০১:৩২ এম
চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এমএইচ গ্রুপ (ইলিয়াছ ব্রাদার্স)’ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের স্বাক্ষরিত একটি জরুরি প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কিছু দুষ্কৃতকারী আকস্মিকভাবে খাতুনগঞ্জের এমএইচ গ্রুপের (ইলিয়াছ ব্রাদার্স) অফিসে ভাঙচুর করে এবং নৈরাজ্য সৃষ্টি করে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংগঠনটি ভবিষ্যতে এ ধরনের মব, লুটপাট, বিশৃঙ্খলা ও অরাজকতামূলক তৎপরতা বরদাশত না করার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির
এদিকে, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, খাতুনগঞ্জ একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এই ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ইলিয়াছ ব্রাদার্সের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তানজিল ইসলাম ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করে, যাঁরা মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন