০৫:৫৪ পি.এম
নতুন ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণা সাধারণত বিশাল ব্যয়, সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং ব্যয়বহুল বিদেশী সফটওয়্যারের ওপর নির্ভরশীল। এই দীর্ঘদিনের প্রচলিত ধারণায় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যার ‘ডনডক’ (DawnDock) তৈরি করেছেন বাংলাদেশি গবেষক এসকে ফয়সাল আহমেদ। তিনি ‘ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী। উদ্ভাবিত এই সফটওয়্যারটি নির্ভুলতার পরীক্ষায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সফটওয়্যার ‘পাইরেক্স’-কেও (PyRx) ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড ‘অ্যাস্টেক্স ডাইভার্স সেট’-এ পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, ডনডকে যুক্ত নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক জিনিনা (GNINA) ইঞ্জিনের ডকিং নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। একই পরীক্ষায় পাইরেক্সে ব্যবহৃত প্রচলিত ‘অটোডক ভিনা’ ইঞ্জিনের নির্ভুলতা ৫২ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে।
নতুন কোনো ওষুধ তৈরির প্রক্রিয়ার শুরুতে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়, রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে কোন রাসায়নিক অণু কার্যকরভাবে যুক্ত হতে পারে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘মলিকিউলার ডকিং’। এই ধাপটি গবেষণার সময় ও খরচ বহুলাংশে কমিয়ে দেয়, যা সরাসরি রাসায়নিক পরীক্ষার আগে করা হয়।
আরও পড়ুন: রহিমআফরোজ ব্যাটারিজের ডিলার সম্মেলন ২০২৬, আলোচনা ও সম্মাননা প্রদান
পাইরেক্স সফটওয়্যারে প্রোটিন প্রস্তুতি এবং ডকিংয়ের ফলাফল বিশ্লেষণের জন্য গবেষকদের প্রায়ই একাধিক পৃথক সফটওয়্যারের সাহায্য নিতে হয়। তবে ডনডক পাঁচটির বেশি ডকিং ইঞ্জিন যুক্ত থাকায় প্রোটিন প্রস্তুত করা, সম্ভাব্য সংযুক্তি বিশ্লেষণ এবং ওষুধের কার্যকারিতা যাচাইয়ের সব কাজ একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা সম্ভব। এছাড়া, ডকিংয়ের পর প্রোটিন ও রাসায়নিক অণুর মধ্যকার সাত ধরনের রাসায়নিক মিথস্ক্রিয়াও নিখুঁতভাবে বিশ্লেষণ করা যায়।
মলিকিউলার ডকিংয়ের সাফল্য নির্ভর করে প্রোটিনের নির্দিষ্ট সংযুক্তিস্থল বা ‘বাইন্ডিং পকেট’ সঠিকভাবে শনাক্ত করার ওপর। প্রচলিত পাইরেক্স সফটওয়্যারে ব্যবহারকারীকে অনেক ক্ষেত্রে নিজেই প্রোটিনের গ্রিড বক্স বা নির্দিষ্ট অংশ নির্বাচন করে দিতে হয়, যা সময়সাপেক্ষ ও ত্রুটিপূর্ণ হতে পারে। বিপরীতে, ডনডক ৯৮ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সঠিক বাইন্ডিং পকেট শনাক্ত করতে সক্ষম বলে নির্মাতারা জানিয়েছেন।
ডনডকের এই উদ্ভাবন বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ থেকে ওষুধ আবিষ্কারের পথকেও সুগম করেছে। এর আগে একই গবেষক দল দেশের সাত শতাধিক ঔষধি উদ্ভিদের প্রায় ৬৩ হাজার ৯০০টি রাসায়নিক উপাদানের (ফাইটোকেমিক্যাল) তথ্য নিয়ে তৈরি করেছিল ‘বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস ফাইটোকেমিক্যালস ডেটাবেজ’ (বিএমপিপিডি)। এখন গবেষকেরা সেই ডেটাবেজের উপাদানগুলো সরাসরি ডনডকের মাধ্যমে বিশ্লেষণ করে দেখতে পারবেন, দেশীয় কোনো উদ্ভিদের উপাদান ক্যানসারসহ জটিল রোগের প্রোটিন প্রতিরোধে সক্ষম কি না।
উদ্ভাবনটির পেছনের দর্শন তুলে ধরে এসকে ফয়সাল আহমেদ বলেন, ‘বিজ্ঞান কোনো নির্দিষ্ট দেশ বা অভিজাত গবেষণাগারের চার দেয়ালে বন্দী থাকতে পারে না। এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমরা চেয়েছি, দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীও যেন নিজের কম্পিউটারে বসে আন্তর্জাতিক মানের ওষুধ আবিষ্কারবিষয়ক গবেষণার প্রাথমিক কাজ করতে পারেন। সেই স্বপ্ন থেকেই ডনডকের জন্ম। সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগও সেই চিন্তারই অংশ।’
আরও পড়ুন: গ্রামীণফোন কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্সে গোল্ড পুরস্কার অর্জন করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন