব) রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।

এ সময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, সুনীল অর্থনীতিতে সহযোগিতা, চুক্তিভিত্তিক কৃষি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়।

বাংলাদেশ ওষুধশিল্প, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে নিজেদের সক্ষমতা তুলে ধরে। কেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সংগ্রহের আগ্রহ প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে কেনিয়ায় আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে, কেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশে উচ্চমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাব করা হয়। এছাড়া শিগগিরই ঢাকায় দূতাবাস স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

জাতিসংঘ, কমনওয়েলথ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইওআরএ)-তে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে চতুর্থ দফা পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা ২০২৮ সালের অক্টোবর মাসে নাইরোবিতে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%